একটা পুরোনো দেয়ালের ভাঙা অংশ। বাড়িটা না থাকলেও নদীটা আছে। যেখানে ঘরটা ছিল, তার পেছন দিয়ে বয়ে গেছে সেই নদী। ঠিক যেমনটা বলতেন রবির মা। মায়ের টুকরা টুকরা স্মৃতির গল্পগুলো মুহূর্তেই জুড়ে গিয়ে জীবন্ত হয়ে উঠল। রবির কল্পনায় ভেসে উঠল তাঁর মায়ের শৈশবের চঞ্চল ছবি, ছোট্ট একটি শিশু নদীর ধারের বাগানে দৌড়ে বেড়াচ্ছে।
৩০ বছর বয়সী দামিয়্যাঁ রবি ফ্রান্সে বড় হয়েছেন। পেশায় স্কুলশিক্ষক। তাঁর মা জন্মসূত্রে বাঙালি, বাবা ফরাসি। মায়ের শৈশব কেটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের কোনো এক গ্রামে। সেই গ্রামের খোঁজে এত পথ পেরিয়ে বাংলাদেশে ছুটে আসা। কয়েক দিন আগে তিনি ঢাকা থেকে ফরিদপুর গিয়েছিলেন। ফিরে এসে প্রথম আলোকে শোনালেন সেই অভিজ্ঞতার কথা।
রবির মা গ্রাম ছেড়েছিলেন যখন একেবারে শিশু। তিন-চার বছর বয়স হবে। তবে কিছু স্মৃতি, কিছু ছবি মায়ের মনে এখনো গেঁথে আছে। ছায়াঘেরা গ্রাম, চারদিক ঘেরা বড় দোতলা বাড়ি, মাঝে খোলা উঠান, বাড়ির পেছনে নদী। গ্রামবাংলার বনেদি পরিবারের চিরায়ত ছবি। হয়তো ফরাসি ভিন্ন পরিবেশে দীর্ঘসময় থাকার কারণেই তাঁর মায়ের স্মৃতিতে এখনো এত সতেজ হয়ে আছে।
রাতের গ্রাম থাকত ঘুটঘুটে অন্ধকার। জোনাকির বিচরণের চমৎকার পরিবেশ। নিস্তব্ধ রাতে কলাপাতার ছায়াকে ভূত ভেবে ভয় পেতেন তাঁর মা। সাপের ভয়ে তটস্থ থাকতেন। একবার তাঁর নানি মাটির কলস থেকে চাল আনতে বাইরের ঘরে যান। ভয় পেয়ে প্রদীপ জ্বালিয়ে গিয়ে দেখেন, কলসের ভেতর কুণ্ডলী পাকিয়ে আছে একটা গোখরা। এ রকম আরও কিছু গল্প মা তাঁকে শুনিয়েছেন।
মায়ের আরেকটা স্মৃতি হলো, গ্রামে আলো বা বিদ্যুৎ আসা। প্রথম যেদিন বিদ্যুৎ এল, গ্রামের রাত দিনের মতো ঝলমলে হয়ে উঠল। আশ্চর্য ঘটনাই বটে।
রবির স্কুলশিক্ষক নানা
রবির নানা অমল সান্যাল ছিলেন স্কুলশিক্ষক। বামপন্থী রাজনীতিতে ছিল সান্যালের সক্রিয়তা। পরিবারের কাছেই রবি শুনেছেন, দেশভাগের পর এ দেশে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। পঞ্চাশের দশকের শুরুর দিকে একদিন পুলিশ বাড়িতে আসে নানাকে খুঁজতে। সৌভাগ্যক্রমে তিনি তখন বাড়িতে ছিলেন না। গ্রামেরই একজন খবরটা তাঁকে দিয়ে বাড়ি ফিরতে মানা করেন। গ্রেপ্তার এড়াতে তাৎক্ষণিকভাবে তিনি সীমান্ত পেরিয়ে চলে যান ভারতে। গ্রামের বাড়িতে রয়ে গেলেন সান্যালের স্ত্রী ও ছোট মেয়ে।
ভারতে নির্বাসিত জীবনে চাকরি খুঁজতে তিনি অনেক জায়গায় ঘুরেছেন, করেছেন শিক্ষকতাও। এরই মধ্যে কলকাতায় ভালো একটি চাকরি পেয়ে সেখানে বাড়ি করেন। অবশেষে ১৯৫৪ সালে পুরো পরিবারকে নিয়ে যান নিজের কাছে। এই যে তাঁর মা দেশ ছাড়লেন, আর কোনো দিন ফেরা হয়নি শৈশবের গ্রামে।
রবি জানান, রাজনৈতিক মতাদর্শ ও কার্যক্রমের জন্য তাঁর নানা তিনবার জেল খেটেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে করেছেন লড়াই। অস্ত্র হাতে নয়, কলম হাতে। অনুবাদ করেছেন রাশিয়া, চীন ও জাপানি ভাষার রাজনৈতিক বই। মায়ের মুখে শুনেছেন, বারবার জেল খাটা ও নির্যাতনের কারণে সান্যালের শরীর ভেঙে পড়ে। বাকি জীবন সেই ধকল তাঁর বয়ে বেড়াতে হয়।
রবির মতো তাঁর নানাও ছিলেন ‘বোহেমিয়ান’ স্বভাবের। তিনি একা কিংবা পরিবার নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসতেন। এমনও ঘটেছে, কোনো ব্যক্তির সঙ্গে পথে পরিচয়, এরপর বাড়িতে এনে তুলেছেন। কলকাতার বাড়িতে বসার ঘরে তাঁর নানার একটি আঁকা প্রতিকৃতি ঝোলানো ছিল। ছোটবেলায় গ্রীষ্মের ছুটিতে কলকাতায় এসে সেই ছবি দেখেই রবি তাঁর নানাকে চিনেছেন। গভীর শ্রদ্ধাভরে মা আর মামারা নানার বিভিন্ন দিক নিয়ে কথা বলতেন।
১৭ বছর বয়সে রবির মা পরিবার ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান। সেখানেই পরিচয় তাঁর বাবার সঙ্গে। বিয়ে করেন তাঁরা। দীর্ঘসময় পরিবারের সঙ্গে একরকম যোগাযোগ বিচ্ছিন্নই ছিল। কারণ, তখনো যোগাযোগের আধুনিক মাধ্যমগুলো সহজলভ্য ছিল না। উপমহাদেশে যোগাযোগ করা তো ছিল দুরূহ ব্যাপার। অবশেষে আশির দশকে পুরো পরিবার ফ্রান্সে মেয়ের কাছে বেড়াতে যায়।
কয়েক বছর পর, রবি সঠিক সময়টা বলতে পারলেন না, সম্ভবত ১৯৮৬ সালে, স্ট্রোকে তাঁর নানার মৃত্যু হয়। এ সময়টায় রবির মা তাঁর পাশে থাকতে পারেননি। এই বেদনাদায়ক অধ্যায়ই হয়তো মাকে কলকাতায় তাঁর নানির সঙ্গে সম্পর্কটা আবার গভীর করার প্রেরণা জোগায়।
নিজের অতীত নিয়ে মা কখনোই খুব বেশি কিছু বলতে চান না। সেই অতীত খুঁড়তে ছেলে আবার একা এমন এক দেশে যাচ্ছেন, যেখানে তাঁদের পরিচিত আর কেউ থাকেন না। স্বভাবতই মায়ের ভয় আর অস্বস্তি ছিল। দেশীয় মায়েদের এ ধরনের সংকোচের দিকটা ভালোই উপলব্ধি করতে পারেন রবি।
কিন্তু রবি ফরিদপুর পৌঁছে গ্রামের যত কাছাকাছি যেতে থাকলেন, তাঁর মা–ও উতলা হয়ে উঠলেন। যে মাটিতে একসময় তাঁর শৈশব কেটেছে, এত যুগ পর তাঁর ছেলে সেখানে পা রাখবে। যেন স্বপ্ন। মায়ের কাছ থেকে শোনা কিছু স্মৃতি আর না বলা হাজারো গল্পের পেছনের অব্যক্ত বেদনা রবিকে ভাবায়। একসময় তাঁর মনে হলো, মায়ের কাছাকাছি যেতে হলে মায়ের সংস্কৃতিকে জানতে হবে।
রবিও একা ঘোরেন, পথে বন্ধু বানান। পরিবার মাঝেমধ্যেই তাঁকে নানার সঙ্গে তুলনা করে। কেননা অতীতে ফ্রান্সের কিছু রাজনৈতিক সংঘে তিনি সক্রিয় ছিলেন। এসব বিষয়ও শিকড়ের সন্ধান করতে রবিকে অনুপ্রাণিত করেছে।
এত পথ পেরিয়ে বাংলাদেশে আসার নেপথ্যে রয়েছে তাঁর পরিচয়ের টানাপোড়েন। রবি ফ্রান্সে বেড়ে উঠেছেন, ফরাসি সংস্কৃতিতেই অভ্যস্ত। কিন্তু বুঝতে পারতেন, শিকড়ের আরেকটা অংশ তাঁর অজানাই রয়ে গেছে। তিনি বলেন, ‘আমি একই সঙ্গে দুটোই, আবার দুটোর কোনোটাই নই।’ তাঁর মতে, নিজের নাড়ি, নিজের সংস্কৃতিকে খুঁজে পেতেই ভারত ও বাংলাদেশে ছুটে আসা। কেননা ফরাসি সংস্কৃতিতে বড় হওয়ার কারণে নিজের পরিবারের ইতিহাস বোঝাটা তাঁর জন্য কঠিন ছিল। ফ্রান্সে তাঁর এক বন্ধু আছে, যার পরিবারের একটি শিকড় মিসরে। আত্মপরিচয় সন্ধানে তাঁর কাজও জোরালো হাওয়া দিয়েছে রবির এখানে ছুটে আসায়। এ বছর তাঁর চাকরির চুক্তি নবায়ন হয়নি। সুযোগ তৈরি হয়ে গেল। দ্রুত সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যেই তিনি বাংলাদেশে রওনা দেন।
রবি জানান, আট বছর আগেও তিনি বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। এনজিওর কাজে সেবার উত্তরবঙ্গ ও ব্রহ্মপুত্র নদের আশপাশে ঘুরেছিলেন। কিন্তু এবার আসাটা তাঁর নিজের জন্য, তাঁর মায়ের জন্য। পরিচয়ের সন্ধানে, নাড়ির টানে।
নানার রাজনৈতিক ইতিহাসের সূত্র ধরেই ঢাকায় এসে রবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তি ভবনে উপস্থিত হন। সেখানে আগে থেকে কাউকেই চিনতেন না। পরিচয় হয় দুজন নেতা-কর্মীর সঙ্গে, মঈন আর জলি। রবির মুখে তাঁর পরিবারের গল্প শুনে তাঁরা এতটাই নাড়া খেলেন যে সঙ্গে সঙ্গে ফোন করলেন ফরিদপুরের স্থানীয় নেতাদের। যোগাযোগ করিয়ে দিলেন রবির সঙ্গে। এই সূত্রে নানার অনুবাদ করা দুটি বইও খুঁজে পেলেন।
তবে পার্টি অফিস থেকে ফরিদপুর, কোথাও নানার চিঠি, ছবি বা সে–সম্পর্কিত পার্টির কোনো কাগজ পাননি। ফরিদপুরের একটি কলেজেও গিয়েছিলেন, যদি সেখানে তাঁর নানা পড়াশোনা করে থাকেন। একই উত্তর সবখানে, নথি নেই। নেই কোনো ছবিও। এত বছর আগের কাগজ, হয়তো পোকায় কেটেছে। তখন ক্যামেরাও ছিল হাতে গোনা। রবি তিনি ইতিহাসবিদ নন। তাই নতুন কোনো পথ খুঁজতে হবে তাঁকে। তিনি অবিচল, ফ্রান্সে ফিরে গিয়েও আত্মপরিচয়ের এই সন্ধান তিনি চালিয়ে যাবেন। গ্রামে গিয়ে সেখানকার মানুষের যে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন, তা ছিল কল্পনাতীত।
মানুষের স্মৃতিতে অমল সান্যাল
কাগজ বা ছবির মতো বস্তুগত কোনো চিহ্ন তিনি পাননি। কিন্তু গ্রামে পৌঁছে রবি অন্য এক সম্পদ আবিষ্কার করলেন, মানুষের স্মৃতি। গ্রামেরই এক লোক তাঁদের আশপাশে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তাঁর নানার নাম শোনামাত্র বলে দিলেন, ‘আচ্ছা, এই যে এটা আপনাদের জায়গা। এখানেই আপনাদের পরিবার থাকত।’
রবি অবাক হয়ে লক্ষ করলেন, কোন জমিটা কার, কোন বাড়ি কাদের—সবকিছুই তাঁদের জানা। অথচ তাঁর নানা যখন এখানে থাকতেন, তখন এই ব্যক্তির জন্মই হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে আসা এই তথ্যে রবি তাজ্জব বনে গেলেন। তিনি আরও জানতে পারলেন, একসময় এই গ্রাম দ্বিতীয় কলকাতা নামে পরিচিত ছিল। কেননা এটি ছিল বুদ্ধিবৃত্তিকভাবে অত্যন্ত প্রগতিশীল ও মননশীল চর্চার স্থান ছিল।
সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি অপেক্ষা করছিল গ্রামের একজন ৯৮ বছরের বৃদ্ধের কাছে। তিনি সান্যালকে নিজ চোখে দেখেছেন। দেখেছেন রবির প্রপিতামহকেও। যে মানুষের কথা এত কাল কেবল গল্পে শুনেছেন, মায়ের স্মৃতিতে খুঁজেছেন, হঠাৎ তাঁকে চোখে দেখা মানুষের মুখে শুনে রবির কাছে স্বপ্নের মতো। তাঁর মনে হলো, ‘সবকিছু এবার সত্যি হয়ে উঠল।’
কোরকদি থেকে ফিরে মাকে ফোন করলেন। মা যথারীতি আবেগ ধরে রাখতে পারলেন না। তাঁর ধারণা, মা গর্বিত হয়েছেন, ভীষণ নাড়াও খেয়েছেন। স্মৃতির অনেকগুলো পাতা তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন দীর্ঘকাল। আজ ছেলের চোখে তা বাস্তব হয়ে ফিরে এসেছে।
রবি জানালেন, এটা সবে শুরু। ফ্রান্সে ফিরে অনুসন্ধান চালিয়ে যাবেন। ঢাকা ও ফরিদপুর ঘুরে হাতে নতুন কিছু সূত্র এসেছে। বহু সংস্কৃতির দেশ ফ্রান্সে তাঁর মতো আরও অনেকে দুই সংস্কৃতির মাঝখানে আত্মপরিচয় খুঁজে ফিরছেন। তাঁদের জন্য সেখানে একটি প্রদর্শনী করার ইচ্ছাও আছে।
কথা শেষে রবি বললেন, নিজের পরিচয় খুঁজে ফেরা ও সে প্রশ্নগুলো নিজের সত্তা সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। একটা ভাঙা দেয়াল, এক টুকরা জমি আর তার পেছন দিয়ে বয়ে চলা একটা নদী নিমেষেই সব জড়তা কাটিয়ে তাঁকে পরিণত করেছে মায়ের স্মৃতির উত্তরাধিকারে।
সূত্র: প্রথম আলো