মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ২.৩৬ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের সব ক্ষেত্রের সব রেকর্ড ভেঙে দিয়েছে জিটিএ ৬। শুধু গেম-প্লে আর গ্রাফিক্সই নয়, এই গেমের ডার্ক চরিত্রগুলোও অত্যন্ত আকর্ষণীয়।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গিয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) নতুন সংস্করণ ‘জিটিএ ৬’। গেমটির আগের সংস্করণ ‘জিটিএ ৫’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এরপর ১৩ বছরের অপেক্ষা, নানা জল্পনা, ট্রেলার ও প্রচারণার মধ্য দিয়ে নতুন পর্বটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আর মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ২.৩৬ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের সব ক্ষেত্রের সব রেকর্ড ভেঙে দিয়েছে জিটিএ ৬। এর আগে কোনও গেম, মুভি, গান লঞ্চ করার সময় তা এত রেভিনিউ পায় নি।
এই গেমের গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা এবং এর প্রাণকেন্দ্র ভাইস সিটি, যা মায়ামি শহরের আদলে তৈরি। এই ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেমটি ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের মূল ধারার অষ্টম সংস্করণ। রকস্টার গেমস ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে গেমটি বিশ্বব্যাপী রিলিজ করেছে। প্রতিটি দেশের স্থানীয় সময় অনুযায়ী রাত ১২টায় গেমটি আনলক হয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী, এটি সেদিন থেকেই খেলা যাচ্ছে। গেমটি খেলা যাবে দুটি প্ল্যাটফর্মে; প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস।
আগের পর্বগুলোর মতো এবারও ফ্রি ওয়ার্ল্ডে ঘুরে বেড়ানো, বিভিন্ন মিশনে অংশ নেওয়া এবং নানা ধরনের চরিত্রের সঙ্গে ইন্টার্যাকশনের সুযোগ আছে। তবে নতুন পর্বের বিশেষ আকর্ষণ ভাইস সিটির আধুনিক পরিবেশ, প্রোট্যাগোনিস্ট জেসন ও লুসিয়ার অপরাধজগৎ এবং তাদের ঘিরে গড়ে ওঠা বৈচিত্র্যময় জীবনযাপন।
গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস।
তবে তাঁদের ঘিরে রয়েছে আরও একদল বিচিত্র চরিত্র। কেউ ঝানু ব্যাংক ডাকাত, কেউ মাদক ব্যবসায়ী, কেউ সংগীতজগতের উচ্চাকাঙ্ক্ষী তরুণ, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা। অপরাধ, অর্থ, খ্যাতি, সংগীত ও বিলাসী জীবনযাপনের মিশেলে তৈরি হয়েছে এই চরিত্রগুলোর জগৎ। গেমটির আকর্ষণ শুধু অ্যাকশন ও অপরাধের গল্পে সীমাবদ্ধ নয়। চরিত্রগুলোর পোশাক, চুলের ছাঁট, অলংকার, গাড়ি, অবসরযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক জীবনও ভাইস সিটির সমকালীন সংস্কৃতিকে তুলে ধরে।
১. জেসন ডুভাল: ক্যাজুয়াল পোশাকে সাবেক সেনাসদস্য
গেমের অন্যতম প্রধান চরিত্র জেসন ডুভাল। সাবেক মার্কিন সেনাসদস্য হলেও বর্তমানে স্থানীয় মাদক চোরাকারবারিদের হয়ে কাজ করেন। তাঁর ব্যক্তিত্বে দেখা যায় স্বাভাবিক, শান্তিপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষার সঙ্গে অপরাধজগতের ঝুঁকিপূর্ণ বাস্তবতার সংঘাত।
জেসনের পোশাকে দেখা যায় ফ্লোরিডার উষ্ণ আবহাওয়ার উপযোগী ক্যাজুয়াল স্টাইল। সাধারণ টি-শার্ট, স্লিভলেস টপ, পোলো শার্ট, শর্টস ও জিনসের মতো পোশাক পরেন তিনি। চুল ছোট করে ছাঁটা, মুখে হালকা দাড়ি। তাঁর সাজপোশাকে নেই অতিরিক্ত চাকচিক্য।
বরং একজন সাধারণ, কর্মঠ ও অ্যাথলেটিক তরুণের প্রেজেন্স ফুটে ওঠে। গাড়ি চালানো, সমুদ্রতীরবর্তী এলাকায় ঘোরাঘুরি এবং স্থানীয় অপরাধীদের সঙ্গে ওঠাবসা তাঁর জীবনযাপনের অংশ।
২. লুসিয়া কামিনোস: আত্মবিশ্বাসী, সাহসী ও আধুনিক স্ট্রিট ফ্যাশন
লুসিয়া জিটিএ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নতুন করে জীবন গড়তে চান তিনি। তবে নিজের ভবিষ্যৎ তৈরির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। তাঁর চরিত্রে রয়েছে আত্মবিশ্বাস, স্বাধীনচেতা মনোভাব ও দৃঢ়তা।
লুসিয়ার ফ্যাশনে আধুনিক স্ট্রিটওয়্যারের প্রভাব স্পষ্ট।
ক্রপ টপ, ফিটেড টপ, শর্টস, জিনস ও শরীরের গড়নের সঙ্গে মানানসই পোশাকে তাঁকে দেখা যায়। কালো চুলের সাধারণ ছাঁট এবং স্বাভাবিক মেকআপ তাঁর লুককে দিয়েছে স্বাতন্ত্র্য।
কখনো ক্যাজুয়াল, কখনো পার্টি কিংবা নাইটলাইফের উপযোগী পোশাকে দেখা যায় তাঁকে। তাঁর স্টাইলের বিশেষত্ব হলো, পোশাকের চাকচিক্যের চেয়ে আত্মবিশ্বাসী উপস্থিতি বেশি গুরুত্ব পায়।
৩. রাউল বাউতিস্তা: ঝুঁকিপূর্ণ জীবন, সঙ্গে আভিজাত্যের ছোঁয়া
বহুদিনের ব্যাংক ডাকাত রাউল বাউতিস্তা। বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন এবং নতুন সহযোগী খুঁজে বেড়ান। তাঁর ব্যক্তিত্বে রয়েছে আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও ঝুঁকি নেওয়ার প্রবণতা।
রাউলের লুকে বয়সের ছাপ থাকলেও সেই সঙ্গে আছে একধরনের পরিশীলিত ভাব। বিভিন্ন সময়ে তাঁকে লাক্সারিপূর্ণ পরিবেশে দেখা যায়। তাঁর জীবনযাপনে অর্থ, ক্ষমতা ও অপরাধজগতের প্রভাব স্পষ্ট। রাউলের চরিত্রের পোশাকেও আছে ম্যানলি ও ক্যাজুয়াল আভিজাত্যের আমেজ।
৪. ব্রায়ান হেডার: ফ্লোরিডার উপকূলীয় লাইফস্টাইলের প্রতিনিধি
ব্রায়ান হেডার একজন অবসর নেওয়া চোরাকারবারি। তবে অপরাধজগতের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো শেষ হয়নি। নিজের মেরিনা থেকে অবৈধ পণ্যের ব্যবসা পরিচালনা করেন। তাঁর তৃতীয় স্ত্রী লরিও এই কাজে সহযোগিতা করেন।
ব্রায়ানের জীবনযাপনে রয়েছে ফ্লোরিডার উপকূলীয় এলাকার ছাপ। নৌকা, মেরিনা, সূর্যাস্ত, অবসর কাটানো তাঁর দৈনন্দিন জীবনের অংশ। পোশাকেও দেখা যায় রিসোর্ট ও বিচ লাইফস্টাইলের প্রভাব। আরামদায়ক শার্ট, ক্যাজুয়াল পোশাক এবং বয়সের সঙ্গে মানানসই লুক তাঁর ব্যক্তিত্বের সঙ্গে যায়। বাইরে থেকে নির্ভার মনে হলেও ব্যবসার ক্ষেত্রে তিনি বেশ নির্মম।
৫. বুবি আইক: গ্যাংস্টার থেকে বিলাসী ব্যবসায়ী
বুবি আইক ভাইস সিটির এমন একজন চরিত্র, যিনি রাস্তার অপরাধজগৎ থেকে উঠে এসে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। আবাসন ব্যবসা, রেকর্ডিং স্টুডিও ও নাইটক্লাবের মালিক তিনি। তাঁর ব্যবসার বড় অংশের পেছনে আছে মাদক থেকে উপার্জিত অর্থ।
বুবির জীবনযাপনে রয়েছে অর্থ ও স্ট্যাটাস প্রদর্শনের প্রবণতা। তাঁর চরিত্রের সঙ্গে মানানসই লুকে দেখা যায় ঝলমলে, রঙিন ও নজরকাড়া স্টাইল। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি তিনি বিনোদনজগতের সঙ্গেও যুক্ত। সংগীত, নাইটক্লাব, পার্টি ও তারকাদের সঙ্গে যোগাযোগ তাঁর জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ। অর্থের প্রতি তাঁর আগ্রহ এবং প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা পোশাক ও ব্যক্তিত্বের মধ্যেও প্রতিফলিত হয়।
৬. ক্যাল হ্যাম্পটন: ঘরকুনো, ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী
ক্যাল হ্যাম্পটন জেসনের বন্ধু। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী এই চরিত্রটি অন্যদের তুলনায় কিছুটা ব্যতিক্রমী। পৃথিবীর নানা ঘটনা নিয়ে তাঁর সন্দেহের শেষ নেই। বাড়িতে বসে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করা, বিয়ার পান করা এবং কোস্ট গার্ডের যোগাযোগের কথাবার্তা শোনা তাঁর পছন্দের কাজ।
ক্যালের ফ্যাশনেও রয়েছে তাঁর নির্লিপ্ত জীবনযাপনের প্রতিফলন। তাঁর লুক খুব বেশি সাজানো-গোছানো নয়। আরামদায়ক ক্যাজুয়াল পোশাক ও সাধারণ সাজপোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। অন্যদের মতো অর্থ, খ্যাতি কিংবা বিলাসী জীবনের প্রতি তাঁর আগ্রহ নেই। ভাইস সিটির ব্যস্ত ও অপরাধপ্রবণ পরিবেশে ক্যাল যেন এক অদ্ভুত স্বভাবের ঘরকুনো মানুষ।
৭. ড্রেকুয়ান প্রিস্ট: সংগীত, স্ট্রিট কালচার ও তারকাখ্যাতির স্বপ্ন
ড্রেকুয়ান প্রিস্টের স্বপ্ন সংগীতজগতে প্রতিষ্ঠিত হওয়া। একসময় জীবিকা নির্বাহের জন্য মাদক বিক্রি করলেও এখন নিজের রেকর্ড লেবেল ‘অনলি র’ রেকর্ডস গড়ে তুলতে ব্যস্ত। বুবি আইকের সঙ্গে তাঁর ব্যবসায়িক অংশীদারত্ব রয়েছে।
ড্রেকুয়ানের চরিত্রে রয়েছে আধুনিক হিপহপ সংস্কৃতির প্রভাব। তাঁর ফ্যাশন ও জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে সংগীত, নাইটক্লাব, পারফরম্যান্স ও নতুন শিল্পীদের আবিষ্কারের বিষয়টি। স্ট্রিটওয়্যার, আরামদায়ক পোশাক এবং সংগীতশিল্পীদের পরিচিত ফ্যাশনধারার সঙ্গে তাঁর চরিত্র মানানসই। ভাইস সিটির সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।
৮. বি-লাক্স ও রক্সি: র্যাপ, গ্ল্যামার ও সোশ্যাল মিডিয়া কালচার
বি-লাক্স ও রক্সি ‘রিয়েল ডাইমেজ’ নামের র্যাপ জুটির সদস্য। স্কুলজীবন থেকে তাঁদের বন্ধুত্ব। একসময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে অর্থ উপার্জন করতেন। পরে সেই অভিজ্ঞতাকে গানের বিষয়বস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
এই দুই চরিত্রের ফ্যাশনে রয়েছে আধুনিক নারী হিপহপ তারকাদের স্টাইলের ছাপ। শরীরের গড়নের সঙ্গে মানানসই পোশাক, নজরকাড়া রং, গয়না, আকর্ষণীয় মেকআপ ও সাজসজ্জা তাঁদের লুকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাঁদের জীবনযাপনে সংগীতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। নিজেদের গান, ভিডিও ও ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করতে চান তাঁরা।
৯. আন্দ্রেস দে লিওন: ক্ষমতা ও প্রভাবের জগতে
আন্দ্রেস দে লিওন ভাইস সিটির একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁর নিরাপত্তার দায়িত্বে কাজ করেন জেসন ও লুসিয়া। মেগামুন্ডো কোম্পানির যুক্তরাষ্ট্রের প্রধান কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে তাঁকে ঘিরেই তৈরি হয় গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ।
আন্দ্রেসের জীবনযাপনে রয়েছে উচ্চবিত্ত সামাজিক পরিমণ্ডলের প্রভাব। বিমানবন্দর, করপোরেট অনুষ্ঠান, সম্মেলনকক্ষ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তাঁর চরিত্রের অংশ। তাঁর পোশাকেও আনুষ্ঠানিক ও পরিশীলিত ফ্যাশনের উপস্থিতি রয়েছে। তবে তাঁর ব্যক্তিগত জীবন, ব্যবসা ও প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
১০. পেট্রা নাভারো: করপোরেট ফ্যাশন ও আধুনিক পেশাজীবী নারী
পেট্রা নাভারো মেগামুন্ডো কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা। অন্য চরিত্রগুলোর মতো অপরাধজগতের সঙ্গে সরাসরি যুক্ত নন তিনি। বরং ভাইস সিটির করপোরেট ও ব্যবসায়িক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ একজন নারী।
তাঁর চরিত্রের সঙ্গে আধুনিক করপোরেট ফ্যাশনের সম্পর্ক আছে। পরিপাটি পোশাক, আনুষ্ঠানিক উপস্থিতি এবং পেশাদার ব্যক্তিত্ব তাঁর পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। উচ্চপর্যায়ের ব্যবসায়িক অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন, পোশাকের বিস্তারিত ধরন এবং গল্পে ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে এখনো পর্যাপ্ত তথ্য প্রকাশ করা হয়নি।
শুধু গেম নয়, ফ্যাশন ও লাইফস্টাইলেরও নতুন জগৎ
জিটিএ সিরিজের বিশেষত্ব হলো, এখানে চরিত্রগুলো শুধু অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাদের পোশাক, গাড়ি, বাড়ি, সংগীত, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নাইটলাইফ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারও গল্পের অংশ হয়ে ওঠে।
এবারের পর্বের চরিত্রগুলো লুকে বিশেষভাবে চোখে পড়বে কয়েকটি বিষয়:
স্ট্রিট ফ্যাশন: টি-শার্ট, ক্রপ টপ, শর্টস, জিনস ও আরামদায়ক পোশাকের ব্যবহার।
হিপহপ সংস্কৃতি: র্যাপ সংগীত, স্ট্রিটওয়্যার, গয়না ও তারকাদের জীবনযাপন।
বিচ ও রিসোর্ট লাইফ: নৌকা, মেরিনা, সমুদ্রসৈকত এবং ফ্লোরিডার উষ্ণ আবহাওয়াকেন্দ্রিক জীবনধারা।
নাইটলাইফ: ক্লাব, পার্টি, সংগীত পরিবেশনা ও বিলাসী বিনোদন।
সোশ্যাল মিডিয়া: অনলাইন জনপ্রিয়তা, ভিডিও কনটেন্ট ও ডিজিটাল তারকাখ্যাতি।
করপোরেট লাইফ: বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক অনুষ্ঠান এবং উচ্চবিত্তদের জীবনযাপন।
সব মিলিয়ে, ‘জিটিএ ৬’ শুধু অপরাধ ও অ্যাকশনের গল্প নয়; বরং আধুনিক আমেরিকার শহুরে সংস্কৃতি, ফ্যাশন, সংগীত, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নানা শ্রেণির মানুষের জীবনযাপনের একটি কাল্পনিক প্রতিচ্ছবি। ভাইস সিটির এই বৈচিত্র্যময় জগতের মধ্য দিয়ে গেমটি এবার আগের চেয়ে আরও বিস্তৃত সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা তুলে ধরতে চায়। আর এই গেমের চরিত্রগুলোর লুকেও এই পুরো ব্যাপারটি ফুটে উঠেছে।
সূত্র: স্পোর্টস্কিডা, হিন্দুস্তান টাইমস, গেইম ৮
সূত্র: প্রথম আলো