জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে করা মামলার তিন সাক্ষীর দুজনই দাবি করেছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের সাক্ষী করা হয়েছে, সে সম্পর্কেও কোনো ধারণা নেই তাঁদের।
আজ রোববার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকায় গিয়ে মামলার ১ নম্বর সাক্ষী কালাম হোসেন (৭০) ও ২ নম্বর সাক্ষী হালিম হোসেনের (৫০) সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। আজ দুপুরে তৃতীয় সাক্ষী লিটন হোসেনের (৩০) বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি মাঠে কাজ করতে গেছেন। তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গতকাল শনিবার বাগোয়ান টেনশন মোড় এলাকার কৃষক ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলা করেন। এতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম টমসহ (৫৫) অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে গত বছরের ১৩ সেপ্টেম্বর ইদ্রিস আলীর বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ আনা হয়।
মামলার ১ নম্বর সাক্ষী কালাম হোসেন বলেন, ‘ইদ্রিস আলী বাদী হয়ে যে মামলাটি করেছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। আজ জানতে পেরেছি, ওই মামলায় আমাকে ১ নম্বর সাক্ষী করা হয়েছে।’
ঘটনার বিষয়ে কালাম হোসেন আরও বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আগস্টের মাঝামাঝি সময়ে ইদ্রিস আলী গ্রাম ছেড়ে চলে যান। এরপর তাঁর বিষয়ে তেমন খোঁজখবর রাখিনি। আমার স্ত্রী অসুস্থ থাকায় তাঁর সেবাযত্ন নিয়েই ব্যস্ত ছিলাম। ইদ্রিস আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস করতেন। পরে তাঁরা নিজেরাই এলাকা ছেড়ে চলে যান।’
আরেক সাক্ষী হালিম হোসেন বলেন, ‘আজ সকালে জানতে পেরেছি, আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। এ মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি সরকারি চাকরি করি, বাইরে থাকি। মামলায় কী ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, তা-ও বলতে পারব না।’
বিরোধপূর্ণ জমিতে ঘাস চাষ
মামলার এজাহারে উল্লেখ করা বাগোয়ান টেনশন মোড়ের বিরোধপূর্ণ জমিটি সরেজমিনে ঘুরে দেখা যায়, সেখানে বর্তমানে গবাদিপশুর খাদ্য হিসেবে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় সেখানে ইদ্রিস আলী পরিবার নিয়ে বসবাস করতেন। আবদুল হালিমের ভাইয়েরা ইদ্রিসের কাছে জমিটি বিক্রি করেছিলেন। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় ইদ্রিস আলী দলটির রাজনীতি করতেন। এলাকায় তাঁর প্রভাব ছিল।
সাক্ষীদের না জানার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ইদ্রিস আলী বলেন, ‘আমি এত দিন ভয়ে কিছু বলতে পারিনি। এখন মনে হয়েছে, নিজেকে রক্ষা করতে মামলা করা দরকার। আমি আমার জমি ফিরে পেতে চাই। আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমি নিয়ে হালিমের সঙ্গে বিরোধ চলছিল। পরে তাঁদের অত্যাচারে এলাকা ছেড়ে চলে আসি। এখন পাশের গ্রামে থাকি। এত দিন ভয়ে কিছু করতে পারিনি। ছেলেদের সাথে পরামর্শ করে তাই এখন মামলাটি করেছি।’
ইদ্রিস আলীর স্ত্রী মিনা খাতুন জানান, কেনা জমি ফিরে পাওয়ার জন্যই তাঁরা মামলা করেছেন। দীর্ঘদিন ভয়ের কারণে কোনো পদক্ষেপ নিতে পারেননি।
নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম বলেন, ‘ইদ্রিস আমাদের কাছ থেকে সাত অংশে জমি কিনেছিলেন। তবে তিনি নির্দিষ্ট একটি জায়গায় জোর করে বসবাস শুরু করেন। তিনি চলে যাওয়ার পর তাঁর জমি সেভাবেই পড়ে আছে। গণ-অভ্যুত্থানের পর তিনি এলাকা ছেড়ে চলে যান। তাঁর কেনা জমি বিভিন্ন অংশে আলাদাভাবে রয়েছে।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ প্রসঙ্গে আবদুল হালিম বলেন, ‘সে সময় ইদ্রিস এলাকায়ই ছিলেন না। তাহলে আমি কীভাবে তাঁর ওপর হামলা করব? গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় ফসল কাটার অভিযোগে জালাল উদ্দীন নামের একজন মামলা করেছিলেন। সেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগের বিষয়েও আমি কিছু জানি না।’
নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে মামলার যোগসূত্রের আশঙ্কা প্রকাশ করে আবদুল হালিম আরও বলেন, ‘আমার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইদ্রিসকে আসামি করার ইচ্ছা থাকলে তাঁর নাম দিতাম। এত দিন পর হঠাৎ আমার বাড়িতে আগুনের ঘটনার পর কেন এই মামলা করা হলো? আমাকে হয়রানি এবং আগুনের ঘটনার মামলাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কারও প্ররোচনায় এ মামলা করা হয়ে থাকতে পারে। মামলা হয়েছে, প্রশাসন তদন্ত করবে। আইন অনুযায়ী যা হওয়ার হবে। আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।’
গতকাল সকালে দৌলতপুর থানায় আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেন ইদ্রিস আলী। মামলায় নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন ইদ্রিস। জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম ও তাঁর সহযোগীরা দেশি অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বিচার চাইতে গেলে উল্টো ইদ্রিসের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, তাঁর কেনা জমি দখল করে নেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি পরিবারসহ এলাকা ছেড়ে চলে যান।
এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘ফ্যাসিস্ট আমলে এমন ঘটনা অহরহ ঘটত, বিরোধী দলের কোনো নেতা আক্রান্ত হলে ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগীকে হয়রানি–হেনস্তার আয়োজন করত প্রশাসন। এখানেও তেমনটিই ঘটছে। নুসরাত তাবাসসুমের বাড়ি পুড়িয়ে দিয়েছে যে আওয়ামী সন্ত্রাসীরা, তাদের গ্রেপ্তার করা হয়নি এখনো। এখন কোথা থেকে পলাতক একজনকে দিয়ে মামলা করানো হলো, এটা হতাশাজনক।’
সূত্র: প্রথম আলো