যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কেশবপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আবদুল্লাহ আল মামুন (২৫) মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি। তিনি যশোরের কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা।
পারিবারের অভিযোগ, আবদুল্লাহ আল মামুন রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় আসেন। এ সময় এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। সেদিন বিকেলে তাঁকে কেশবপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
.কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এ অভিযোগে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দেন। মারধর করা হয়েছে কি না, জানতে চাইলে সম্রাট বলেন, যাঁরা তাঁকে ধরেছেন, তাঁরা দু–একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।
.সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।—হাফিজুর রহমান, ওসি, কেশবপুর থানা
.ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, তাঁর ছেলে কোনো অন্যায় করেননি। তবু তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
.আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, আজ সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
.যশোর সাংবাদিক ইউনিয়ন গতকাল রাতে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, আবদুল্লাহ আল মামুন তাঁদের সংগঠনের সদস্য। রোববার বিকেলে কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন তাঁরা।
সূত্র: প্রথম আলো