আপেল খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেন? কিংবা গাজর রান্নার সময় খোসা ফেলে দেন? অনেকেই এমনটা করেন। অথচ কিছু ফল ও সবজির খোসায়ও থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা ধরনের উদ্ভিদজাত পুষ্টি উপাদান। ফলে খোসা ফেলে দিলে এসব পুষ্টির কিছু অংশও বাদ পড়ে যায়। তবে সব খোসাই যে খাওয়া ভালো, তা নয়। কোন সাতটি ফল ও সবজি খোসাসহ খেতে পারেন আর কীভাবে সেসব পরিষ্কার করবেন, জেনে নিন।
ফল ও শাকসবজি সুস্বাস্থ্যের জন্য জরুরি। এসব থেকে আমরা ভিটামিন, খনিজ, আঁশসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই। তবে কিছু ফল ও সবজি খোসাসহ খেলে বাড়তি পুষ্টি পাওয়া সম্ভব।
এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই পুষ্টিবিদ। তাঁরা হলেন ‘শ সিম্পল সোয়াপস’-এর প্রতিষ্ঠাতা এলিজাবেথ শ এবং ‘হিস্পানিক অ্যান্ড মাল্টিকালচারাল নিউট্রিশন কমিউনিকেশনস’-এর প্রতিষ্ঠাতা ও ডায়েটিশিয়ান সিলভিয়া ক্লিঙ্গার।
ফল ও সবজির খোসা কেন পুষ্টিকর
ফল ও সবজির খোসা মূলত বাইরের সুরক্ষামূলক আবরণ। সূর্যের অতিবেগুনি রশ্মি, কীটপতঙ্গসহ পরিবেশের নানা প্রতিকূলতা থেকে ফল ও সবজিকে রক্ষা করতে এ আবরণ ভূমিকা রাখে।
অনেক ফল ও সবজির খোসায় আঁশের পাশাপাশি পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো উদ্ভিদজাত যৌগ পাওয়া যায়। এসব যৌগের অনেকগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।
খাদ্যের আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় রাখতেও ভূমিকা রাখে। কিছু ফল ও সবজির খোসা ছাড়িয়ে ফেললে মোট আঁশের পরিমাণ কমে যায়।
অ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা
ফল ও সবজির খোসায় থাকা বিভিন্ন উদ্ভিদজাত যৌগের অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে। এগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে কোনো নির্দিষ্ট ফলের খোসা খেলে রোগ প্রতিরোধ হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
ভিটামিন ও খনিজ উপাদান
ফল ও সবজিভেদে খোসায় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানও পাওয়া যায়। তবে সব ফল ও সবজির খোসায় ভেতরের অংশের চেয়ে বেশি পুষ্টি থাকে, এমন নয়। পুষ্টির পরিমাণ নির্ভর করে ফল বা সবজির ধরন, জাত, পরিপক্বতা ও প্রস্তুতপ্রণালির ওপর।
যে সাতটি ফল ও সবজি খোসাসহ খেতে পারেন
আপেলের খোসায় খাদ্যআঁশের পাশাপাশি ফ্ল্যাভোনয়েড ও পলিফেনলের মতো উপকারী উদ্ভিদজাত যৌগ থাকে। খোসাসহ আপেল খেলে এসব উপাদানের কিছুটা বেশি পাওয়া যায়।
আপেলের ভেতরের অংশেও ভিটামিন, আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান আছে। তাই খোসা ছাড়িয়ে খেলেও আপেলের পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয় না। তবে ভালোভাবে ধুয়ে খোসাসহ খেলে বাড়তি সুবিধা পাওয়া সম্ভব।
নাশপাতি আঁশসমৃদ্ধ ফল। এর খোসায়ও আঁশ এবং বিভিন্ন ধরনের পলিফেনল আছে। নাশপাতি খোসাসহ খেলে মোট আঁশের পরিমাণ বাড়ে। ফলে হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এটি সহায়ক হতে পারে। ভালোভাবে ধুয়ে সরাসরি খেতে পারেন। চাইলে ফলের সালাদেও যোগ করা যায়।
মিষ্টি আলু বিটা ক্যারোটিন, খাদ্যআঁশসহ বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। বিশেষ করে কমলা রঙের মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হতে পারে।
মিষ্টি আলুর খোসায়ও আঁশ ও বিভিন্ন উদ্ভিদজাত যৌগ আছে। তাই খোসাসহ রান্না করলে এসব উপাদানের কিছুটা বেশি পাওয়া যেতে পারে। তবে মিষ্টি আলুর সব পুষ্টি খোসায় থাকে না। এর ভেতরের অংশও যথেষ্ট পুষ্টিকর।
রান্নার আগে পরিষ্কার ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে মাটি সরিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ, ভাপানো বা বেক করে খোসাসহ খাওয়া যায়।
শসায় পানির পরিমাণ বেশি। তাই শরীরের পানির চাহিদা পূরণে এটি কিছুটা সাহায্য করে।
শসার সবুজ খোসায় আঁশ, ভিটামিন ‘কে’ ও বিভিন্ন উদ্ভিদজাত যৌগ আছে। খোসা ছাড়ালে এসব উপাদানের কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। ভালোভাবে ধুয়ে শসা খোসাসহ সালাদ, স্যান্ডউইচ কিংবা সরাসরি খাওয়া যায়। তবে খোসা খুব শক্ত বা তেতো হলে তা বাদ দিতে পারেন।
গাজর বিটা ক্যারোটিনের ভালো উৎস। এতে আঁশসহ আরও নানা পুষ্টি উপাদান আছে। গাজরের বাইরের পাতলা স্তরেও আঁশ ও উদ্ভিদজাত যৌগ থাকে। তাই গাজর পরিষ্কার ও ভালো অবস্থায় থাকলে খোসা না ছাড়িয়ে খেলেই উপকার বেশি।
কাঁচা খাওয়ার আগে কিংবা রান্নার সময় পরিষ্কার ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিন। তবে খোসা ক্ষতিগ্রস্ত হলে বা ভালোভাবে পরিষ্কার করা না গেলে তা ছাড়িয়ে নেওয়াই ভালো।
পেয়ারা ভিটামিন ‘সি’ ও খাদ্যআঁশের ভালো উৎস। এর খোসায়ও আঁশ, পলিফেনল ও বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ আছে। গবেষণায় দেখা গেছে, পেয়ারার খোসায় এমন কিছু উদ্ভিদজাত যৌগ পাওয়া যায়, যেসবের অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে। তাই খোসাসহ পেয়ারা খেলে এসব উপাদানের কিছুটা বেশি পাওয়া সম্ভব।
পেয়ারা ভালোভাবে ধুয়ে খোসাসহ খেতে পারেন। তবে খোসায় কোনো ক্ষত বা পচন থাকলে সতর্ক হতে হবে।
আলুর খোসায় খাদ্যআঁশ ও কিছু উপকারী উদ্ভিদজাত যৌগ আছে। খোসাসহ আলু খেলে খোসা ছাড়ানো আলুর তুলনায় বেশি আঁশ পাওয়া যায়। তবে আলুর বেশির ভাগ পটাশিয়াম ও ভিটামিন ‘সি’ ভেতরের অংশেই থাকে।
রান্নার আগে আলু ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। এরপর খোসাসহ সেদ্ধ বা বেক করে খাওয়া যায়। তবে সবুজ হয়ে যাওয়া, তেতো স্বাদের বা বেশি অঙ্কুর গজানো আলু এড়িয়ে চলাই নিরাপদ। কারণ, এসব আলুতে ক্ষতিকর গ্লাইকো–অ্যালকালয়েডের মাত্রা বেড়ে যেতে পারে।
খোসাসহ খাওয়ার আগে যেভাবে পরিষ্কার করবেন
খোসাসহ ফল ও সবজি খেতে চাইলে সেসব ভালোভাবে পরিষ্কার করা জরুরি।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফল ও সবজি পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণ প্রবহমান পানি ব্যবহারের পরামর্শ দেয়। ধোয়ার সময় হাত দিয়ে আলতোভাবে ঘষে নিতে হবে।
শসা, গাজর, মিষ্টি আলুর মতো শক্ত ফল ও সবজি পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন পরিষ্কার ভেজিটেবল ব্রাশ।
ধোয়ার পর পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে মুছে নেওয়া ভালো। এতে বাইরের অংশে থাকা কিছু জীবাণু আরও কমানো সম্ভব।
ফল ও সবজি ধোয়ার জন্য সাবান, ডিটারজেন্ট, ব্লিচ কিংবা বাজারের বিশেষ পরিষ্কারক ব্যবহারের প্রয়োজন নেই। এসব রাসায়নিক খাবারের গায়ে থেকে যেতে পারে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
আরেকটি বিষয় মনে রাখা জরুরি। খোসা ছাড়িয়ে খাওয়ার পরিকল্পনা থাকলেও ফল বা সবজি কাটার আগে ধুয়ে নিতে হবে। তা না হলে ছুরি দিয়ে কাটার সময় বাইরের ময়লা ও জীবাণু ভেতরের অংশে চলে যেতে পারে।
তবে শুধু পানি দিয়ে ধুলেই সব ধরনের জীবাণু বা কীটনাশকের অবশিষ্টাংশ সম্পূর্ণ দূর হবে, এমন নিশ্চয়তা নেই।
কখন খোসা ছাড়িয়ে খাওয়া ভালো
খোসাসহ খাওয়া অনেক ক্ষেত্রে উপকারী হলেও সবার জন্য সব সময় তা উপযুক্ত নয়। বিশেষ করে হজমের সমস্যা থাকলে।
ক্রোহনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস কিংবা অন্ত্রের কিছু সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নির্দিষ্ট পরিস্থিতিতে বেশি আঁশযুক্ত খাবার খেলে অসুবিধা হতে পারে।
বিশেষ করে রোগের উপসর্গ বেড়ে গেলে বা অন্ত্রে সংকীর্ণতা থাকলে চিকিৎসক সাময়িকভাবে কিছু ফল ও সবজির খোসা বাদ দেওয়ার পরামর্শ দিতে পারেন।
তবে এসব রোগ থাকলেই সব সময় খোসা ছাড়িয়ে খেতে হবে, এমন নয়। ব্যক্তির শারীরিক অবস্থা ও সহনশীলতা অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
ফল বা সবজিতে চিতি পড়লে
ফল বা সবজিতে চিতি (মোল্ড) পড়লে সতর্ক হতে হবে। বিশেষ করে শসা বা টমেটোর মতো নরম ফল ও সবজিতে চিতি দেখা গেলে পুরোটা ফেলে দেওয়াই নিরাপদ। কারণ, চিতি দৃশ্যমান অংশের বাইরেও ছড়িয়ে থাকতে পারে।
অন্যদিকে গাজর বা বাঁধাকপির মতো কিছু শক্ত সবজিতে অল্প চিতি দেখা গেলে নির্দিষ্ট শর্তে আক্রান্ত অংশের চারপাশ ও নিচ থেকে অন্তত এক ইঞ্চি কেটে বাদ দিয়ে বাকি অংশ ব্যবহার করা যেতে পারে। তবে সব ফল ও সবজির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
খাবার পচে গেলে, অস্বাভাবিক গন্ধ হলে কিংবা নিরাপত্তা নিয়ে সন্দেহ থাকলে তা না খাওয়াই ভালো।
সব মিলিয়ে, খোসাসহ ফল ও সবজি খাওয়া বাড়তি আঁশ ও কিছু উপকারী উদ্ভিদজাত যৌগ পাওয়ার সহজ উপায় হতে পারে। তবে খোসা খাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খাওয়া।
সূত্র: ইয়াহু হেলথ; যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ); ক্রোহনস অ্যান্ড কোলাইটিস ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের খাদ্যনিরাপত্তাবিষয়ক নির্দেশনা
সূত্র: প্রথম আলো