দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে চুরি করে বিস্কুট খাওয়ায় বিড়ালকে দড়িতে ফাঁস দিয়ে ঝুলিয়ে হত্যা করেন দোকানি সারোয়ার হোসেন। ঘটনার সত্যতা পেয়ে দোকানিকে শাস্তি হিসেবে আগামী ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল রোববার বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে বেকারি দোকানি সারোয়ার হোসেনকে এ শাস্তি দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ।
.আমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা। আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না। আমি বিড়ালটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। ধরা পড়লে বিড়ালটি দূরে কোথাও রেখে আসতাম। কিন্তু সকালে দোকানে গিয়ে দেখি, বিড়ালটি মরে পড়ে আছে। এ জন্য আমি অনুতপ্ত।সারোয়ার হোসেন, দোকানি
.উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে স্থানীয় এক বাসিন্দা বিড়াল হত্যার বিষয়ে দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনে অভিযোগ করেন। পরে অভিযুক্ত সারোয়ার হোসেনকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তলব করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ শাস্তি দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযোগকারী মেহেদী হাসান বলেন, ১৩ নভেম্বর রাতে বলগাড়ি বাজারের দোকানি সারোয়ার হোসেন দোকানে বিড়ালের উৎপাত ঠেকাতে দড়ি দিয়ে একটি ফাঁদ পেতে রাখেন। পরে রাতের কোনো এক সময় খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে একটি স্ত্রী বিড়াল। পরের দিন সকালে বিড়ালটির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করেন সারোয়ার। এরপর ওই দোকানের বারান্দায় বিড়ালটির মরদেহ ফেলে রাখা হয়। এ সময় মৃত বিড়ালের পাশে দুটি বিড়ালছানা কান্নাকাটি করছিল।
কয়েকটি বিস্কুটের জন্য মা বিড়ালের এমন নির্মম মৃত্যু ও বিড়ালছানা দুটির অসহায়ত্ব মেনে নিতে পারেননি মেহেদী হাসান। এমন অমানবিক ও নিষ্ঠুরতার বিচার চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন তিনি।
.এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ জানান, দোকানি সারোয়ার হোসেন তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তিনি তাঁর দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে একটি মুচলেকা দিয়েছেন। সেই সঙ্গে আগামী ছয় মাস বলগাড়ি বাজারে যত কুকুর ও বিড়াল আছে সেগুলোকে খাবার খাওয়াবেন, এমনটি মুচলেকায় উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে যদি তিনি আবারও এমন কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
.বিড়াল হত্যার বিষয়ে দোকানি সারোয়ার হোসেন বলেন, ‘আমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা। আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না। আমি বিড়ালটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। ধরা পড়লে বিড়ালটি দূরে কোথাও রেখে আসতাম। কিন্তু সকালে দোকানে গিয়ে দেখি, বিড়ালটি মরে পড়ে আছে। এ জন্য আমি অনুতপ্ত।’
সূত্র: প্রথম আলো