দীর্ঘদিন ধরে ক্যানসার নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের ক্যানসার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক চার্লস সোয়ানটন। চিকিৎসকজীবনের অভিজ্ঞতা ও সাম্প্রতিক গবেষণার তথ্যের ভিত্তিতে তিনি দেখেছেন, সম্প্রতি ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার বাড়ছে। কেন কম বয়সীদের মধ্যেও বাড়ছে ক্যানসারের ঝুঁকি এবং কীভাবে তা কমানো সম্ভব, জানালেন এই ক্যানসার বিশেষজ্ঞ।
২০০৪ সালে যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজের সময় অধ্যাপক চার্লসের একটি বিষয় জানার আগ্রহ হয়েছিল। গত পাঁচ বছরে ৫০ বছরের কম বয়সী কতজন রোগীর অন্ত্রের ক্যানসার শনাক্ত হয়েছে? হাসপাতালের চিকিৎসার নথিপত্র ঘেঁটে দেখলেন, এমন রোগীর সংখ্যা ৫০ জনেরও কম। তথ্য সংগ্রহ করতে তাঁর বেশ সময় লেগেছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রোগীদের ক্যানসারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনার সময় প্রায় প্রতি সপ্তাহেই ৫০ বছরের কম বয়সী অন্তত একজন, কখনো দু-তিনজন অন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীর কথা উঠে আসে। মাত্র এক দশক আগেও এমন ঘটনা ছিল বিরল।
‘নিজের অভিজ্ঞতা ও গবেষণা থেকে পাওয়া তথ্যমতে, যুক্তরাজ্যে কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার শনাক্ত হওয়ার হার বেড়েছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে প্রোস্টেট, অন্ত্র, কিডনি, জরায়ু, স্তন, অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসার শনাক্তের হার বেড়েছে। ২০০১ সালের তুলনায় এই বয়সীদের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার হার প্রায় চার গুণ হয়েছে। অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারের ক্ষেত্রেও হার বেড়েছে দ্বিগুণের বেশি,’ বললেন চার্লস।
তবে এই পরিসংখ্যান দেখে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তরুণদের মধ্যে ক্যানসারের হার বাড়লেও এখনো তা বয়স্কদের তুলনায় অনেক কম। যেমন ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রতি এক লাখে অন্ত্রের ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রায় চারজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে। অন্যদিকে বয়স্ক ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার প্রতি ১ লাখে ৩০০ জন পর্যন্ত হতে পারে।
তরুণদের মধ্যে কেন বাড়ছে ক্যানসারকিছু ক্ষেত্রে আগের তুলনায় বেশি পরীক্ষা-নিরীক্ষার কারণে ক্যানসার শনাক্ত হচ্ছে। যেমন প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে এখন অনেক পুরুষ পিএসএ পরীক্ষা সম্পর্কে সচেতন। ফলে আগের তুলনায় বেশি রোগী শনাক্ত হচ্ছেন।
অন্যদিকে নারীদের সন্তান নেওয়ার বয়স ও সংখ্যার পরিবর্তন স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। সন্তান না নেওয়া কিংবা বেশি বয়সে সন্তান নেওয়া এই ঝুঁকি বাড়াতে পারে। কম বয়সে ঋতুস্রাব শুরু হওয়াও স্তন ক্যানসারের পরিচিত ঝুঁকির কারণ। স্থূলতাও অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, কিডনি ও জরায়ুর ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে শরীরের অতিরিক্ত ওজন কীভাবে ক্যানসারের ঝুঁকি বাড়ায়, তা নিয়ে গবেষণা চলছে।
শরীরে প্রদাহের ভূমিকাক্যানসার তৈরির পেছনে কোষের ডিএনএতে পরিবর্তন বা মিউটেশন গুরুত্বপূর্ণ। তবে সুস্থ মানুষের শরীরেও এমন অনেক কোষ থাকে, যেগুলোর ডিএনএতে ক্যানসার-সংশ্লিষ্ট পরিবর্তন রয়েছে। তা সত্ত্বেও সব কোষ ক্যানসারে পরিণত হয় না। কেন কিছু কোষ ক্যানসারে রূপ নেয়, আর অন্যগুলো নেয় না—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দীর্ঘস্থায়ী প্রদাহের বিষয়টি সামনে এসেছে।
প্রদাহ শরীরের স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থার অংশ। তবে দীর্ঘদিন ধরে প্রদাহ চলতে থাকলে তা সুস্থ কোষের ক্ষতি করতে পারে। গবেষকদের ধারণা, এই প্রদাহ আগে থেকেই জিনগত পরিবর্তন থাকা কোষকে ক্যানসারে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। বায়ুদূষণ, ধূমপান ও স্থূলতার সঙ্গে দীর্ঘস্থায়ী প্রদাহের সম্পর্ক রয়েছে। খাদ্যাভ্যাসের পরিবর্তনও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
শৈশবের সংক্রমণ কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়শৈশবে কিছু ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার কারণে পরবর্তী জীবনে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে কি না, তা নিয়েও গবেষণা চলছে। এ ক্ষেত্রে ই-কোলাই ব্যাকটেরিয়ার একটি বিশেষ প্রজাতি গুরুত্বপূর্ণ। এটি কোলিব্যাকটিন নামের বিষাক্ত উপাদান তৈরি করে, যা কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে।
২০২৫ সালে নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় প্রায় এক হাজার অন্ত্রের ক্যানসার রোগীর জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ৪০ বছরের কম বয়সীদের মধ্যে কোলিব্যাকটিনের কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন ৭০ বছরের বেশি বয়সীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে কেন তরুণদের মধ্যে এই প্রভাব বেশি দেখা যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। খাদ্যাভ্যাস, পরিবেশ কিংবা অন্ত্রের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থার পরিবর্তন এর পেছনে ভূমিকা রাখছে কি না, খতিয়ে দেখছেন গবেষকেরা।
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কতটা দায়ীতরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির সম্ভাব্য কারণ হিসেবে খাদ্যাভ্যাসও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার নিয়ে উদ্বেগ রয়েছে। ২০২৫ সালে প্রায় ২৯ হাজার নারীর ওপর করা একটি গবেষণায় দেখা যায়, যাঁরা সবচেয়ে বেশি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেয়েছেন, তাঁদের অন্ত্রে অ্যাডেনোমা তৈরির ঝুঁকি অন্যদের তুলনায় ৪৫ শতাংশ বেশি।
অ্যাডেনোমা হলো অন্ত্রের একধরনের অস্বাভাবিক বৃদ্ধি, যার কিছু পরবর্তী সময়ে ক্যানসারে পরিণত হতে পারে। তবে এসব খাবারই সরাসরি ক্যানসারের কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো নেই। খাবারের অতিরিক্ত ক্যালরি, নির্দিষ্ট উপাদান কিংবা অন্য কোনো বিষয় এর পেছনে কাজ করছে কি না, তা নিয়ে গবেষণা চলছে।
ক্যানসার প্রতিরোধে নতুন আশাক্যানসার হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগটি হওয়ার আগেই প্রতিরোধের উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে ফুসফুসের ক্যানসার প্রতিরোধে টিকা তৈরির উদ্যোগ নিয়েছেন চার্লস।
লাংভ্যাক্স নামের এই উদ্যোগের লক্ষ্য ক্যানসার তৈরি হওয়ার আগেই শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে প্রস্তুত করা। এ ছাড়া শরীরের প্রদাহ তৈরির নির্দিষ্ট প্রক্রিয়া বন্ধ করে ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি কমানো সম্ভব কি না, তা নিয়েও গবেষণা চলছে।
ক্যানসারের ঝুঁকি কমাতে পাঁচ পরামর্শ১. ধূমপান ছাড়ুন: ক্যানসারের ঝুঁকি কমাতে ধূমপান বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি। এটি শুধু ফুসফুস নয়, শরীরের বিভিন্ন অঙ্গের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
২. মদ্যপান এড়িয়ে চলুন: মদ্যপানের সঙ্গে অন্ত্র, স্তন ও যকৃতের ক্যানসারের সম্পর্ক রয়েছে। তাই এর পরিমাণ যতটা সম্ভব কমানো উচিত।
৩. স্বাস্থ্যকর খাবার খান: সুষম খাবার, ফলমূল ও শাকসবজি খাদ্যতালিকায় রাখুন। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৪. নিয়মিত ব্যায়াম করুন: হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো পছন্দের শারীরিক কার্যক্রম বেছে নিন। নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
৫. শরীরের পরিবর্তন অবহেলা করবেন না: বয়স কম বলে ক্যানসারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া ঠিক নয়। দীর্ঘদিন কোনো অস্বাভাবিক উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
সূত্র: প্রথম আলো