বিএনপি সরকার দেশে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত সাত মাসে বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় সোমবার রাতে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।
বিএনপি সরকারের ভূমিকার সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত দুই বছরে এবং নির্বাচনের পর গত সাত মাসে যে ফ্যাসিবাদী–মুজিববাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, এর দায় বাংলাদেশের সাধারণ মানুষের নয়, বর্তমান সরকারের।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার গত সাত মাস ধরে এবং অভ্যুত্থানের পরে নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করেছে। তারা রিকনসিলিয়েশনের নামে, ইনক্লুসিভিটির নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তিকে স্পেস দেওয়ার চেষ্টা করেছে। ইনিয়ে-বিনিয়ে তাদের পক্ষে বিএনপির একাংশ কথা বলেছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য তাঁকে (জিয়াউর রহমান) তাঁরা শ্রদ্ধা করেন। কিন্তু তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তাঁর নিজের জীবনদানের মধ্য দিয়ে সেই প্রায়শ্চিত্ত তাঁকে করতে হয়েছে। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
‘ফ্যাসিবাদের প্রশ্নে ব্যানার দেখব না’
জাতীয় ঐক্যের প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে তাঁরা সবসময় জাতীয় ঐক্যের পক্ষে ছিলেন। কিন্তু যারা গণভোটের গণরায় মেনে নেয়নি, তারাই সেই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।
বিএনপি সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম প্রশ্ন রেখে বলেন, ‘আপনি সংস্কার করবেন না, আপনি বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য? জুলাইয়ের ঐক্য রয়েছে। সেই ঐক্য কোনো দলের সঙ্গে নয়, সেই ঐক্য বাংলাদেশের জনগণের সঙ্গে। জুলাইয়ের প্রশ্নে আমরা কোনো দল দেখব না। ফ্যাসিবাদের প্রশ্নে আমরা কোনো ব্যানার দেখব না।’
দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
প্রয়োজনে আবার রাজপথে
প্রয়োজনে আবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কী করবে, আমরা জানি না। কিন্তু বিএনপির তৃণমূলের অনেক লোক আমাদের সঙ্গে এসে যোগ দেবে। কারণ, এটাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হলে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এটা কোনো বাংলাদেশি শক্তি নয়। এটা কোনো বাংলাদেশি দল নয়। এটা একটা ভারতীয় দল। এটা একটা বাংলাদেশবিরোধী দল। বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী দল। এটা একটা আলেমবিরোধী দল। এটা একটা নারীবিরোধী দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধবিরোধী দল, জুলাইবিরোধী দল। আওয়ামী লীগের আর কখনো রাজনীতি করার কোনো সুযোগ হবে না। অন্তত তাঁরা জীবিত থাকা অবস্থায় এটা সম্ভব নয়।
প্রবাসীদের সহযোগিতা কামনা
সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাস থেকে বিভিন্নভাবে অংশগ্রহণ ও সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশের পুনর্গঠনে প্রবাসীদের প্রত্যক্ষ–পরোক্ষ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ–বিষয়ক সম্পাদক নুরুল হুদা জুনেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের সালেহ, খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদসহ এনসিপির যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।
তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে
অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে কড়া নিরাপত্তার মধ্যে তিনি বেরিয়ে যান।
নাহিদ ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর হলের বাইরে এনসিপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
সূত্র: প্রথম আলো