বর্তমান সময়ে ধর্মীয় আলোচনায় বা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শায়খ’ বহুল ব্যবহৃত একটি উপাধি। সাধারণত যেকোনো ইসলামি বক্তা, আলেম বা ধার্মিক ব্যক্তিকে সম্মান করে আমরা ‘শায়খ’ বলে সম্বোধন করি।
কিন্তু আরবি ভাষা, ইসলামি পরিভাষা এবং আরব সংস্কৃতির গভীরে এই শব্দটির সুনির্দিষ্ট ও তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। সবাইকেই কি শায়খ বলা যায়, নাকি এর জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগে? ‘শায়খ’ শব্দটির প্রকৃত পরিচয় তুলে ধরা হলো।
আরবি অভিধান অনুযায়ী ‘শায়খ’ বা ‘শাইখ’ শব্দের মূল অর্থ হলো বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ ব্যক্তি। আরবি অভিধান প্রণেতা ইবনে মানজুর লিখেছেন, ‘শায়খ বলা হয় ওই ব্যক্তিকে, যাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে এবং চুলে পাক ধরেছে।’ (ইবনে মানজুর, লিসানুল আরব, ৩/৩৩, দারু সাদির, বৈরুত, ২০১৪)।
পবিত্র কোরআনেও শব্দটি বয়সের প্রবীণত্ব বোঝাতেই ব্যবহৃত হয়েছে। মিসর থেকে পালিয়ে মুসা (আ.) মাদায়েন পৌঁছলে নবী শোআইবের কন্যারা তাঁদের পিতার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘ওয়া আবুনা শাইখুন কাবির’ (আর আমাদের পিতা একজন বয়োবৃদ্ধ)। (সুরা কাসাস, আয়াত: ২৩)
একইভাবে নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা যখন মেহমান হয়ে আসেন এবং তাঁকে ও তাঁর স্ত্রী সারাহ সন্তান জন্মদানের সুসংবাদ দেন, তখন সারাহ বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘কী আশ্চর্য, এই বার্ধক্যে সন্তানের জননী হব আমি, যখন আমার এই স্বামীও বৃদ্ধ (শায়খ)!’ (সুরা হুদ, আয়াত: ৭২)
প্রাচীন ইসলামি শিক্ষাব্যবস্থায় হাদিসবেত্তা ও ফকিহদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিল করে শুধু জ্ঞানের গভীরতার কারণেও তাঁদের শায়খ উপাধি দেওয়া হতো।ইসলামি জ্ঞানের মানদণ্ডে ‘শায়খ’ ইসলামি জ্ঞানবিজ্ঞানে ‘শায়খ’ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি কোরআন, হাদিস ও ফিকহে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। ইলমুল হাদিসের পরিভাষায় শায়খ হলেন এমন পরিপক্ক জ্ঞানের অধিকারী , যাঁর কাছ থেকে হাদিস শোনা ও বর্ণনা করা হয়। (আল-আসকালানি, নুজহাতুন নজর ফি তাওদিহি নুখবাতিল ফিকার, পৃ. ৪২, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ২০০০)
প্রাচীন ইসলামি শিক্ষাব্যবস্থায় হাদিসবেত্তা ও ফকিহদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিল করে শুধু জ্ঞানের গভীরতার কারণেও তাঁদের শায়খ উপাধি দেওয়া হতো।
যেমন—ইমাম ইবনে তাইমিয়া, ইমাম নববি কিংবা ইবনে হাজার আসকালানিকে তাঁদের বিপুল পাণ্ডিত্যের কারণে ‘শাইখুল ইসলাম’ বলা হতো। (আস-সাখাবি, আল-জাওয়াহির ওয়াদ-দুরার ফি তারজামাতি শাইখিল ইসলাম ইবনি হাজার, ১/২২, দারু ইবনে হাজম, বৈরুত, ১৯৯৯)
আরব সমাজ ও সংস্কৃতিতে ‘শায়খ’আরব দেশগুলোর সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে ‘শায়খ’ শব্দটি গোত্রপ্রধান বা নেতার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সমাজবিজ্ঞানী ইবনে খালদুন আরবের বেদুইন সমাজকাঠামো আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন, গোত্রের সবচেয়ে প্রজ্ঞাবান, বয়োজ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাকে ‘শায়খ’ বলা হয়। (ইবনে খালদুন, আল-মুকাদ্দিমাহ, পৃ. ১২০, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৩)
বর্তমান উপসাগরীয় দেশগুলোতে (যেমন—সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত) রাজপরিবারের সদস্য বা সম্পদশালী সমাজপতিদের নামের শুরুতে সম্মানসূচক উপাধি হিসেবে ‘শায়খ’ যুক্ত করতে দেখা যায়।
এখানে ধর্মের চেয়ে আভিজাত্য ও সামাজিক প্রভাব বেশি প্রাধান্য পায়।
আধ্যাত্মিক পরিসরে ‘শায়খ’
সুফিবাদের পরিভাষায় শায়খ শব্দটির একটি বিশেষ অর্থ রয়েছে। এখানে শায়খ হলেন ‘মুরশিদ’ বা আধ্যাত্মিক পথপ্রদর্শক। ইমাম গাজালি বলেন, ‘মুরিদ বা শিষ্যের জন্য একজন শায়খ (পথপ্রদর্শক) থাকা অপরিহার্য, যিনি তাকে কুপ্রবৃত্তি থেকে বের করে আল্লাহর পরিচয়ের পথ দেখাবেন।’ (আল-গাজালি, ইহয়াউ উলুমিদ্দিন, ৩/৬৫, দারুল মা‘রিফাহ, বৈরুত, ১৯৮২)
বর্তমান সময়ের ব্যবহার ও সতর্কতা
আমাদের সমাজে এখন ‘শায়খ’ শব্দটি অনেকটা পশ্চিমা ‘স্যার’ বা ‘মিস্টার’-এর মতো একটি সাধারণ সম্মানসূচক সম্বোধনে পরিণত হয়েছে। যেকোনো ধর্মীয় বক্তাকেই শায়খ বলা হয়।
কাউকে সম্মান করে ডাকা দোষণীয় নয়, তবে যিনি আনুষ্ঠানিকভাবে ধর্মীয় জ্ঞান অর্জন করেননি এবং যাঁর গভীর পাণ্ডিত্য নেই, তাঁকে প্রাতিষ্ঠানিক অর্থে ‘শায়খ’ বলে প্রতিষ্ঠিত করা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
ইমাম শাতিবি সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞানে পরিপক্বতা লাভ করেনি, তার কাছ থেকে ‘ইলম’ গ্রহণ করা যাবে না...। আর পরিপক্বতার প্রধান লক্ষণ, তিনি এমন ব্যক্তি হন যাঁকে বিজ্ঞ শায়খগণ সেই জ্ঞানে গড়ে তুলেছেন... কারণ যে ব্যক্তি যোগ্য মনীষীদের কাছ থেকে ইলম গ্রহণ করেনি, সে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না এবং প্রচুর ভুলের মধ্যে পতিত হয়। (আশ-শাতিবি, আল-মুওয়াফাকাত ফি উসুলিশ শারিয়াহ, ৪/১০৬, দারুল মা‘রিফাহ, বৈরুত, ১৯৯৭)
কারণ, সাধারণ মানুষ একজন শায়খের কথাকে ইসলামের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করে।
বয়স, সামাজিক মর্যাদা, গভীর ধর্মীয় জ্ঞান অথবা আধ্যাত্মিক প্রজ্ঞা—এই চারটির যেকোনো একটির পূর্ণতা যাঁদের মাঝে থাকে, আরবি ভাষা ও ইসলামি ঐতিহ্যে মূলত তাঁরাই হলেন প্রকৃত ‘শায়খ’।
এহসান সিরাজ : আলেম ও লেখক
সূত্র: প্রথম আলো