কিছুদিন আগে একজন উদ্ভিদপ্রেমী জানতে চান, সর্পগন্ধা ও অশ্বগন্ধা একই গাছ কি না? তিনি কখনো গাছ দুটি দেখেননি, নাম শুনেছেন। তাঁকে গাছ দুটির ছবি পাঠিয়ে পার্থক্যটা বুঝিয়ে বলি। এই দুই উদ্ভিদ নিয়ে অবশ্য অনেকের মধ্যেই বিভ্রান্তি বা অস্পষ্টতা রয়েছে। সর্পগন্ধা ও অশ্বগন্ধা—এই দুই নামের শেষাংশে মিল থাকায় মূলত এমন বিভ্রান্তি। এই দুই উদ্ভিদের মধ্যে আরেকটি সাদৃশ্য হলো দুটি উদ্ভিদই ঔষধি গুণে অনন্য। তবে এই গাছ সচরাচর দেখা যায় না। সর্পগন্ধা বিভিন্ন বাগানে যেমন দেখেছি, তেমনি বনের ভেতর প্রাকৃতিক আবাসেও দেখেছি। অশ্বগন্ধা দেখেছি বিভিন্ন নার্সারি ও নাটোরের ঔষধি বাগানগুলোতে।
অশ্বগন্ধাঅশ্বগন্ধা ভারতের শুষ্ক অঞ্চলগুলোর উদ্ভিদ। এটি (Withania somnifera) বহুবর্ষজীবী, শাখাহীন বীরুৎ জাতীয় গাছ, সাধারণত দেড় মিটার পর্যন্ত উঁচু হতে পারে। ভেষজ এই উদ্ভিদের পাতা হালকা সবুজ রঙের। মূল কাণ্ড থেকে মখমলের মতো সূক্ষ্ম রোমশ শাখা-প্রশাখাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। পাতা অনুজ্জ্বল সবুজ রঙের, ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার এবং সাধারণত ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পত্রকোণে ফুল ফোটে। ফুল ছোট, সবুজ রঙের ও ঘণ্টা আকৃতির। ফুলের পর কমলা রঙের ফল ধরে, যা পাতলা কাগজের মতো আবরণ বা বৃতির ভেতরে ঢাকা থাকে। ফল গোলাকার, পাকলে হলুদ-বাদামি রঙের হয়। ফুল ও ফলের মৌসুম অগ্রহায়ণ থেকে পৌষ অবধি বিস্তৃত। কলম ও বীজের সাহায্যে এ গাছের বংশবিস্তার হয়। গাছের শিকড় টনিক হিসেবে পরিচিত। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সহজলভ্য। দেশের বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছ হিসেবে চাষ করতে দেখা যায়।
অশ্বগন্ধা ঔষধি গুণের জন্য বিখ্যাত। এ গাছের পাতা ও মূল শক্তি বাড়াতে এবং স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে। এ ছাড়া গাছের উল্লিখিত অংশ মাথাব্যথা, খিঁচুনি, অনিদ্রা, কাশি, বাত, দুর্বলতা ও মুখের ঘায়ে ব্যবহৃত হয়। আয়ুর্বেদ মতে, অশ্বগন্ধার অপর নাম বলদা ও বাজিকরি। সুতরাং অশ্বগন্ধার তৈরি মহৌষধে শরীরের পুষ্টিশক্তি বৃদ্ধির যে কথা উল্লেখ করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইন্দ্রিয় শৈথিল্যেও এটি একটি শ্রেষ্ঠ ওষুধ।
প্রাচীনকালে শৌখিন নারীরা ত্বকচর্চার অংশ হিসেবে অশ্বগন্ধার মূল বেটে সারা গায়ে প্রলেপ দিত, তাতে দেহকান্তির উজ্জ্বলতা ফুটে উঠত। আবার মেয়েদের নানা রোগেও অশ্বগন্ধা ব্যবহৃত হয়। সুনিদ্রার জন্য অশ্বগন্ধাচূর্ণ চিনিসহ পান করলে উপকার পাওয়া যায়। গাছটির মূল বেটে ব্যথাস্থানে প্রলেপ দিলে বাত-ব্যথা ভালো হয়। দীর্ঘকালীন শুকনো কাশিতে অশ্বগন্ধার মূল মাটির হাঁড়িতে রেখে আগুনে পুড়ে গুঁড়া করে আধগ্রাম মাত্রায় একটু মধুসহ খেতে হয়। তাতে ভালো ফল পাওয়া যায়। আমাদের দেশে দুধের ছানা করার জন্যও অশ্বগন্ধার বীজের ব্যবহার লক্ষ করা যায়।
মনে করা হয়, অশ্বগন্ধা ভারতবর্ষে ৩০০০ থেকে ৪০০০ বছর ধরে মানসিক ও শারীরিক চাপ মোকাবিলায় সহায়তাকারী অত্যন্ত কার্যকর টনিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই উদ্ভিদে ‘উইথানিন’ ও ‘সোমনিফেরিন’ নামক অ্যালকালয়েড থাকে, যা স্নায়বিক সমস্যা, অন্ত্রের সংক্রমণ এবং কুষ্ঠরোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর।
সর্পগন্ধাঢাকায় দু–একটি বাগানে সর্পগন্ধা দেখেছি অনেক বছর আগে। ফুল বেশ আকর্ষণীয় হওয়ায় দৃষ্টি কেড়েছিল। ২০১৮ সালের দিকে মধুপুর বনে কয়েকটি গাছ দেখে নিশ্চিত হলাম সর্পগন্ধা আমাদের দেশে প্রাকৃতিকভাবেও জন্মে। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে গাজীপুরের শালবনেও কিছু গাছ দেখেছি। তবে সংখ্যায় কম। প্রায় ২৮ বছর দেশের বনবাদাড়ে ঘুরে মাত্র দুটি স্থানে প্রাকৃতিক আবাসে দেখা গেল গাছটি। এই চিত্র থেকেই সর্পগন্ধার বাস্তব পরিস্থিতি অনুমান করা যায়। বনাঞ্চল উজাড় হতে থাকায় প্রাকৃতিক আবাস থেকে গাছটি হারিয়ে যেতে বসেছে। সর্পগন্ধা প্রধানত ঔষধি গুণের জন্য বিখ্যাত। এ কারণে অনেক বাগানেই গাছটি সংরক্ষণ করা হয়। আবার ফুলের সৌন্দর্যও কম নয়। গোলাপি আর লালের মিশেলে অপূর্ব রঙের কারুকাজ।
সর্পগন্ধার (Rauvolfia serpentina) প্রচলিত অন্য নাম সর্পাদনী ও সর্পক্ষী। সৌন্দর্যের বিচারেও গাছটি অনন্য। এটি গুল্মশ্রেণির ছোট গাছ, ১ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা লম্বাটে, উজ্জ্বল সবুজ, ঘনবদ্ধ। কাণ্ডের আগায় একগুচ্ছ গোলাপি ফুল, ফোটে গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত। ফল পর্যায়ক্রমে প্রথমে সবুজ, পরে কালো বা নীলচে-কালো, পাকে বর্ষায়। বিভিন্ন পদ্ধতিতে ফল সংরক্ষণ করা হয়। বংশবৃদ্ধি বীজ ও শাখা কলমে।
গাছটির সর্পগন্ধা নামের সঙ্গে কি আদৌ সাপের কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইংরেজি নাম ‘ইন্ডিয়ান স্নেকরুট’ থেকে বাংলা নামকরণের যথার্থতার একটি সূত্র পাওয়া যায়। ভেষজ শাস্ত্রমতে, গাছটি বিষধর সাপের দংশনে প্রাথমিক চিকিৎসায় বেশ কার্যকর। প্রকৃত অর্থেও এ গাছ চমৎকার ঔষধি গুণসম্পন্ন। শুধু ভেষজ চিকিৎসায়ই নয়, হোমিওপ্যাথি চিকিৎসায়ও এর উপযোগিতা রয়েছে। কবিরাজরা উচ্চ রক্তচাপ, অনিদ্রা, অধিক উত্তেজনা, কালাজ্বর, পেটব্যথা, পেটের পীড়া ইত্যাদি জটিল রোগে এ গাছের পাতা, কাণ্ডের রস ও শিকড় থেকে প্রতিষেধক তৈরি করেন।
সূত্র: প্রথম আলো