যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন থেকে বিশ্ব ভাগাভাগির কোনো বড় সমঝোতা আসেনি, এসেছে কেবল একটি সাদামাটা ঘোষণা। তবে কোনো চুক্তির চেয়েও বড় তাৎপর্য লুকিয়ে আছে এর কাঠামোতেই—যেখানে তিন পরাশক্তি এক টেবিলে বসলেও ইউরোপ ছিল সম্পূর্ণ অনুপস্থিত।
১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন যুদ্ধোত্তর বিশ্বের রূপরেখা ঠিক করতে ইয়াল্টা বৈঠকে বসেছিলেন। এর আট দশক পর, শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে একত্র হলেন ডোনাল্ড ট্রাম্প, সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন।
ইয়াল্টার সঙ্গে এই বৈঠকের তুলনা অনিবার্য হলেও প্রায় ৯০ মিনিটের আলোচনা শেষে কেবল চার দফার একটি সাদামাটা যৌথ ‘শান্তি ঘোষণা’ই এসেছে, যা একে নিছক ফটোসেশনে পরিণত করেছে। দৃশ্যটি ২০০০ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের কথা মনে করিয়ে দেয়।
‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এমডিজি) ঘিরে নতুন যুগের সূচনার কথা থাকলেও, দ্য নিউইয়র্ক টাইমস মূল সভার বদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের এক টেবিলে বসার ছবি ছেপে বুঝিয়ে দিয়েছিল—পর্দার আড়ালে আসল কলকাঠি কারা নাড়ছে।
২৬ বছর পর সেই টেবিলের নেতার সংখ্যা পাঁচ থেকে কমে তিনে নেমেছে; যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুপস্থিতির পাশাপাশি পুরো ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) দৃশ্যপট থেকে হারিয়ে গেছে।
ঘোষণাপত্রে যা বলা হয়েছেএবারের আয়োজনস্থল ছিল বিশ্বের অন্যতম প্রযুক্তি-উন্নত শহর শেনজেন, যা কয়েক দশক আগেও ছিল স্রেফ একটি জেলেপাড়া। কাকতালীয়ভাবে ২০০০ সাল ও এবারের—উভয় টেবিলেই বসা একমাত্র নেতা পুতিন। প্রতীকী অর্থে চীন ও রাশিয়াকেই এখানে প্রকৃত বিজয়ী মনে হচ্ছে।
২০২৩ সালের মার্চে মস্কোয় পুতিনকে যেমনটি বলেছিলেন সি চিন পিং: ‘বর্তমানে এমন সব পরিবর্তন ঘটছে, যা আমরা গত ১০০ বছরেও দেখিনি—এবং আমরাই একসঙ্গে এই পরিবর্তনগুলোর নেতৃত্ব দিচ্ছি।’
ইয়াল্টায় মিত্রশক্তি এমন এক যুদ্ধের পরবর্তী ব্যবস্থা নিয়ে একমত হয়েছিল, যেটিতে তারা ইতিমধ্যেই জিতেছিল। কিন্তু শেনজেনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কিংবা আসন্ন মার্কিন-চীন দ্বন্দ্ব নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ আসেনি।
সম্মেলনের সংক্ষিপ্ত ঘোষণাপত্রের সারমর্ম মাত্র কয়েকটি বাক্যেই বলা সম্ভব। প্রথমত, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন নেতা জাতিসংঘকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন—নব্বইয়ের দশকের শুরু থেকে যে লক্ষ্য তাড়া করে ফিরলেও কোনো ফল আসেনি।
তবে শেনজেন কি একটি যুগের সমাপ্তি ঘোষণা করল, নাকি তিন পরাশক্তির নিজেদের ভাগের কেক বুঝে নেওয়ার প্রচেষ্টা ছিল? সৎ উত্তর হলো দুটোই—তবে ইয়াল্টার ছাঁচে যেভাবে ভাবা হচ্ছে, সেভাবে নয়।
দ্বিতীয়ত, স্থিতিশীল জ্বালানিপ্রবাহ নিশ্চিত করতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করেছেন তাঁরা, যা কার্যকর হলে সেটিই হবে এই সম্মেলনের একমাত্র সুনির্দিষ্ট অর্জন।
তৃতীয়ত, রাষ্ট্রের সম্মতি ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তিকে ‘সর্বোচ্চ গুরুত্বপূর্ণ’ ঘোষণা করে তাঁরা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও অনুরূপ সংস্থাগুলোকে ‘এখতিয়ারের অপব্যবহার না করার’ সতর্কবার্তা দিয়েছেন।
আপাতদৃষ্টিতে এটি আইসিসির পরোয়ানাভুক্ত পুতিনের জন্য উপহার মনে হলেও, ‘অনুরূপ সংস্থা’ কথাটি প্রশ্ন তোলে—গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে তদন্ত করা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতো সংস্থাগুলোকেও কি তাঁরা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন? সময়ই তা বলে দেবে।
সবশেষে, ‘পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং তা কখনোই সংঘটিত হওয়া উচিত নয়’—এই কথা পুনর্ব্যক্ত করে ঝুঁকি কমানো ও অস্ত্র বিস্তার রোধে ত্রিপক্ষীয় সংলাপের ঘোষণা দেওয়া হয়েছে। তবে নিজস্ব পারমাণবিক অস্ত্র সীমিত বা হ্রাস করার বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
ঘোষণাপত্রে যা বাদ পড়েছেঘোষণাপত্রে কী আছে তার চেয়ে কী নেই, সেটিই বেশি তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি—ইউক্রেন, ইরান, উত্তর কোরিয়া, গাজা, তাইওয়ান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—এসব সংকটের কোনো উল্লেখই এতে ছিল না।
তিন নেতা নিয়মিত বৈঠকে বসার প্রতিশ্রুতিও দেননি, যার মূল কারণ বেইজিং। বৈঠকের আয়োজক হলেও চীন ইয়াল্টার সঙ্গে এর তুলনা বরাবরই প্রত্যাখ্যান করেছে; সম্মেলনের আগে চীনা বিশ্লেষকেরাও বলেছিলেন, বলয় তৈরি বা প্রভাব বিস্তারের পুরোনো যুক্তি এখানে খাটে না।
এটি নিছক কথার কথা নয়। পূর্ব ইউরোপে রাশিয়াকে একচ্ছত্র প্রভাবের সুযোগ দিয়ে কোনো আনুষ্ঠানিক সমঝোতা করলে, তা সার্বভৌমত্ব ও অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করার চীনা নীতির সঙ্গে সাংঘর্ষিক হতো।
সি চিন পিং বৈঠকের আয়োজন করতে পেরে খুশি হলেও বিশ্বকে ভাগ-বাঁটোয়ারা করার কোনো দলিলে সই করতে রাজি ছিলেন না। ফলে এমন একটি বিবৃতি তৈরি হয়েছে, যেখানে কাউকেই কোনো ছাড় দিতে হয়নি—আর ঠিক এ কারণেই তা কোনো সংকটের মীমাংসা করতে পারেনি।
বৈঠকের টেবিলে অর্থনৈতিক শক্তির ভারসাম্য সমান ছিল না; মূল ওজন ছিল যুক্তরাষ্ট্র ও চীনের। পারমাণবিক সমতা, জ্বালানি ও চলমান যুদ্ধ হাতে থাকলেও রাশিয়ার অর্থনীতির আকার নামমাত্র জিডিপির হিসাবে ইতালির সমান। তবু এই ত্রিপক্ষীয় কাঠামো মস্কোকে বিশ্বের প্রকৃত দুই মেরুর সমকক্ষের মর্যাদা দিয়েছে—আর সেই স্বীকৃতি ও প্রতীকী গুরুত্বই ছিল ক্রেমলিনের প্রধান অর্জন।
কক্ষের বাইরে ইউরোপবিষয়বস্তুর দিক থেকে ইয়াল্টার তুলনা ভুল হলেও একটি ক্ষেত্রে তা অস্বস্তিকরভাবে সঠিক। ২০২৫ সালে বিশ্বের বাকি অংশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য ছিল ৮ ট্রিলিয়ন ইউরোর (৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার) বেশি, যা বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্র বা চীনের চেয়েও বেশি। অথচ টেবিলে ইউরোপের কোনো আসন ছিল না, ঘোষণাপত্রেও নাম আসেনি একবারও।
সেদিনের কূটনৈতিক চালচিত্রটিও ছিল বেশ অর্থবহ। তিন নেতা যখন শেনজেনে বৈঠকে ব্যস্ত, ইউক্রেনের ইউরোপীয় সমর্থকেরা তখন বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে জড়ো হয়েছিলেন, যেখানে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।
অন্য কথায়, ওয়াশিংটন উভয় কক্ষেই উপস্থিত থাকলেও ইউরোপ ছিল কেবল একটিতে—আর মার্কিন প্রেসিডেন্ট তাঁর তথাকথিত মিত্রদের সঙ্গে বার্লিনে না বসে, বসেছিলেন শেনজেনে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সম্মেলনটিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়ে মন্তব্য করেন, ‘এই তিন নেতা মৌলিকভাবে সব বিষয়েই দ্বিমত পোষণ করেন, তাই তাঁরা কোনো বিষয়েই একমত হতে পারবেন না।’ কথাটি চতুর ও ঘোষণাপত্রের ক্ষেত্রে কিছুটা সত্য হলেও, সম্মেলনের এই কাঠামো ইউরোপের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।
শেনজেনের প্রকৃত তাৎপর্য কী বিষয়ে ঐকমত্য হয়েছে তাতে নয়, বরং কাদের ঐকমত্যকে প্রয়োজনীয় মনে করা হয়েছে, তার মধ্যেই নিহিত।
তিন দশক ধরে ব্রাসেলসের বদ্ধমূল ধারণা ছিল, পারমাণবিক ঝুঁকি, জ্বালানি নিরাপত্তা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কারের মতো বৈশ্বিক বিষয়গুলো পশ্চিমা বিশ্বের মাধ্যমেই পরিচালিত হবে, যেখানে ইউরোপ থাকবে ওয়াশিংটনের কনিষ্ঠ কিন্তু অপরিহার্য অংশীদার। স্পষ্টতই সেই দিন আর নেই; দেশে ফেরার পথে বিমান থেকে বার্লিনে জড়ো হওয়া ইউরোপীয় নেতাদের ট্রাম্পের করা ফোনকলটি ছিল স্রেফ অর্থহীন সৌজন্য।
তবে শেনজেন কি একটি যুগের সমাপ্তি ঘোষণা করল, নাকি তিন পরাশক্তির নিজেদের ভাগের কেক বুঝে নেওয়ার প্রচেষ্টা ছিল? সৎ উত্তর হলো দুটোই—তবে ইয়াল্টার ছাঁচে যেভাবে ভাবা হচ্ছে, সেভাবে নয়।
এটি একটি যুগের সমাপ্তি এই অর্থে যে নিয়ম ও প্রতিষ্ঠান দুর্বল-সবল সবাইকে সমানভাবে বেঁধে রাখবে—১৯৯১-পরবর্তী উদারনৈতিক বিশ্বব্যবস্থার এই মূল ভিত্তিটি পৃথিবীর শীর্ষ তিন সামরিক শক্তি লিখিতভাবে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে রাষ্ট্রীয় দায়মুক্তি ও এখতিয়ারের ‘অপব্যবহার’ নিয়ে সতর্কবার্তাই ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যা স্পষ্ট করে যে পরাশক্তিগুলো এখন কেবল নিজেদের সম্মতির বিধিনিষেধই মেনে নেবে।
তবু এটি এখনো কোনো নতুন বিশ্বব্যবস্থা নয়, কারণ ক্ষমতার কেকটি কীভাবে ভাগ হবে তা নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি।
সারকথাতিন নেতাই এসেছিলেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে। ট্রাম্প চেয়েছিলেন এমন একজন ‘ডিলমেকারের’ ভাবমূর্তি, যিনি একসঙ্গে দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বসতে পারেন; পাশাপাশি দেশের মানুষের জন্য জ্বালানি ও এআই-সংক্রান্ত কিছু আলোচনার খোরাক।
পুতিন চেয়েছিলেন ওয়াশিংটন ও বেইজিংয়ের সমকক্ষ হিসেবে স্বীকৃতি এবং কিয়েভ ও ইউরোপকে এই প্রচ্ছন্ন বার্তা দেওয়া যে তাদের ভাগ্য অন্য কোথাও বসেও নির্ধারণ করা যায়। আর সি চিন পিং দেখাতে চেয়েছিলেন বেইজিংই এখন পরাশক্তিগুলোর কূটনীতির প্রধান কেন্দ্র—যদিও তিনি চীনকে বেঁধে ফেলতে পারে এমন কোনো প্রতিশ্রুতিই দেননি।
তিনজনই কাঙ্ক্ষিত ফটোসেশন পেয়েছেন, কিন্তু কেউই অন্যকে দিয়ে কোনো ছাড় আদায় করতে পারেননি।
সুতরাং শেনজেন ইয়াল্টা-ধাঁচের বিশ্ব-বিভাজনের বদলে বরং একটি বিশেষ ‘ক্লাব’-এর সূচনা করল—পারমাণবিক শক্তিধর দেশগুলোর এমন এক অনানুষ্ঠানিক জোট, যারা নিজেদের সুবিধামতো বৈঠকে বসবে এবং বাইরের যেকোনো জবাবদিহি থেকে নিজেদের রক্ষা করবে। আর ইউরোপ, ইউক্রেন, জাপান বা ভারতের মতো বাকি দেশগুলোকে তারা অংশীদার হিসেবে নয়, বরং নিছক আলোচনার বিষয়বস্তু হিসেবে গণ্য করবে।
এ ধরনের ক্লাবগুলোর প্রভাবশালী হয়ে ওঠার জন্য কোনো চুক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন কেবল নিয়মিত বৈঠকে বসার অভ্যাস গড়ে তোলা।
ঘোষণাপত্রের এই অসারতা দেখে ইউরোপীয় রাজধানীগুলোতে স্বস্তি পাওয়ার প্রবণতা তৈরি হতে পারে, কিন্তু তা হবে মস্ত বড় ভুল। শেনজেনের প্রকৃত শিক্ষা এটি নয় যে তিন পরাশক্তি ইউরোপের ভাগ্য নির্ধারণ করে ফেলেছে; বরং শিক্ষাটি হলো—ইউরোপের ভবিষ্যৎ-সংশ্লিষ্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনার আগে তারা আর ইউরোপের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন বোধ করছে না।
নিজ মহাদেশে প্রায় পাঁচ বছর ধরে সংঘাত চললেও ইউরোপীয় নেতারা রাশিয়া-ইউক্রেন সংকটের জন্য একজন বিশেষ প্রতিনিধিও নিয়োগ দিতে পারেননি। সম্ভবত ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস—যিনি একজন কট্টর রুশবিদ্বেষী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও চীনের অবদান সম্পর্কেও অজ্ঞ ছিলেন—এই ভূমিকার জন্য অনুপযুক্ত বুঝতে পেরে কয়েক দিন আগে তাঁরা আলোচনার জন্য সাতজন ভিন্ন প্রতিনিধি বেছে নিয়েছেন।
অন্য কথায়, ‘স্নো হোয়াইট’কে সরিয়ে রেখে তারা ‘সাত বামন’কে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন অবস্থায় ওয়াশিংটন, মস্কো ও বেইজিং তাদের গুরুত্বের সঙ্গে নেবে—সে আশা তারা কীভাবে করে?
এটা ঠিক যে এই তিন দেশের নেতারা অনেক বিষয়েই দ্বিমত পোষণ করেন, কিন্তু ইউরোপের প্রভাব তাঁদের মতবিরোধের ওপর অনন্তকাল নির্ভর করে থাকতে পারে না।
শেনজেন ইয়াল্টা ছিল না; তবে বিপদ হলো, এটি হয়তো তারই একটি মহড়া ছিল।
মার্কো কার্নেলোস একজন সাবেক ইতালীয় কূটনীতিক। মিডল ইস্ট আই থেকে সংক্ষেপে অনূদিত।
সূত্র: প্রথম আলো