দ্বিতীয় শ্রেণির পরই পড়াশোনা থেমে গিয়েছিল। জীবিকার তাগিদে বেছে নিতে হয়েছিল কাঠমিস্ত্রির পেশা। সেই মানুষটিকেই বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে করা হলো প্রধান অতিথি। তিনি কুষ্টিয়ায় একটি পাঠাগাার গড়ে তোলেন, যার নাম ‘খোকসা কমিউনিটি পাঠাগার’। কাঠের আসবাব তৈরির পাশাপাশি যিনি গড়ে তুলেছেন বই পড়ার এক ভিন্ন জগৎ।
আজ শনিবার পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ইসলাহুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠিত ইসলাহুল উম্মাহ উন্মুক্ত পাঠাগারের খুদে পাঠক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কাঠমিস্ত্রি জসিম উদ্দীনকে। সকাল ১০টায় একাডেমি ক্যাম্পাসের পাঠাগার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দুই শতাধিক পাঠক। তারা সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এবং পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান। সভাপতিত্ব করেন ইসলাহুল উম্মাহ একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাদ বিন আবদুর রউফ।
সম্মেলনে খুদে পাঠকেরা তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য দেয়। তারা বলে, বদ্ধ কক্ষের পরিবর্তে খোলা প্রাঙ্গণে গড়ে তোলা এই পাঠাগার তাদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখান থেকে যেকোনো সময় পছন্দের বই সংগ্রহ করে পড়া যায়। পাঠ্যবইয়ের বাইরেও শেখার সুযোগ তৈরি হয়েছে তাদের।
প্রধান আলোচক আখতার জামান বলেন, ধর্মীয় মূল্যবোধ ও বিজ্ঞানমনস্কতার সহাবস্থান এবং পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তপাঠের এমন আয়োজন ইসলাহুল উম্মাহ একাডেমিকে নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে স্বপ্ন বাস্তবায়নের কর্মশালায় পরিণত করবে। এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।
দ্বিতীয় শ্রেণি পাস একজন কাঠমিস্ত্রিকে বিদ্যালয়ের প্রধান অতিথি করা প্রসঙ্গে সৈয়দা ইসমাত আরা বলেন, ‘আমাদের কাছে জসিম উদ্দীন শুধু একজন কাঠমিস্ত্রি নন। তিনি স্বপ্ন নির্মাণের কারিগর। জ্ঞানচর্চার নীরব সাধক। তাঁর হাতে কাঠের আসবাব তৈরি হয়। আর তাঁর পাঠাগার আন্দোলনের মাধ্যমে তৈরি হচ্ছে আলোকিত সমাজ। শিশুদের সামনে এমন একজন মানুষকে সম্মানিত অতিথি হিসেবে তুলে ধরাও একটি শিক্ষা।’একাডেমির প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা বলেন, শিশুকে প্রকৃত অর্থে জ্ঞানপিপাসু করে তুলতে হলে তার পাঠকে পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখা যাবে না। পাঠ্যবই পরীক্ষার প্রস্তুতি দেয়; কিন্তু ইতিহাস, বিজ্ঞান, গল্প, কবিতা ও উপন্যাসের বিস্তৃত পাঠ একজন শিশুকে জীবন ও সমাজ বুঝতে শেখায়। সেই ভাবনা থেকেই উন্মুক্ত পরিসরে পাঠাগারটি গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও এটি উন্মুক্ত।
দ্বিতীয় শ্রেণি পাস একজন কাঠমিস্ত্রিকে বিদ্যালয়ের প্রধান অতিথি করা প্রসঙ্গে সৈয়দা ইসমাত আরা বলেন, ‘আমাদের কাছে জসিম উদ্দীন শুধু একজন কাঠমিস্ত্রি নন। তিনি স্বপ্ন নির্মাণের কারিগর। জ্ঞানচর্চার নীরব সাধক। তাঁর হাতে কাঠের আসবাব তৈরি হয়। আর তাঁর পাঠাগার আন্দোলনের মাধ্যমে তৈরি হচ্ছে আলোকিত সমাজ। শিশুদের সামনে এমন একজন মানুষকে সম্মানিত অতিথি হিসেবে তুলে ধরাও একটি শিক্ষা।’
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, শৈশবে দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে দ্বিতীয় শ্রেণির পর আর পড়াশোনার সুযোগ হয়নি। পেশায় ক্ষুদ্র কাঠমিস্ত্রি হলেও শিশুদের নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। নতুন প্রজন্মকে বইয়ের জগতে যুক্ত রাখতে নিজের বাড়িতে পাঠাগার গড়ে তুলেছি। এমন অনুষ্ঠানে অতিথি হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
সম্মেলনে ১০ জন খুদে পাঠককে সেরা পাঠক হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
যেভাবে পাঠাগার গড়লেন জসিম উদ্দীনজসিম উদ্দীনের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে। দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতায় দ্বিতীয় শ্রেণির পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন থেমে যায়। জীবিকার প্রয়োজনে কাঠমিস্ত্রির কাজ শুরু করেন। তবে বইয়ের প্রতি ভালোবাসা কমেনি কখনো।
কাঠমিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে বছরের পর বছর বই সংগ্রহ করেছেন জসিম উদ্দীন। ২০১৬ সালের দিকে নিজের বাড়ির আঙিনায় গড়ে তোলেন ‘খোকসা কমিউনিটি পাঠাগার’। সেখানে এখন গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের দুই হাজারের বেশি বই রয়েছে। শিশু-কিশোর, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য পাঠাগারটি উন্মুক্ত।
কাজের ব্যস্ততার মধ্যেও পাঠাগারে সময় দেন জসিম উদ্দীন। শিশুদের বই পড়তে উৎসাহিত করেন। নতুন বই সংগ্রহের চেষ্টা চালান। তাঁর উদ্যোগে পাঠাগারে প্রতিদিন শিশুদের মিলনমেলা বসে।
জসিম উদ্দীনের ভাষায়, ‘আমি বইয়ের মানুষ বলেই আজ সুদূর কুষ্টিয়া থেকে পাবনায় এসে শিশুদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি।’
সূত্র: প্রথম আলো