রাধিকামোহন মৈত্রর জন্ম রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়িতে ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথনের চতুর্থ কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো। সাক্ষাৎকারটি নিয়েছেন খান মো. রবিউল আলম
ওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ কীভাবে ওনাদের বাড়িতে এলেন?
সোমজিৎ দাশগুপ্ত: এ প্রসঙ্গে কথা বলতে গেলে শীতল চন্দ্র মুখোপাধ্যায়ের নাম চলে আসে। শীতল চন্দ্র মুখোপাধ্যায়ের আমীর খাঁর বন্ধু ছিলেন। আবার শীতল চন্দ্র মুখোপাধ্যায় আমীর খাঁর কাছে শিখেছেনও। শীতল চন্দ্র মুখোপাধ্যায় সেই যুগে বাংলায় এবং ভারতবর্ষে একজন উচ্চ স্তরের এসরাজ, দিলরুবা, ময়ূরবীণার বাদক ছিলেন। বিষ্ণুপুর ঘরানার দিক থেকে ওনার প্রাথমিক শিক্ষা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর শীতল চন্দ্র মুখোপাধ্যায় সংগীত ও তালিমের প্রভূত প্রশংসা করতেন।
শীতল চন্দ্র মুখোপাধ্যায় মোহাম্মদ আমীর খাঁর বাবা আবদুল্লাহ খাঁকে বাংলায় নিয়ে আসেন। প্রথমবার আবদুল্লাহ খাঁ এলেন, পরে এলেন সন্তান আমীর খাঁ। ১৯১০ সালের আগে বা পরের দিকে আবদুল্লাহ খাঁ রাধিকামোহন মৈত্রদের বাড়িতে আসেন। আবদুল্লাহ খাঁ ও তাঁর বাবা মুরাদ খাঁ মোটামুটি ১৯২০–২১ পর্যন্ত তাঁদের বাড়িতে আসা-যাওয়া করেছেন।
মোহাম্মদ আমীর খাঁ চূড়ান্তভাবে রাধিকামোহন মৈত্রদের কোনো আবাসস্থলে অবস্থান নিয়ে ছিলেন?
সোমজিৎ: মোহাম্মদ আমীর খাঁ রাধিকামোহন মৈত্রদের রাজশাহীর বাড়িতে অবস্থান নেন। এ ছাড়া তিনি ময়মনসিংহের জমিদারবাড়িতে কিছুদিন ছিলেন। সবার আগে তিনি রাজা নবকৃষ্ণের বাড়িতে অবস্থান নিয়েছিলেন। এ ধারায় গান এবং নানাধরনের যন্ত্র-সরোদ সুরশৃঙ্গার, ধ্রুপদ-রবাব এবং লোক-রবাব। এ লোক-রবাব আফগানিস্তান থেকে হিমাচল প্রদেশ অবধি বাজত। যেটার ভারতীয় নাম ছিল স্বরবৎ, সেই যন্ত্র ওনারা বাজাতেন। এ ধারায় রাধিককামোহন মৈত্র পরবর্তীকালে খ্যাতি পেলেন।
তবলাবাদক শ্যামল বোস ও শংকর ঘোষ রাধিকামোহন মৈত্রর হাতে গড়ে উঠেছিলেন। শ্যামল বোস ছিলেন রাধিকামোহন মৈত্রর একমাত্র তবলা ও পাখোয়াজের তালিম পাওয়া শিষ্য। শংকর ঘোষ বলেছিলেন, ‘আমাদের শাস্ত্রীয় সংগীতে রাধিকামোহন মৈত্রর মতো ওরকম পড়াশোনা করা শিল্পী আর আসেননি। রাধিকামোহন মৈত্র সব শিক্ষার নির্যাস শিষ্যদের ভেতর প্রবাহিত করে গেছেন। যন্ত্রসংগীতের একটা শৈলী তৈরি ও তার আধুনিকায়ন করে শেখালেন, যা এখন সর্বত্র ব্যবহৃত হচ্ছে।’রাধিকামোহন মৈত্র আর কোন কোন গুণীজনদের সংস্পর্শে এলেন?
সোমজিৎ: রাধিকামোহন মৈত্রকে মেরেপিটে গভীর সাধনার মধ্যে নিয়ে আসেন রাজশাহী শহরের লোকনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক গোষ্ঠ বিহারী মজুমদার। গোষ্ঠ বিহারী মজুমদার রাধিকামোহন মৈত্রর গৃহশিক্ষক ছিলেন। রাধিকামোহন মৈত্র ভাষা শেখেন গোষ্ঠ বিহারী মজুমদারের কাছ থেকে। গোষ্ঠ বিহারী মজুমদার পরবর্তীকালে ওনাদের আত্মীয়ের মতো হয়ে যান। অন্যদিকে গোপীনাথ কবিরাজ ছিলেন মহৎ, সিদ্ধপণ্ডিত মশায় বা সিদ্ধপুরুষ। তিনি গোষ্ঠ বিহারী মজুমদারের পরিচিত ছিলেন। গোষ্ঠ বাবুর অনুরোধে গোপীনাথ কবিরাজ রাধিকামোহন মৈত্রকে পরম্পরার এ বিশাল সংস্কৃত শিক্ষার ভান্ডার তুলে দেন। রাধিকামোহন মৈত্রকে বহুমুখী প্রতিভায় তৈরি করেন। গোপীনাথ কবিরাজের গুরু ছিলেন বিশুদ্ধানন্দ ও স্বামী নিগমানন্দ। স্বামী নিগমানন্দের গুরু ছিলেন বামদেব। আর বামদেবের সুহৃদ ছিলেন রাধিকামোহন মৈত্রর ঠাকুরদা ললিতামোহন মৈত্র। রাধিকামোহনের রক্তে বামদেব, নিগমানন্দ ও মহামহোপাধ্যায় গোপী কবিরাজের আধ্যাত্মিক চেতনার অনুপ্রবেশ ঘটে।
রাধিকামোহন মৈত্রর চেতনায় প্রবহমান ধারাগুলো সম্পর্কে আরেকটু বলুন?
সোমজিৎ: রাধিকামোহন মৈত্রর লাইন সমন্বয়বাদী লাইন। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ, স্বামী নিগমানন্দ, বামদেব—এ ধারার মিলন ঘটেছে রাধিকামোহন মৈত্রর রক্তে। চতুর্থ ধারাটি হলো রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও ভগবানচন্দ্র সেন। ভগবানচন্দ্র সেন ওনাকে নানা রকম গান, বিশেষ করে ধ্রুপদ, কীর্তন, মৃদঙ্গম বা পাখোয়াজ বাদনে অসামান্য শিল্পী হিসেবে শিক্ষিত করে গেছেন। ভগবানচন্দ্র সেনকে পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে স্বামী বিবেকানন্দ দীক্ষা দেওয়ার পর পরিব্রাজক হিসেবেই থাকতে বলেছিলেন। ভগবানচন্দ্র সেনকে স্বামীজি গেরুয়া পোশাক না পরে সংগীতচর্চা করতে এবং পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে সাদাপোশাকে থাকতে বলেছিলেন।
ভগবানচন্দ্র সেন অসম্ভব বলশালী লোক ছিলেন। রামকৃষ্ণ মিশনে তিনি সাধুদের সঙ্গে শরীরচর্চা ও কুস্তি শিক্ষা করেন। ওনার খাওয়াদাওয়া মোটামুটি ভারী ছিল। রাজশাহীতে থাকাকালীন ওনার প্রাথমিক জলখাবার হিসেবে দুই সের মহিষের দুধ, আর আটটি বড় হিমসাগর আম বরাদ্দ থাকত। বাল্যকালে রাধিকামোহন মৈত্র খুব দুরন্ত বালক ছিলেন। ভগবানচন্দ্র তাঁর মতো করে রাধিকামোহন মৈত্রকে গড়ে তুললেন।
পরবর্তীকালে বিখ্যাত তবলাবাদক শ্যামল বোস ও শংকর ঘোষ রাধিকামোহন মৈত্রর হাতে গড়ে উঠেছিলেন। শ্যামল বোস ছিলেন রাধিকামোহন মৈত্রর একমাত্র তবলা ও পাখোয়াজের তালিম পাওয়া শিষ্য। শংকর ঘোষ বলেছিলেন, আমাদের শাস্ত্রীয় সংগীতে রাধিকামোহন মৈত্রর মতো ওরকম পড়াশোনা করা শিল্পী আর আসেননি। রাধিকামোহন মৈত্র সব শিক্ষার নির্যাস শিষ্যদের ভেতর প্রবাহিত করে গেছেন। যন্ত্রসংগীতের একটা শৈলী তৈরি ও তার আধুনিকায়ন করে শেখালেন, যা এখন সর্বত্র ব্যবহৃত হচ্ছে। তান-তোড়া লেখা, স্বরসংস্থান লেখা—এগুলো সব প্রথম উনি করেছিলেন।’
আর গানের ক্ষেত্রে এভাবে করেছিলেন জ্ঞানপ্রকাশ ঘোষ আর তবলার ক্ষেত্রে হীরেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়। হিরু বাবুকে আমি একটি কথা বলতে শুনেছি, যদি রাধিকামোহন মৈত্র সংগীতের অন্য কোনো দিকে না–ও যেতেন, তাহলেও তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ পাখোয়াজ বাদক হতেন। চারটি ধারার সংস্কৃতি, সংগীত, শিক্ষা রাধিকামোহন মৈত্রর চৈতন্যে মিশে গিয়েছিল। এর ফল ভারতীয় শাস্ত্রীয় সংগীত অনেক কিছু পেয়েছে। অত বড় সূর্য থেকে আমরা কী গ্রহণ করেছি, তা বলা কঠিন। ওর দু-চার ফোঁটা জল সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজের শরীরে ছিটিয়ে ধন্য হয়েছি।
রাধিকামোহন মৈত্রর পরিবার সংগীত সাধনার ব্যাপারে নিষ্ঠাবান ছিল। দেশভাগের আগে রাজশাহী শহরের তালন্দ ভবনে ভারতের খ্যাতিমান সংগীতশিল্পীদের নিয়ে আষাঢ়ে আড্ডা হতো? সেই আড্ডা সম্পর্কে জানতে চাচ্ছি।
সোমজিৎ: আগেই বলেছি, দুই শ থেকে শোয়া দুই শ বছর ধরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এমন কোনো শিল্পী নেই, যাঁরা রাধিকামোহন মৈত্রদের বাড়িতে পারফর্ম করেননি। যেমন আবদুল করিম খাঁ কলকাতায় দুবার, কিন্তু রাজশাহীর বাড়িতে তিনবার পারফর্ম করেছেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ মাঝে মাঝে রাজশাহীর বাড়িতে যেতেন। ওঙ্কার নাথ ঠাকুর ওনাদের রাজশাহীর বাড়িতে যেতেন, ঘরের মাহফিলে গেয়েছেন। রাধিকামোহন মৈত্রর যখন বিয়ের কথাবার্তা হয়, তখন বাবা ব্রজেন্দ্রমোহন মৈত্রর সঙ্গে ওঙ্কার নাথ ঠাকুর রাধু বাবুর হবু শ্বশুড়বাড়িতে গিয়েছিলেন। রাধিকামোহন মৈত্রর বিয়ে হয়েছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সুসং জমিদারবাড়িতে। কত গুণীজনের আসা-যাওয়া ছিল তাঁদের বাড়িতে!
ফৈয়াজ খাঁ নিজে মোহাম্মদ আমীর খাঁর অনুমতি নিয়ে রাধিকামোহন মৈত্রকে অনেকগুলো বন্দিশ দিয়েছিলেন। পারিবারিক খাস পঁচিশটি বন্দিশ দিয়েছিলেন। এগুলো সাধারণত কেউ কেউকে দেয় না। ওই বাড়িতে জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী গান গেয়েছেন। তবলাবাদক পণ্ডিত বুঁদি মিশ্র থেকে শুরু করে রাজা ছত্রপতি সিংহসহ সবাই ওখানে পারফর্ম করেছেন।
আর কার কার সঙ্গে রাধিকামোহন মৈত্রর সখ্য ছিল?
সোমজিৎ: শ্রী অনীল চট্টোপাধ্যায়, মহানায়ক উত্তম কুমার ও ধ্রুবতারা যোশির সঙ্গে রাধিকামোহন মৈত্রর সখ্য ছিল। মহানায়ক উত্তম কুমার রাধিকামোহন মৈত্রর এক সৌজন্য সাক্ষাৎকারে বাড়িতে গিয়ে একটি স্বর্ণের ক্রেস্ট উপহার দিয়েছিলেন। উত্তম কুমার শিল্পী সংসদ নামের একটি সংস্থা গড়ে তোলেন এবং সেই সংস্থার পক্ষ থেকে উপহারটি দেওয়া হয়। রাধিকামোহন মৈত্রর সঙ্গে বিখ্যাত কবি, গীতিকার ও আইনজীবী অতুলপ্রসাদ সেন এবং অভিনেতা ও গায়ক পাহাড়ী সান্যালের সখ্যর কথাও শুনেছি। পাহাড়ী সান্যাল বরেন্দ্রের আরেক কৃতী সন্তান। কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে রাধুবাবুর গভীর সখ্য ছিল। কাজী নজরুল ইসলাম তাঁর রেকোর্ডিং কোম্পানিতে রাধিকামোহন মৈত্রর একটি সরোদ রাখতে অনুরোধ করেছিলেন। মোহাম্মদ আমীর খাঁর এ সরোদ দিয়ে তাঁর একমাত্র গালারডিক্স রেকোর্ডিংটি করেন। এর এক পিঠে ছিল রাগ পাহাড়ি, আরেক পিঠে ছিল রাগ কাফি।
অতুলপ্রসাদ সেন রাধিকামোহন মৈত্রদের বাড়িতে মিউজিক শুনতে আসতেন। লক্ষ্ণৌতে অতুলপ্রসাদ সেনের বাড়িতে রাধিকামোহন মৈত্র যেতেন (এপি সেন)। সেখানে সংগীতের আসর বসত। সেখানে পাহাড়ী সান্যালের সঙ্গে রাধিকারমোহন মৈত্রর পরিচয় হয়। পাহাড়ী সান্যাল বলেছিলেন, ভারতের সংগীতের আগামী পাঁচ শ বছরে দ্বিতীয় রাধিকামোহন মৈত্র আসবেন কি না, তা নিয়ে সংশয় আছে!
অতুলপ্রসাদ সেন রাধিকামোহন মৈত্রদের বাড়িতে মিউজিক শুনতে আসতেন। লক্ষ্ণৌতে অতুলপ্রসাদ সেনের বাড়িতে রাধিকামোহন মৈত্র যেতেন (এপি সেন)। সেখানে সংগীতের আসর বসত। সেখানে পাহাড়ী সান্যালের সঙ্গে রাধিকারমোহন মৈত্রর পরিচয় হয়। পাহাড়ী সান্যাল বলেছিলেন, ভারতের সংগীতের আগামী পাঁচ শ বছরে দ্বিতীয় রাধিকামোহন মৈত্র আসবেন কি না তা নিয়ে সংশয় আছে!ফৈয়াজ খাঁ, এনায়েত খাঁ, হাফিজ আলী খাঁর সঙ্গে রাধিকামোহন মৈত্রর সংযোগ ঘটেছিল কীভাবে?
সোমজিৎ: ১৯১৭ সালের ১৩ ফেব্রুয়ারি রাধিকামোহন মৈত্র জন্ম নেন মা বীণাপাণি দেবীর গর্ভে। বাবা ব্রজেন্দ্রমোহন মৈত্র। ব্রজেন্দ্রমোহন মৈত্রর জন্ম ১৯০০ সালে। প্রথম সন্তান জন্মের সময় তাঁর বয়স ছিল ১৭। আর বীণাপাণি দেবীর বয়স সম্ভবত ১৪ বছর। এনায়েত খাঁ ছিলেন রাধিকামোহন মৈত্রর মায়ের সেতার শিক্ষক। আমরা দেখলাম, ফৈয়াজ খাঁ, মোহাম্মদ আমীর খাঁ, এনায়েত খাঁ—এই ব্যক্তিত্বরা তাঁদের বাড়িতে থাকছেন, গানবাজনা করছেন।
মোহাম্মদ আমীর খাঁর আরেক শিষ্য পারিবারিক সম্পর্কে ভাই হাফিজ আলী খাঁ রাধিকামোহন মৈত্রদের বাড়িতে যাতায়াত করতেন। বাড়িতে এলাহি কাণ্ড, খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল। ‘এল’ শেপের একটি বাড়ি, সেই বাড়িতে সবাই থাকতেন। ভেতরবাড়ি অবধি তাঁদের যাতায়াত ছিল।
তাঁদের বাড়ি ঘিরে কোনো বিশেষ স্মৃতির কথা কি মনে পড়ে, যা আপনি ওনাদের কাছে শুনেছেন?
সোমজিৎ: একদিনের ঘটনা: হাফিজ আলী খাঁ সাহেব একদিন খুব অভিমান করে রাধিকামোহনকে বললেন, ‘আমি আর এ বাড়িতে থাকব না, আমাকে কলকাতায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি চলে যাব।’ ওনাকে জিজ্ঞেস করা হলো, ‘কেন, আপনার কী হয়েছে? মন খারাপ হচ্ছে কেন?’ তখন তিনি বললেন, ‘এই যে পেছন দিকের প্রকৃতি ইত্যাদি দেখব বলে আমি চারদিকে জানালাওয়ালা একটা ঘর নিয়েছি। সে ঘরটার পেছন দিকে যতবার দেখছি, বারকোশে করে খাবার আসছে। সামনের দিকে আমাদের অতিথি সব খেয়ে নিচ্ছে। আমার অবধি আর পৌঁছাল না। তো এ রকম করে তোমরা আর কতক্ষণ খাবার বিতরণ করবে? আমার আর থাকার কী দরকার! আমি চলে যাব।’ তারপর রান্নার লোকদের কাছে রাধুবাবু সব খোঁজ নিলেন। তাঁরা বললেন, ‘হ্যাঁ বাবু, এ রকম অবস্থা। খাবার নিয়ে ঢুকলেই সামনের দিকে যে শিল্পীরা আছেন, তাঁরা সব খেয়ে নিচ্ছেন। ঔদিক অবধি যাওয়া যাচ্ছে না। এটা অনেকক্ষণ ধরে চলছে। ওনারা কখন খাবেন?’
রাধিকামোহন বললেন, ‘ঠিক আছে, এবার নিয়ে চলো।’ রাধুবাবু সঙ্গে করে নিয়ে গেলেন। এ থেকে বোঝা যায়, কী রকম বিপুল ব্যবস্থা হতো তাঁদের বাড়িতে। আর তানোরের তালন্দ গ্রামে একটা বড় গোলাঘর ছিল—গ্যালারির মতো করে তৈরি। চারদিকে গোল হয়ে সবাই বসত। ওখানে গানবাজনা হতো। আর রাজশাহীতে একটা হল, যেটা পরে অলকা সিনেমা হল হয়েছিল। বাড়িটি প্রায় আধা কিলোমিটার লম্বা প্রাসাদ ছিল। তালন্দ ভবন নামে রাজশাহী শহরে বাড়িটি অনেক বড় ছিল। এখন অংশবিশেষ ভেঙে গেছে।
তানোরের তালন্দ জমিদারবাড়ির হালচিত্র, আষাঢ়ে ক্লাব আর তাঁদের লাক্সারি ট্রেন সম্পর্কে জানতে চাচ্ছি?
সোমজিৎ: তানোরের তালন্দ ভবনের বাড়িটি ললিতামোহন ডিগ্রি কলেজ করা হয়েছে। রাজশাহী শহরে লোকনাথ হাইস্কুল প্রতিষ্ঠায় এ পরিবারের ভূমিকা ছিল। আষাঢ়ে ক্লাব সিনেমা হল হয়েছে। আষাঢ়ে ক্লাবে অতিথিদের আনা হতো ট্রেনে ফাস্ট ক্লাস সিটের ভাড়া দিয়ে। আর রাজশাহী রেলস্টেশন থেকে ঘোড়ার গাড়িতে করে অতিথিদের বাসায় আনা হতো। রাধিকামোহন মৈত্রদের বাড়িতে হাতি ছিল, সেটায় চড়ে বিকেলে বেড়াতে বের হতে ললিতামোহন মৈত্র, কখনোবা ঘোড়ায় চড়ে। এ ছাড়া ওনাদের বাড়িতে পাইক-বরকন্দাজ ছিল। বিভিন্ন অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন ছিলেন।
বিশেষ যা ছিল, তা হলো আটটি কোচের একটা লাক্সারি সেলুন ট্রেন। ট্রেনে ললিতামোহন মৈত্রর ইচ্ছায় সব শ্বেতাঙ্গ কর্মচারী রাখা হয়েছিল। ট্রেনের ইঞ্জিনচালক, ফায়ারম্যান—সব ছিল শ্বেতাঙ্গ। ললিতামোহন মৈত্র বলতেন, ‘ওরা আমাদের শাসন করেছে তো ওরা আমাদের অধীন কিছু কাজ করুক। ট্রেনে ছিল শ্বেতাঙ্গ রাঁধুনি বা কুক। শুধু বাঙালি খাবারের জন্য বাঙালি রান্নার লোক ছিল।
সেলুন ট্রেনটি ছিল ব্রডগেজের। রাজশাহী রেলস্টেশনে আসত। আর ওই ট্রেনের জন্য আলাদা একটা লাইন ভাগ করা ছিল। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ললিতনগর নামে আজ একটি ট্রেনস্টেশন রয়েছে, যার নামকরণ করা হয়েছিল ললিতামোহন মৈত্রর নামে । জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে থাকত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায়। এরপর এ ট্রেনের আর কোনো হদিস পাওয়া যায়নি।
এ ছাড়া ভারতবর্ষে প্রথম দুটি রেডিও লাগানো বুইক গাড়ি নিয়ে আসেন (লাল ও নীল রঙের) এই মৈত্র জমিদার পরিবার।
সূত্র: প্রথম আলো