পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে ইরানের এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ শনিবার এক বিবৃতিতে সেন্টকম ইরানের দাবি নাকচ করে দেয়।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বিমানটি অভিযান বাতিল করে কাছের একটি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
সেন্টকম বিবৃতিতে বলেছে, ‘গতকাল ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। একেবারেই না।’ বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে। প্রতিটি বিমানের অবস্থান সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী অবগত আছে।
চলমান যুদ্ধের মধ্যে এর আগে একাধিকবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। প্রতিবারই এসব দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। এরপর তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। ব্যাহত হয়েছে নৌপথে পণ্য পরিবহন। পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
সূত্র: প্রথম আলো