রিকশায় চড়ার সময় শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু নেই। তাই সাবধান থাকা জরুরি।
রাজধানীর বনশ্রীতে সকালের ব্যস্ত সড়ক। ছেলে ইলহামকে নিয়ে স্কুলের সামনে রিকশা থেকে নামলেন সোনিয়া আক্তার। নেমেই ছেলের এক হাত ধরে দ্রুত রাস্তার পাশের ফুটপাতে নিয়ে গেলেন। বারবার পেছনে তাকাচ্ছিলেন। মনে একটাই ভয়, পেছন থেকে কখন কোন রিকশা এসে ধাক্কা দেয়! শিশুকে নিয়ে রাস্তায় চলাচলের সময় এমন উদ্বেগের অভিজ্ঞতা এখন অনেক অভিভাবকেরই। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার কারণে এ দুশ্চিন্তা আরও বেড়েছে।
সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, সন্তানকে নিয়ে রিকশায় চলাচলের সময় পুরো পথই সতর্ক থাকতে হয়। তিনি বলেন, ‘শিশুদের নিয়ে বাইরে বের হলে সব সময় একটা দুশ্চিন্তা কাজ করে। রিকশায় বসে শিশুরা আশপাশের গাড়ি দেখতে গিয়ে কখনো একদিকে ঝুঁকে পড়ে, আবার কখনো কৌতূহলবশত হাত বাইরে বের করে দেয়। তাই আমি ছেলেকে সব সময় পুরো পথ আগলে রাখি। রিকশা চলার সময় তার দিকে আলাদা নজর রাখি। চালককেও ধীরে চালাতে বলি। কারণ, একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু নেই।’
শুধু অভিভাবকের সতর্কতাই নয়, শিশুকে নিয়ে কী ধরনের রিকশায় চলাচল করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। পায়ে টানা রিকশা এখন খুব একটা চোখে পড়ে না। যন্ত্রচালিত রিকশারও আছে বিভিন্ন ধরন। ঢাকার ওয়ারী ট্রাফিক জোনের সহকারী ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (এটিএসআই) মো. আনওয়ারুল ইসলাম বলেন, ‘চিকন চাকার অটোরিকশাগুলো তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ। এসব রিকশার গতি বেশি থাকে। হঠাৎ জোরে ব্রেক করলে ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রে এ ধরনের রিকশা এড়িয়ে চলা উচিত। অন্যদিকে মোটা চাকার অটোরিকশাগুলো তুলনামূলক ধীরগতিতে চলে এবং এগুলোর ভারসাম্যও কিছুটা ভালো থাকে। তাই শিশুদের নিয়ে যাতায়াতের সময় চিকন চাকার অটোরিকশার পরিবর্তে মোটা চাকার অটোরিকশা ব্যবহারের পরামর্শ দেব।’
ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর মো. আনওয়ারুল ইসলামের পরামর্শরিকশায় চড়ার সময় শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই বিষয়ে ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরের পরামর্শগুলো এমন—
শিশুকে একা বসতে দেবেন নাছোট শিশুকে রিকশায় একা বসিয়ে রাখা উচিত নয়। অভিভাবককে শিশুর পাশে বসে এক হাতে তাকে নিরাপদে ধরে রাখতে হবে। শিশুকে রিকশার আসনের একেবারে কোনায় বসাবেন না, তা না হলে ঝাঁকুনি বা হঠাৎ ব্রেকের সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
হাত-পা রাখুন রিকশার ভেতরেচলন্ত রিকশায় শিশুরা কৌতূহলবশত হাত, পা কিংবা মাথা বাইরে বের করতে পারে। এতে পাশ দিয়ে যাওয়া গাড়ি, মোটরসাইকেল বা অন্য রিকশার সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই শুরু থেকেই শিশুকে হাত-পা রিকশার ভেতরে রাখার অভ্যাস করাতে হবে।
ঝাঁকুনি ও হঠাৎ ব্রেকের বিষয়ে সতর্ক থাকুনরিকশা চলার সময় শিশুকে হাত দিয়ে ধরে রাখতে হবে। বিশেষ করে রাস্তার গর্ত, গতিরোধক কিংবা মোড়ে চালক হঠাৎ ব্রেক করলে শিশু সামনের দিকে ছিটকে পড়তে পারে। শিশুকে আসনের ওপর দাঁড়ানো, লাফানো কিংবা এক পাশ থেকে অন্য পাশে ঝুঁকে পড়তে দেওয়া যাবে না।
অতিরিক্ত যাত্রী নাএকটি রিকশায় আসনের তুলনায় বেশি যাত্রী উঠলে ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে শিশুর সঙ্গে অতিরিক্ত যাত্রী থাকলে বসার জায়গা সংকুচিত হয়। এতে শিশুর পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই রিকশায় যতজনের নিরাপদে বসার জায়গা আছে, তার বেশি যাত্রী নিয়ে ওঠা উচিত নয়।
রিকশার অবস্থা দেখে নিনরিকশায় ওঠার আগে আসন, চাকা, পাদানি ও ব্রেকের অবস্থা দেখে নেওয়া ভালো। আসন নড়বড়ে হলে কিংবা ব্রেক ঠিকমতো কাজ না করলে সেই রিকশায় না ওঠাই ভালো। রিকশায় ওঠার পর চালককে ধীরে ও সতর্কভাবে চালানোর অনুরোধ করতে পারেন।
নিরাপদ পথ বেছে নিনঢাকার অনেক সড়কে রিকশা চলাচলের সময় উল্টো পথে যাওয়া, যানবাহনের ফাঁক গলে দ্রুত চলা কিংবা ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দেখা যায়। এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিশুদের নিয়ে চলাচলের সময় সম্ভব হলে ব্যস্ত মোড় ও ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলা উচিত। বৃষ্টি বা পিচ্ছিল রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
এ বিষয়ে আনওয়ারুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সড়কে চলাচলের সময় নানা ধরনের অনিয়ম ও অসতর্কতা চোখে পড়ে। অনেক চালক দ্রুত গন্তব্যে পৌঁছাতে গিয়ে উল্টো পথে রিকশা চালান কিংবা যানবাহনের ফাঁক দিয়ে চলাচল করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কোনো দুর্ঘটনা ঘটলে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চালক ও যাত্রী—উভয়কেই ট্রাফিক আইন মেনে চলতে হবে।’
ওঠা ও নামার সময় বাড়তি সতর্কতাঅনেক সময় চালকেরা রাস্তার মাঝখানেই রিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করান। এতে পেছন থেকে আসা অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই রিকশা নিরাপদ পাশে থামিয়ে শিশুকে ওঠাতে ও নামাতে হবে। রিকশা পুরোপুরি থামার পর শিশুকে নামাতে হবে। নামার পর তার হাত ধরে ফুটপাত বা নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। রিকশা থেকে নেমেই শিশুকে রাস্তার দিকে দৌড়াতে দেওয়া যাবে না।
মুঠোফোনে নয়, নজর রাখুন শিশুর দিকেরিকশায় বসে অভিভাবকের মুঠোফোনে ব্যস্ত থাকা উচিত নয়। শিশুর ঘুমিয়ে পড়া, হঠাৎ নড়াচড়া কিংবা আসন থেকে পিছলে যাওয়ার মতো বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। শিশুর সঙ্গে কথা বলে তাকে বোঝাতে হবে, চলন্ত অবস্থায় হাত-পা বাইরে বের করা, দাঁড়ানো কিংবা একদিকে ঝুঁকে পড়া কেন বিপজ্জনক।
শিশুর কাছে রিকশায় চড়া হয়তো প্রতিদিনের সাধারণ যাতায়াত। কিন্তু এই ছোট্ট যাত্রায় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই অভিভাবকের সচেতনতা, চালকের দায়িত্বশীলতা এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাসই পারে শিশুর যাত্রাকে আরও নিরাপদ করতে। গন্তব্যে দ্রুত পৌঁছানোর চেয়ে শিশুকে নিরাপদে পৌঁছে দেওয়াই সবচেয়ে জরুরি।
সূত্র: প্রথম আলো