জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভূমি সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু–সহনশীল কৃষির ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, ভূমি অধিকার সুরক্ষায় বিভিন্ন দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই। কোথাও কোথাও আইনের মধ্যেও বৈষম্য রয়েছে।
আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এএনজিওসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
.সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক পি চন্দ্র শেখারা। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) চিফ অব মিশন সাবিন লাউবার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের রোয়েল রাভানেরা। স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং এএনজিওসির নির্বাহী পরিচালক ন্যাথানিয়াল ডন মার্কুজ।
উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জমির ব্যবহার ও ভূমি নিয়ে বৈষম্য বাড়ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে ভূমির ওপর প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি।
.দিনের প্রথম অধিবেশনে ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং ভূমিস্বত্ব নিয়ে আলোচনা হয়। ব্র্যাকের সিনিয়র ফেলো অব প্র্যাকটিস মাহিন সুলতানের সভাপতিত্বে এ অধিবেশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও নেপালের প্রতিনিধিরা নিজ নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন। তাঁরা বলেন, এসব জনগোষ্ঠীর ভূমিসহ অন্যান্য অধিকার সুরক্ষায় আইন থাকলেও বাস্তবায়নের ঘাটতি রয়েছে। কোথাও আইনের মধ্যেই বৈষম্য রয়েছে। ফলে ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠী ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় তাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
এ অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন জেন্ডার ও সামাজিক নীতিবিষয়ক বিশেষজ্ঞ অ্যানি দ্রং, গবেষক ইশিতা দস্তিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজিদা আক্তার।
দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল ‘টেকসই ও জলবায়ু–সহনশীল কৃষি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ’। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপনা দেন বিসিএএসের জ্যেষ্ঠ ফেলো দ্বিজেন মল্লিক এবং নেপালের সিএসআরসির নির্বাহী পরিচালক জগৎ দেওজা।
.দ্বিজেন মল্লিক বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১১ শতাংশ। মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের তথ্য উল্লেখ করে তিনি বলেন, কৃষির সঙ্গে যুক্ত মানুষের মধ্যে নারীর অংশ প্রায় ২৪ শতাংশ এবং পুরুষের ১৮ শতাংশ।
দ্বিজেন মল্লিক আরও বলেন, দেশের মোট কৃষক জনগোষ্ঠীর প্রায় ৮৩ শতাংশ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। তাঁরা মোট আবাদযোগ্য জমির প্রায় অর্ধেক চাষ করেন। এসব কৃষকের জীবিকা, খাদ্য ও পুষ্টির প্রধান উৎস কৃষি। তবে উচ্চফলনশীল জাত, বালাই দমন ও সেচব্যবস্থার মতো প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও কৃষি খাত এখন কাঠামোগত ও পরিবেশগত সংকটের মুখে। অতিরিক্ত রাসায়নিক উপকরণের ব্যবহার মাটির গুণাগুণ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ক্ষতি করছে। পাশাপাশি উৎপাদনে বিনিয়োগ বাড়লেও কৃষকের মুনাফা কম থাকছে।
.আলোচনায় গওহার নঈম ওয়ারা বলেন, ভূমিস্বত্বের পাশাপাশি ক্ষুদ্র কৃষক, বর্গাচাষি ও নারীদের খাদ্য ও পুষ্টির বিষয়েও গুরুত্ব দিতে হবে। ভাগচাষিদের অধিকার নিয়েও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, নারী অধিকার, স্বাস্থ্য ও পুষ্টির বিষয়গুলো নীতিনির্ধারণী আলোচনায় আরও গুরুত্ব পাওয়া দরকার।
নারীর ভূমি অধিকার নিয়েও বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা। তাঁদের আলোচনায় বলা হয়, বিশ্বে ভূমির মালিকানায় নারীর অংশ প্রায় ১৫ শতাংশ; বাংলাদেশে এ হার আরও কম। অথচ কৃষিকাজে নারীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। এ বৈষম্য দূর করতে নীতি ও উন্নয়ন কার্যক্রমে জেন্ডারভিত্তিক দৃষ্টিভঙ্গি যুক্ত করার আহ্বান জানান বক্তারা।
দ্বিতীয় অধিবেশনে আরও আলোচনা করেন ইয়ুথ নেট গ্লোবালের সায়লা সাবনম রিচি, ডিজাস্টার ফোরামের গওহার নঈম ওয়ারা, বাংলাদেশে ইউএনডিপির জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মোস্তাফিজুর রহমান।
সূত্র: প্রথম আলো