কানের সংক্রমণ শিশুদের অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য–সমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়।
বারবার কানে হাত দেওয়া বা কান টানা, বিশেষ করে ছোট শিশু যারা ব্যথার কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অস্বাভাবিক খিটখিটে ভাব বা কান্নাকাটি। শুয়ে থাকা অবস্থায় কানের ভেতরের চাপ বাড়ে, তাই রাতে বেশি কাঁদে। জ্বর, ঘুমে ব্যাঘাত, খাওয়ায় অনীহা এবং কান থেকে তরল বা পুঁজ নিঃসরণও সাধারণ লক্ষণ।
কেন শিশুদের এটি বেশি হয়
শিশুদের কানের গঠনই এর কারণ। কান ও গলার মধ্যে সংযোগকারী নালি ইউস্টাচিয়ান টিউব শিশুদের ক্ষেত্রে ছোট, সরু ও প্রায় সমান্তরাল অবস্থানে থাকে। ফলে গলা বা নাকের সংক্রমণ সহজেই কানে ছড়িয়ে পড়ে এবং তরল জমে যাওয়ার প্রবণতা বেশি থাকে। সর্দি–কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর কানের সংক্রমণ হয়। এ ছাড়া শোয়া অবস্থায় বোতলে দুধ খাওয়ানো, সিগারেটের ধোঁয়ার সংস্পর্শ, ডে–কেয়ারে থাকা এবং পারিবারিক ইতিহাসও ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
প্রথমেই ব্যথা কমানোর দিকে নজর দিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স ও ওজন উপযোগী ব্যথানাশক ব্যবহার করা যেতে পারে। কানে বাইরে থেকে গরম সেঁক দিলে সাময়িক আরাম পাওয়া যায়। শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার দেওয়া জরুরি।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
তীব্র জ্বর বা ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উপসর্গের উন্নতি না হলে, কান থেকে পুঁজ বা রক্তমিশ্রিত তরল বের হলে, শিশু অস্বাভাবিক ঝিমিয়ে পড়লে বা খেতে না চাইলে, কানের চারপাশ ফুলে গেলে বা লালচে হয়ে গেলে, শ্রবণে সমস্যা বা ভারসাম্যহীনতা দেখা দিলে এবং তিন মাসের কম বয়সী শিশুর জ্বর হলে দেরি না করে শিশুবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডা. মানিক মজুমদার, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ময়মনসিংহ।
সূত্র: প্রথম আলো