কিছুকাল আগে যে ঢাকা ছিল জীর্ণতায় মোড়া, তার ওপর এখন ছুটে যায় চকচকে মেট্রোরেল। তবু তার নিচে থামেনি রিকশার চাকা, ফুটপাত ধরে হাঁটে অজস্র পা জীবিকার সন্ধানে। উঁচু ভবন, শপিং কমপ্লেক্স আর ফ্লাইওভারের দৃশ্যের পাশে শ্রমজীবী মানুষের দিনযাপনের ছবি নতুন করে সামনে আনে এক পুরোনো প্রশ্ন: পরিবর্তনের দৃশ্যমান আয়োজন আর মানুষের মুক্তির অভিজ্ঞতার দূরত্ব কতখানি?
এই প্রশ্নের সূত্র ধরে ফিরে তাকানো যায় ইতিহাসের একটি অনাবৃত বুক ও পিঠের দিকে। সেখানে লেখা ছিল দুটি দাবি—‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’। নূর হোসেনের শরীরে লেখা কথাগুলো আশির দশকের সমাজের প্রতিটি স্তরে এক সামরিক জান্তার নির্মম স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও এর সমকালীন গুরুত্ব অপরিসীম। শুধু শাসকের পতনে কি মুক্তি আসে, যদি কাঠামো থেকে যায় অটুট? আমাদের সাম্প্রতিক ইতিহাসের ভাষ্য কি এর চেয়ে ভিন্ন কিছু?
প্রায় দেড় দশক আগে শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সময় এই প্রশ্নগুলোই আমাদের তাড়িত করেছিল। সেই অন্বেষণের শুরুতে পরিচিত ছবিটির বাইরে মানুষটিকে খুঁজতে গিয়ে ফিরে যেতে হয়েছিল তাঁর পরিবার, জীবিকা ও রাজনৈতিক হয়ে ওঠার দিনগুলোয়।
বনগ্রামের ঘর থেকে মুক্তির স্বপ্ন
নূর হোসেনের জীবনকথার শুরু পুরান ঢাকার বনগ্রামে, একটি দরিদ্র পরিবারের ঘরে। বাবা মজিবুর রহমানের ট্যাক্সি চালানোর আয়ে চলত সংসার। অতি সংকীর্ণ স্থানে পরিবারের সবার সঙ্গে বসবাস তাঁর। দৈনন্দিন প্রয়োজন মেটানোর চাপে সম্পন্ন হয় না উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা। তাঁর গল্পে তাই রাজনৈতিক মুক্তির আগেই আসে ব্যক্তিগত চাওয়াপাওয়ার প্রশ্ন—একটু জায়গা, পড়ার সুযোগ, ভালোভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। মা–বাবার সঙ্গে এ নিয়ে তাই লেগে থাকত অনুযোগ প্রত্যহ।
একদিন ঘরের এই আবদ্ধ দৈন্যতা ছাড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নূর হোসেন। বেশি দূর নয়, বনগ্রাম থেকে মতিঝিল—এই তো কয়েক কদমের পথ। শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়। অবিরত কাজের সন্ধান, বন্ধুর পরামর্শে গাড়ি চালানো শেখা এবং পরিবহনশ্রমিক হিসেবে জীবিকা শুরুর মধ্য দিয়ে জীবনের আরেক সংগ্রামের মুখোমুখি তিনি এখন। সেই সূত্রে অভাব আর অন্ধকার কানাগলি ছেড়ে নূর হোসেন যুক্ত হন বৃহত্তর ঢাকার সঙ্গে। শহরের সেই প্রশস্ত রাস্তা কিন্তু শান্ত নয়। যানবাহনের শব্দ ছাপিয়ে ক্ষণে ক্ষণে কানে আসে তাঁর মিছিলের স্লোগান। সময় তখন অগ্নিগর্ভ। ১৯৮০–এর দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের জাঁতাকলে মানুষের জীবনে ওঠে নাভিশ্বাস। রাষ্ট্রীয় মদদে চলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, কৃষকের ভূমি লুট, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, প্রশাসনের সামরিকায়ন, এবং সর্বোপরি রাজনীতির দুর্বৃত্তায়ন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে বারবার কঠোরভাবে দমনের চেষ্টা করে সামরিক জান্তা। কিন্তু এতে ক্ষান্ত দেয় না জনতা কিছুতেই।
ক্ষণে ক্ষণে ডাক আসে লড়াইয়ের, মানুষ সাড়া দেয় তাতে। মতিঝিলে বাস করা নূর হোসেনও উপেক্ষা করতে পারেন না সংঘাতমুখর সচেতন রাজনীতির এই টান। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার ব্যক্তিগত স্বপ্ন ক্রমেই মিশে যেতে থাকে স্বদেশকে আমূল পাল্টে দেওয়ার পুরো আকাঙ্ক্ষায়। এর মধ্যে একদিন রচিত হয় ভিন্ন ইতিহাস।
১০ নভেম্বরের খুন ঝরা সকাল
১৯৮৭ সালের ১০ নভেম্বর। এরশাদবিরোধী আন্দোলনে বিরোধী জোটগুলোর ঢাকা অবরোধ কর্মসূচি ঘিরে সেদিন উত্তাল রাজধানী। স্বজনদের আহ্বান উপেক্ষা করে জিরো পয়েন্টের কাছে সচিবালয়কেন্দ্রিক বিক্ষোভের মধ্যে মিছিলে যোগ দেন নূর হোসেন। কিন্তু সেদিন রাজপথে তাঁর উপস্থিতি ছিল কিছুটা বেশি উজ্জ্বল। সারা রাত তাঁর শরীরে আগলে রাখা স্লোগান সকালের সূর্যস্নানে জ্বলজ্বল করে ওঠে। বুকে স্বৈরাচারের প্রত্যাখ্যান, পিঠে গণতন্ত্রের মুক্তির দাবি।
হাজার মানুষের মাঝে নূর হোসেনের দীপ্ত ভঙ্গিমা সেদিন অনিবার্যভাবেই লক্ষ্যে পরিণত হয় ঘাতক বুলেটের। জিপিওর সামনে জিরো পয়েন্টে তাঁর জীবন থমকে যায় পুলিশের গুলিতে। এরপর তাঁকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশের ভ্যান, মৃত্যুই ছিল যার শেষ পরিণতি। কিন্তু তাঁর উদোম শরীরে মুদ্রিত দাবির দ্যোতনা ইতিমধ্যে ছড়িয়ে পড়ে রাজধানী ছাড়িয়ে সারা দেশের প্রতিটি হৃদয়ে। নূর হোসেনের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিতে এমন এক দৃশ্য হয়ে গেঁথে থাকে, যেখানে সাধারণ রাষ্ট্রীয় দমনের বিপরীতে জ্বলজ্বল করে জনতার প্রত্যয়।
১৯৮০–এর দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের জাঁতাকলে মানুষের জীবনে ওঠে নাভিশ্বাস। রাষ্ট্রীয় মদদে চলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, কৃষকের ভূমি লুট, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, প্রশাসনের সামরিকায়ন এবং সর্বোপরি রাজনীতির দুর্বৃত্তায়ন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে বারবার কঠোরভাবে দমনের চেষ্টা করে সামরিক জান্তা। কিন্তু এতে ক্ষান্ত দেয় না জনতা কিছুতেই।শরীর যখন প্রতিবাদের ক্যানভাস
কেন সেদিন পুলিশের লক্ষ্যবস্তু হলেন নূর হোসেন? নির্মোহভাবে দেখলে বোঝা যায়, সেদিন তাঁর প্রতিবাদের ভঙ্গিতে ছিল এক স্বতন্ত্র শিল্পভাষা। তিনি কেবল একটি দাবিকে বহন করেননি; নিজের শরীরকে করেছিলেন তার জমিন। দেয়ালে লেখা স্লোগান স্থির থাকে। বুক-পিঠে লিখলে সেটি ওঠানামা করে নিশ্বাসের ছন্দে, এগিয়ে যায় মিছিলের গন্তব্যে। ফলে বক্তব্য ও বক্তব্যের বাহককে আলাদা করা হয়ে পড়ে মুশকিল।
এখানে ফরাসি দার্শনিক জাঁক রাঁচিয়েরের দ্বারস্থ হতে হয়। এমন শৈল্পিক প্রতিবাদ রাজনীতি ও নন্দনতত্ত্বকে পাশাপাশি পড়ার সুযোগ করে দেয়। কে দৃশ্যমান হবেন, কার কথা শোনা যাবে এবং সাধারণ মানুষ কীভাবে নিজের উপস্থিতির জানান দেবে—এই প্রশ্নগুলো রাজনৈতিক যেমন, তেমনি শৈল্পিকও বটে। উনিশ শতকের সৃষ্টিশীল ফরাসি শ্রমিকদের আলোচনা করতে গিয়ে রাঁচিয়ের তোলেন আরেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রলেতারিয়েতের দ্বারা কি মানোত্তীর্ণ কবিতা বা শিল্প রচনা সম্ভব? নূর হোসেনের দেহগাত্রে রাজনীতির শৈল্পিক উপস্থাপন যেন তাঁর সমকালীন উত্তর।
‘বুক তার বাংলাদেশের হৃদয়’: চলচ্চিত্রের হেতু
নূর হোসেনের শৈল্পিক এই আত্মত্যাগ অনুরণিত হয়েছে বারবার বাংলাদেশের কবিতা, নাটক, ভাস্কর্য আর লেখালেখিতে। শামসুর রাহমানের ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ ও নির্মলেন্দু গুণের ‘নূর হোসেন’ কবিতার পাশাপাশি শংকর সাঁওজালের ‘জাগে লক্ষ নূর হোসেন’ নামক দুরন্ত পথনাটক তাঁর রাজনৈতিক আত্মত্যাগকে নতুন অনুভবের ভাষা দেয়। পাশাপাশি নূর হোসেন ও তাঁর পিতা মজিবুর রহমানকে নিয়ে সাবেক সাপ্তাহিক একতা সম্পাদক (বর্তমানে প্রথম আলো সম্পাদক) মতিউর রহমানের একাধিক আবেগঘন রচনাও পাদপ্রদীপের আলোয় আনে দেশমাতৃকার প্রয়োজনে তাঁর প্রাঞ্জল আত্মত্যাগ।
‘বুক তার বাংলাদেশের হৃদয়’ নামক নির্মিত চলচ্চিত্রে এই সাংস্কৃতিক প্রেরণা আমাদের নিয়ে যায় ইতিহাস অনুসন্ধানের পথে। কী হয়েছিল সেদিন, কেন হয়েছিল, কারা দায়ী, কাদের সহযোগিতা ছিল নূর হোসেনের গণতন্ত্রের এই তীর্থযাত্রায়? “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” শানিত এই স্লোগানের পেছনে থাকা জীবনকে বুঝতে কবিতা ও স্মৃতিচারণার পাশাপাশি প্রয়োজন হয় দলিল, সাক্ষ্য এবং ঘটনার সঙ্গে যুক্ত মানুষের অভিজ্ঞতা।তাই চলচ্চিত্রের ক্যানভাসে এই অগ্নিপুরুষকে তুলে ধরার প্রেরণা জোরালো হয় লেখক এবং সহযোদ্ধা হাসান আবিদুর রেজা জুয়েলের। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ নামক নির্মিত চলচ্চিত্রে এই সাংস্কৃতিক প্রেরণা আমাদের নিয়ে যায় ইতিহাস অনুসন্ধানের পথে। কী হয়েছিল সেদিন, কেন হয়েছিল, কারা দায়ী, কাদের সহযোগিতা ছিল নূর হোসেনের গণতন্ত্রের এই তীর্থযাত্রায়? “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” শানিত এই স্লোগানের পেছনে থাকা জীবনকে বুঝতে কবিতা ও স্মৃতিচারণার পাশাপাশি প্রয়োজন হয় দলিল, সাক্ষ্য এবং ঘটনার সঙ্গে যুক্ত মানুষের অভিজ্ঞতা।
আর্কাইভ থেকে অলিগলি: নির্মাণের নেপথ্যে
নূর হোসেনের মৃত্যুর প্রায় দুই দশক পরে অগ্রজ সহযোদ্ধা ও শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আমার কাঁধে দিয়েছিলেন নূর হোসেনকে নিয়ে নির্মাণের এই গুরুভার। ইতিহাসের পাতায় নূর হোসেনকে খুঁজতে গিয়ে লাইব্রেরি কিংবা পত্রিকার আর্কাইভ থেকে শুরু করে চষে বেড়াতে হয়েছে ঢাকা শহরের অলিগলি। এক সূত্র থেকে আরেক সূত্রে ছুটেছিল আমাদের গবেষণা টিম। মনে আছে, গবেষণায় যুক্ত ছিলেন কবি-সম্পাদক সাখাওয়াত টিপু, সাংবাদিক মিল্টন আনোয়ার এবং অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক নাসিমুল খবির ডিউক, শিল্পী জাফর ইকবাল জুয়েল, এস এম সাইফুল ইসলামসহ আরও অনেকেই।
দৈনিক ইত্তেফাক তাদের আর্কাইভ থেকে বের করে দিয়েছিল ১০ নভেম্বরের কড়কড়ে পত্রিকা, সাপ্তাহিক একতাও খুলে দেয় তাদের মহাফেজখানার ভান্ডার। সাংবাদিক নূরুল কবীর, আতাউস সামাদ এবং আমাদের মতি ভাইয়ের (প্রথম আলো সম্পাদক মতিউর রহমান) অংশগ্রহণ পুরো উদ্যোগকে করে ক্ষুরধার। ফটোগ্রাফার পাভেল রহমান এবং রশিদ তালুকদার দিয়েছিলেন পূর্ণ সহযোগিতা।
শিল্পী রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, কবি নির্মলেন্দু গুণ, মোহাম্মদ রফিক, তাত্ত্বিক বদরুদ্দীন উমর, সিরাজুল ইসলাম চৌধুরীর পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক ও ছাত্রনেতাদের সবাই তাঁদের মূল্যবান সময় এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন। নাট্যজন শঙ্কর সাওজাল আর সুহৃদ মূকাভিনেতা দেবাংশু হোরের কথা না বললেই নয়। আর সবার কেন্দ্রে ছিল নূর হোসেন পরিবার এবং ১০ নভেম্বরের সঙ্গে যুক্ত অন্যরা। নূর হোসেন যে বাঙালির রাজনৈতিক-সাংস্কৃতিক মননে কতটা গভীরভাবে প্রোথিত, এই তালিকা থেকে সেটি অনুমেয়।
গবেষণার লক্ষ্য শুধু তাঁর জীবনের ঘটনাক্রম বা শেষ দিনটি তুলে ধরা ছিল না। অনুসন্ধানের অন্তর্গত ছিল নব্বই–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় কতখানি পূরণ হয়েছে নূর হোসেনের উত্থাপিত দাবি। নির্মাণের প্রায় দেড় দশক পরও এখনো সেই অনুসন্ধানের প্রশ্নগুলো ফুরোয়নি।
নূর হোসেনের স্মৃতিকে ঘিরে সবচেয়ে কঠিন প্রশ্নটি শুধু অতীতের নয়। একজন স্বৈরশাসকের পতন আর মানুষের পরিপূর্ণ মুক্তি কি একই ঘটনা? যে মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, তাঁর স্বপ্নকে কি কেবল ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ রাখা যায়? আবার এ কি শুধু ব্যক্তি নূর হোসেনের মুক্তি নাকি তাঁর সমস্ত শ্রেণির?ক্ষমতার বদল, মুক্তির প্রশ্ন
নূর হোসেনের স্মৃতিকে ঘিরে সবচেয়ে কঠিন প্রশ্নটি শুধু অতীতের নয়। একজন স্বৈরশাসকের পতন আর মানুষের পরিপূর্ণ মুক্তি কি একই ঘটনা? যে মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, তাঁর স্বপ্নকে কি কেবল ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ রাখা যায়? আবার এ কি শুধু ব্যক্তি নূর হোসেনের মুক্তি নাকি তাঁর সমস্ত শ্রেণির?
স্মরণ যদি কেবল একটি সাহসী মৃত্যুর বর্ণনায় থামে, তাহলে আড়ালে পড়ে যায় শহীদের আকাঙ্ক্ষা। কারখানার শ্রমিকের নিরাপত্তা, কৃষকের ফসলের নিশ্চয়তা, শিক্ষার্থীর ভবিষ্যৎ কিংবা নাগরিকের কথা বলার অধিকার—এসব ছাড়া মুক্তির বুলি কেবলই ফাঁকা আওয়াজ। উন্নয়নকে অস্বীকার না করেও প্রশ্ন করা জরুরি যে এর সুফল পৌঁছায় কার কাছে। অবকাঠামোর অগ্রগতিকে মানুষের মর্যাদার অগ্রগতির সঙ্গে মিলিয়ে না দেখলে গণতন্ত্রের আলোচনা হয়ে পড়ে শূন্যগর্ভ। নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা এ অসমাপ্ত প্রশ্নগুলোতেই। আর প্রশ্ন করার সাহস পাওয়া স্বয়ং নূর হোসেনের কাছ থেকেই।
১. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ (চলচ্চিত্র) ২০১২, পরিচালক: মঈনুল শাওন ও হাসান আবিদুর রেজা জুয়েল।
২. ‘শহীদ নূর হোসেন’ মতিউর রহমান এবং শামসুর রাহমান, ২০১৩ (১৯৯০), প্রথমা প্রকাশন।
৩. Ranciere, J. 2004 (2000). The Politics of Aesthetics, Gabriel Rockhill (trans.), New York, Continuum. Rancière, J. (2012)
৪. Proletarian nights: the workers' dream in nineteenth-century France. Translated by J. Drury. London: Verso.
সাংবাদিক, চলচ্চিত্রকার ও শিক্ষক
সূত্র: প্রথম আলো