পুয়ের্তো রিকোয় আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তার আগে আজ বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। পাশাপাশি চূড়ান্ত পর্বের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। দুটি পর্বে নিজেদের উপস্থাপন করেন প্রতিযোগীরা। বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিও অংশ নেন দুই পর্বে। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে তাঁর পোশাক, সাজ ও মঞ্চে উপস্থাপনায় ছিল ভিন্নতা। ফাইনালের আগে ফাতিমা বোশের সঙ্গে একটি আয়োজনেও দেখা গেছে মাহিকে। তিন আয়োজনে কেমন ছিল তাঁর সাজ, দেখে নেওয়া যাক
১. সুইমস্যুট পর্বে নীল-ল্যাভেন্ডারের মিশেলপ্রিলিমিনারি রাউন্ডের সুইমস্যুট পর্বে মাহিকে দেখা যায় বরফনীল ও ল্যাভেন্ডার রঙের মিশেলে তৈরি ফিটেড জাম্পস্যুটে। লম্বা হাতা ও উঁচু গলার পোশাকটির মূল আকর্ষণ ছিল এর কাট ও শরীরের সঙ্গে মানানসই সিলুয়েট। প্রচলিত সুইমস্যুটের বদলে এই জাম্পস্যুট বেছে নিয়ে মঞ্চে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন মাহি।
২. প্রজাপতির ডানার মতো কেপজাম্পস্যুটটির সবচেয়ে নজরকাড়া অংশ ছিল পেছনে যুক্ত বিশাল স্বচ্ছ অর্গানজার কেপ। নীলাভ কাপড়ের কেপটি দুই পাশে হাতের সঙ্গে আটকানোর ব্যবস্থা ছিল। ফলে মঞ্চে হাঁটার সময় দুই দিকে ছড়িয়ে পড়ছিল কাপড়টি। তৈরি হচ্ছিল অনেকটা প্রজাপতির ডানা মেলার মতো দৃশ্য। এই কেপই তুলনামূলক সরল নকশার জাম্পস্যুটটিকে দিয়েছে নাটকীয় মাত্রা।
৩. ইভনিং গাউনে রুপালি ঝলকপ্রিলিমিনারি রাউন্ডের ইভনিং গাউন পর্বে মাহি পরেছিলেন রুপালি আভাযুক্ত শ্যাম্পেন রঙের একটি ফিগার-হাগিং গাউন। শরীরের গড়ন অনুসরণ করে তৈরি পোশাকটির গলার অংশে ছিল স্বচ্ছ কাপড়ের ইলিউশন নেকলাইন।
বুকের দুই পাশে রুপালি পাথর ও সিকুইনের কাজে ফুটিয়ে তোলা হয়েছিল সূর্যরশ্মির মতো নকশা। নিচের দিকে গাউনটি সরু হয়ে নেমে এসেছে। পেছনে যুক্ত হালকা নীল রঙের স্বচ্ছ কেপ পোশাকটিতে যোগ করেছে বাড়তি নাটকীয়তা।
৪. উঁচু খোঁপা ও ঝলমলে মেকআপইভনিং গাউনের সঙ্গে চুল টেনে উঁচু করে খোঁপা বেঁধেছিলেন মাহি। কানে ছিল ঝলমলে পাথর বসানো ছোট দুল।
চোখের সাজে ব্যবহার করেছেন গাঢ় আইশ্যাডো, আইলাইনার ও ঘন মাসকারা। ঠোঁটে ছিল হালকা গোলাপি ন্যুড লিপস্টিক। উজ্জ্বল, মসৃণ ফিনিশের মেকআপে সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ।
৫. বর্তমান মিস ইউনিভার্সের সঙ্গে মাহিফাইনালের আগে বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের সঙ্গেও দেখা গেছে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে। আজ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ফাতিমার এক বছরের মিস ইউনিভার্স অধ্যায়। আগামীকাল নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দেওয়ার কথা তাঁর।
৬. সোনালি গাউনে অন্য রূপেফাতিমা বোশের সঙ্গে আয়োজনে মাহি পরেছিলেন শ্যাম্পেন-সোনালি রঙের ঝলমলে স্ট্র্যাপলেস গাউন। পোশাকটির নকশায় ছিল জেলিফিশের আকৃতির ছোঁয়া।
সোনালি ঝিলমিলে কারুকাজ ও সূক্ষ্ম ঝালরের সমন্বয়ে গাউনটি পেয়েছে আধুনিক ও আভিজাত্যপূর্ণ চেহারা। আগের দুই সাজের তুলনায় এখানে মাহির চুল ছিল খোলা ও পরিপাটি করে সাজানো। সঙ্গে জমকালো মেকআপ পুরো সাজে এনেছে গ্ল্যামার।
সূত্র: প্রথম আলো