পাকিস্তান ক্রিকেটে বদলের হাওয়া। সেই হাওয়ায় এবার ঝরে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এই তিন তারকা ক্রিকেটারের। তাঁদের সঙ্গে বাদ পড়েছেন আরও ৯ জন। নতুন চুক্তির তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন ‘ডেভেলপমেন্ট’ ক্রিকেটাররা।
শনিবার ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেরবারের তুলনায় এবার চুক্তিতে ৮ জন ক্রিকেটার বেশি রাখা হয়েছে। তবে শুধু খেলোয়াড়সংখ্যা বাড়ানো নয়, চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে পিসিবি। এবার নির্দিষ্ট সংস্করণভিত্তিক পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তি।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন। বাবর আজম ও সালমান আলী আগা। সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব পাওয়া বাবর শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২০ নভেম্বর শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে দুই বছর পর সিরিজ জেতান।
সালমান আলী আগাও পেয়েছেন টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি। তবে কয়েক মাস আগে পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়কত্ব করা এই অলরাউন্ডারের এবার টি-টুয়েন্টি চুক্তি নেই। তাঁর জায়গায় অধিনায়ক হওয়া সাহিবজাদা ফারহান পেয়েছেন শুধু টি-টুয়েন্টি চুক্তি।
টেস্ট চুক্তিতে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, সৌদ শাকিল, মোহাম্মদ আব্বাস ও সাজিদ খান। ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
শুধু টি-টুয়েন্টি চুক্তি পেয়েছেন সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাদাব খান ও উসমান তারিক।
তবে এবারের চুক্তিতে সবচেয়ে বড় জায়গা উঠতি ক্রিকেটারদের। ‘ডেভেলপমেন্ট’ নামের এই শ্রেণিতে আছেন ১৯ জন। তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলা তরুণ ক্রিকেটার তায়েব আরিফ ও গাজী ঘোরি। নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহও আছেন এই তালিকায়। উবাইদ এ বছর শুরুতে একটি টেস্টও খেলেন।
চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকাটাও বেশ দীর্ঘ। রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব ছাড়াও জায়গা হয়নি হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের।
২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।
সূত্র: প্রথম আলো