শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। আজ মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
.মোতায়েনকৃত বিজিবির মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও কাছাকাছি এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
.শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। কোথাও কোথাও পুলিশ ও বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
এ অবস্থায় ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে সরকার। গত বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।
.গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। গেজেট প্রকাশ হয়েছিল ২০২৩ সালের ১২ নভেম্বর, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। এর আগে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো