অ্যালগরিদম, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গবেষণার স্বীকৃতি হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন বুয়েটের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান। বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের গবেষণা, এআইয়ের ভবিষ্যৎ, বাংলাদেশে কম্পিউটারবিজ্ঞান চর্চার সীমাবদ্ধতা, ডেটা প্রাইভেসি ও প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে। তাঁর সঙ্গে কথা বলেছেন কাজী আকাশ।
.অ্যালগরিদম, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন প্রয়োগ নিয়ে আপনার গবেষণার স্বীকৃতি হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। খবরটা পেয়ে কেমন লেগেছে?
.সোহেল রহমান: দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হওয়া আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের, সম্মানের এবং একই সঙ্গে গভীর দায়িত্ববোধের একটি বিষয়। একজন গবেষক হিসেবে দীর্ঘদিনের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সব সময়ই অনুপ্রেরণাদায়ক। তবে আমি এই স্বীকৃতিকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না, বরং বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণার সক্ষমতার স্বীকৃতি হিসেবেও বিবেচনা করি।
আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী রয়েছেন, যাঁরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক মানের গবেষণা করছেন। তাঁদের সবার পক্ষ থেকে এই স্বীকৃতি অর্জন করতে পেরেছি—এমন অনুভূতি আমার মধ্যে কাজ করে। বিশেষ করে আমার শিক্ষার্থী, সহকর্মী এবং গবেষণা দলের অবদান ছাড়া এই অর্জন কখনোই সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাকে নতুন গবেষণা করতে, তরুণ গবেষকদের এগিয়ে নিতে এবং বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে অনুপ্রাণিত করে।
.বড় কোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরও বেড়ে যায়—মোবারক আহমদ খান, উদ্ভাবক ও বিজ্ঞানী.আপনার গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্ট্রিং অ্যালগরিদম, কম্বিনেটরিকস ও সিকোয়েন্স অ্যানালাইসিস। বাস্তব জীবনের কোন কোন সমস্যা সমাধানে এগুলো কাজে লাগে, সহজ করে যদি বুঝিয়ে বলেন।
.সোহেল রহমান: ভালো কথা বলেছেন। এই শব্দগুলো শুনলে আমরা ভাবি, এসব খুব জটিল গাণিতিক বিষয়, যা শুধু কম্পিউটারবিজ্ঞানী বা গবেষকদের কাজে লাগে। কিন্তু মজার বিষয় হলো, বাস্তবে আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধানেই এগুলো নীরবে কাজ করছে; আমরা হয়তো না বুঝেই এগুলো ব্যবহার করে চলেছি। ধরুন, আপনি গুগলে কিছু খুঁজছেন, মোবাইলে একটি ছবি শনাক্ত করছেন কিংবা একজন চিকিৎসক ডিএনএ পরীক্ষা করে রোগীর রোগের কারণ খুঁজছেন—এসব ক্ষেত্রেই এই প্রযুক্তিগুলোর ভূমিকা রয়েছে।
প্রথমে তিনটি বিষয় সহজ করে বলি। স্ট্রিং অ্যালগরিদম বলতে আমরা অক্ষর, শব্দ বা কোনো ধারাবাহিক লেখাকে বুঝি। খুব সহজে বলতে গেলে, কোনো বড় লেখার মধ্যে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা, বানান ভুল শনাক্ত করা কিংবা একই ধরনের লেখা চিহ্নিত করা—এসব কাজে স্ট্রিং অ্যালগরিদম ব্যবহৃত হয়। যেমন আপনি গুগলে ‘বাংলাদেশের ইতিহাস’ লিখে সার্চ করলে কোটি কোটি ওয়েবপেজের মধ্যে কোথায় আপনার কাঙ্ক্ষিত শব্দ বা তথ্য রয়েছে, তা খুঁজে বের করার পেছনে এ ধরনের প্রযুক্তি কাজ করে।
এবার আসা যাক কম্বিনেটরিকসে। এটি মূলত বিভিন্ন উপাদান কতভাবে সাজানো যায়, নির্বাচন করা যায় বা একত্র করা যায়, তার গাণিতিক বিশ্লেষণ। ধরুন, একটি পরীক্ষায় ১০০ জন পরীক্ষার্থীকে ১০টি কক্ষে বসাতে হবে। কে কোন কক্ষে বসবে, কীভাবে বসলে সুবিধা হবে কিংবা কোনো দুজন নির্দিষ্ট পরীক্ষার্থী যেন পাশাপাশি না বসে—এসব পরিকল্পনা কম্বিনেটরিকসের ধারণা কাজে লাগিয়েই করতে হয়। আবার বিমানের হাজার হাজার ফ্লাইট, ট্রেনের সময়সূচি কিংবা হাসপাতালের চিকিৎসকদের ডিউটি নির্ধারণেও এই ধরনের গাণিতিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু উচ্চমাধ্যমিক পর্যায়েই এ বিষয়ে কিছুটা ধারণা পাই।
আর সিকোয়েন্স অ্যানালাইসিস হলো, আমরা কোনো ধারাবাহিক তথ্য বা ঘটনার মধ্যে সম্পর্ক, পরিবর্তন বা প্যাটার্ন খুঁজে বের করি। যেমন আবহাওয়ার তাপমাত্রা প্রতিদিন কীভাবে পরিবর্তিত হচ্ছে, শেয়ারবাজারের ওঠানামা, রোগীর হৃৎস্পন্দনের ধারাবাহিক রেকর্ড কিংবা ডিএনএর মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য—এসব বিশ্লেষণে সিকোয়েন্স অ্যানালাইসিস ব্যবহৃত হয়। এটি আমাদের শুধু বর্তমান পরিস্থিতি বুঝতে সাহায্য করে না; অনেক ক্ষেত্রে ভবিষ্যতে কী ঘটতে পারে, সে সম্পর্কেও ধারণা দেয়।
সব মিলিয়ে বলা যায়, এই তিনটি বিষয় আমাদের তথ্যের মধ্যে লুকিয়ে থাকা অর্থ, সম্পর্ক ও সম্ভাবনা খুঁজে বের করতে সাহায্য করে।
.নিজের সম্ভাবনাকে কখনো সীমাবদ্ধ ভাববেন না—অধ্যাপক কামরুন্নাহার, অধ্যাপক, উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়.কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সময়ে বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান শিক্ষায় কোন দক্ষতাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? যাঁরা এআই বা অ্যালগরিদম নিয়ে গবেষণা করতে চান, তাঁদের জন্য আপনার পরামর্শ কী?
.সোহেল রহমান: কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির এই সময়ে বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীদের শুধু বর্তমান প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করার সক্ষমতা গড়ে তোলা। আজ আমরা যেসব এআই টুল ব্যবহার করছি, কয়েক বছর পর সেগুলোর অনেক কিছুই বদলে যাবে। তাই শুধু নির্দিষ্ট কোনো সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের এমন মৌলিক দক্ষতা অর্জন করতে হবে, যা প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের এগিয়ে থাকতে সাহায্য করবে।
আমার মতে, প্রথমেই গুরুত্ব দিতে হবে গণিত, যুক্তিনির্ভর চিন্তা, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, প্রবাবিলিটি, স্ট্যাটিসটিকস এবং প্রোগ্রামিংয়ের মৌলিক ভিত্তির ওপর। এআইয়ের অনেক জটিল বিষয় বুঝতে গেলে এই ভিত্তিগুলো অপরিহার্য। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এআইকে শুধু ব্যবহার করতে শেখালে হবে না, এআই কীভাবে কাজ করে, তার সীমাবদ্ধতা কী, কেন কখনো ভুল সিদ্ধান্ত দেয় এবং কীভাবে তার ফলাফল যাচাই করতে হয়—এসবও বুঝতে হবে। একই সঙ্গে ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, সায়েন্টিফিক কম্পিউটিং এবং কম্পিউটেশনাল থিঙ্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তৃতীয়ত, আন্তবিষয়ক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞান, পরিবেশ, কৃষি, পানি ব্যবস্থাপনা কিংবা দুর্যোগ মোকাবিলার সঙ্গে কম্পিউটারবিজ্ঞানকে যুক্ত করতে পারতে হবে। বাংলাদেশের মতো দেশের জন্য এই সমন্বয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
যাঁরা এআই বা অ্যালগরিদম নিয়ে গবেষণা করতে চান, তাঁদের জন্য পরামর্শ হলো—প্রথমে মৌলিক জ্ঞান শক্তিশালী করুন। এরপর একটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে কাজ শুরু করুন। নিয়মিত ভালো গবেষণাপত্র পড়ুন, ছোট ছোট প্রকল্প করুন, নিজের ধারণা পরীক্ষা করুন এবং গবেষণার ফলাফল অন্যদের সঙ্গে আলোচনা করুন।
এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা। এআই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কোন উত্তরটি বিশ্বাসযোগ্য এবং কোন সমস্যাটি সমাধান করা প্রয়োজন—সেটি বুঝতে মানুষের বিচারবুদ্ধি ও বৈজ্ঞানিক চিন্তার প্রয়োজন।
.আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন.আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বায়োইনফরমেটিকস, চিকিৎসাবিজ্ঞানের ছবি বিশ্লেষণ, মহামারি গবেষণা ও পরিবেশবিষয়ক ব্যবস্থায় কাজ করেছেন। এই ক্ষেত্রগুলোর মধ্যে কোন সমস্যাটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে? এআই কীভাবে এসব সমস্যার সমাধানে নতুন সুযোগ তৈরি করছে?
.সোহেল রহমান: গবেষণার ক্ষেত্রে আমি আসলে সর্বভুক প্রকৃতির। আর যেহেতু আমার মূল বিষয় কম্পিউটারবিজ্ঞান, সেহেতু আমার জন্য সর্বভুক হওয়াটা সহজও বটে। কারণ, এমন কোনো বিষয়ের কথা আপনি এখন বলতে পারবেন না, যেখানে কম্পিউটারবিজ্ঞানের ভূমিকা নেই। আপনি যেসব ডোমেইনের কথা বললেন, সবগুলোতে কাজ করেই আমি খুব আনন্দ পাই। আগে একসময় শুধু তাত্ত্বিক বিষয়ে কাজ করলেও এখন আমার মূল পছন্দের জায়গা হলো খুব কঠিন সমস্যাগুলোর বাস্তবধর্মী সমাধান খোঁজা। এবং তা করতে গিয়ে এই সমস্যাগুলো সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
একটি উদাহরণ দিই। আমাদের শরীরের ডিএনএতে লাখ লাখ তথ্য রয়েছে। এই তথ্যের মধ্যে কোথাও লুকিয়ে থাকতে পারে কোনো রোগের কারণ কিংবা কোনো রোগের প্রতি মানুষের সংবেদনশীলতার ইঙ্গিত। আগে এই বিপুল তথ্য বিশ্লেষণ করা ছিল অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। এখন মেশিন লার্নিং ব্যবহার করে অনেক দ্রুত সেই তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ও প্যাটার্ন খুঁজে বের করা সম্ভব হচ্ছে। এটি চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। একইভাবে চিকিৎসাবিজ্ঞানের ছবি—যেমন এমআরআই, সিটি স্ক্যান বা এক্স-রে—বিশ্লেষণ করে এআই চিকিৎসকদের রোগের লক্ষণ শনাক্ত করতে সহায়তা করতে পারে। তবে এখানে একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ: মনে রাখতে হবে, এআই কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়; বরং চিকিৎসকের সিদ্ধান্ত গ্রহণকে আরও তথ্যসমৃদ্ধ ও কার্যকর করার একটি শক্তিশালী টুলমাত্র।
মহামারি গবেষণার ক্ষেত্রেও কোনো রোগ কীভাবে ছড়াচ্ছে, কোন অঞ্চলে সংক্রমণের ঝুঁকি বেশি কিংবা আবহাওয়া ও মানুষের চলাচলের সঙ্গে রোগের বিস্তারের সম্পর্ক কী—এসব বিশ্লেষণে এআই সাহায্য করতে পারে। আমার ছাত্রদের সাহায্যে আমরা ম্যালেরিয়া, কোভিড-১৯-এর জন্য এজেন্ট বেইজড মডেল তৈরি করেছি। এর মাধ্যমে আমরা শুধু রোগের বিস্তার পর্যবেক্ষণ নয়, বরং আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগও তৈরি করতে পেরেছি।
আপনি পরিবেশের কথাও বলেছেন। এ ক্ষেত্রে অবশ্য আমার কাজের ক্ষেত্রটা মূলত ভূগর্ভস্থ পানি নিয়ে, যেহেতু আমার অর্ধাঙ্গিনী এ বিষয়ে একজন বিশেষজ্ঞ। আমি তাঁর সঙ্গে কোলাবোরেট করেছি। আমরা মেশিন লার্নিং ব্যবহার করে বাংলাদেশের জন্য জাতীয় পর্যায়ের ভূগর্ভস্থ পানির একটি ম্যাপ তৈরি করেছি। এখন স্যাটেলাইটের ছবি নিয়েও কিছু কাজ করছি, যেখানেও এআইয়ের ব্যবহার করা হচ্ছে। স্যাটেলাইটের ছবি, আবহাওয়ার তথ্য, নদীর প্রবাহ এবং ভূগর্ভস্থ পানির উপাত্ত বিশ্লেষণ করে এআইভিত্তিক মডেল আমাদের এসব পরিবর্তন আরও ভালোভাবে বুঝতে এবং ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করতে পারে।
এআইয়ের সবচেয়ে বড় শক্তি হলো এটি বিচ্ছিন্ন তথ্যের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে পারে, যা মানুষের পক্ষে অনেক সময় সহজে দেখা সম্ভব হয় না। তবে এআই নিজে কোনো জাদু নয়। নির্ভুল, প্রাসঙ্গিক ও পর্যাপ্ত তথ্য এবং তার সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞান, মানুষের অভিজ্ঞতা ও দায়িত্বশীল ব্যবহার—এই সবকিছুর সমন্বয়েই এআই সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজে লাগতে পারে। আমি ভাইভা বোর্ডে মাঝে মাঝে প্রশ্ন করি যে একটা রোবট কখনো রেসিস্ট হতে পারে কি না। আসলে আপনি তাকে ট্রেনিং করার সময় যেমন তথ্য দেবেন, সেটাই তার আউটকামকে নির্ধারণ করবে।
*লেখাটি ২০২৬ সালে বিজ্ঞানচিন্তার নভেম্বর সংখ্যায় প্রকাশিত.বিজ্ঞানীর সবচেয়ে বড় ক্ষমতা হলো মানসিক শক্তি
সূত্র: প্রথম আলো