পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা। সেখান থেকে কামরাঙ্গীরচর ও রায়েরবাজার হয়ে গাবতলী। রাজধানীর ভেতরের ব্যস্ত সড়ক এড়িয়ে যানবাহন চলাচলের এমন একটি পথ তৈরির উদ্যোগ এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচরের লোহারপুল পর্যন্ত সরু সড়ক আট লেনে উন্নীত করা হচ্ছে। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি অংশ নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা গাবতলীমুখী যানবাহন এই বিকল্প পথ ব্যবহার করতে পারবে।
এই পথের সুবিধা শুধু দূরপাল্লার যাত্রীদের জন্য নয়। যেসব যানবাহনের গন্তব্য ঢাকার কেন্দ্রীয় এলাকা নয়, সেগুলো শহরের ভেতরের সড়ক এড়িয়ে যেতে পারলে স্থানীয় যানবাহনের ওপরও চাপ কমবে। একই সড়কে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত আর আন্তজেলা যানবাহনের চলাচল মিলে যে চাপ তৈরি হয়, তার একটি অংশ সরে যাবে রাজধানীর দক্ষিণ-পশ্চিম প্রান্তের এই পথে। তবে এর সুফল নির্ভর করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রায়েরবাজার থেকে গাবতলী পর্যন্ত অংশের ওপর। সড়কের এই অংশটি উন্নয়নের জন্য এখন সওজের নিয়ন্ত্রণে আছে বলে ডিএনসিসির এক কর্মকর্তা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাস্তবায়নাধীন ইনার সার্কুলার রিং রোডের প্রথম ধাপের ভৌত অগ্রগতি ৫২ শতাংশ। রায়েরবাজার–লোহারপুল অংশের কাজ শেষ করার নতুন সময়সীমা আগামী বছরের জুন। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত দ্বিতীয় ধাপ বাস্তবায়নে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২০০ কোটি টাকা।
তবে প্রথম ধাপ শেষ হলেই পোস্তগোলা থেকে গাবতলী পর্যন্ত পুরো বিকল্প পথের সুবিধা মিলবে না। এ জন্য দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পাশাপাশি রায়েরবাজার থেকে গাবতলীমুখী সংযোগও কার্যকর থাকতে হবে। প্রথম ধাপের নির্মাণকাজ চলছে, আর দ্বিতীয় ধাপ এখনো অনুমোদনের অপেক্ষায়।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, করপোরেশনের অন্য কাজগুলোর মধ্যে এই কাজের অগ্রগতি বেশি ভালো। নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ সরকার শিগগিরই অনুমোদন দেবে বলে তিনি আশা করছেন।
দৃশ্যমান হচ্ছে প্রশস্ত সড়ক
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়েরবাজার থেকে লোহারপুল পর্যন্ত প্রকল্প এলাকার পুরো অংশে কাজ চলছে। একসময়ের সরু সড়কের জায়গায় ১২০ ফুট চওড়া পথের অবয়ব দৃশ্যমান হয়েছে। তবে সব জায়গায় কাজের অবস্থা এক নয়। কোথাও সড়কের বিভিন্ন স্তর তৈরি হচ্ছে, কোথাও চলছে সংশ্লিষ্ট অবকাঠামোর কাজ। প্রশস্ত সড়কের জায়গা তৈরি হলেও পুরো পথ এখনো নির্মাণাধীন।
প্রথম ধাপের মূল সড়কটি ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ। পরিকল্পনা অনুযায়ী মাঝের চার লেন হবে এক্সপ্রেসওয়ে। দুই পাশের চার লেন থাকবে সার্ভিস রোড বা স্থানীয় যানবাহন চলাচলের জন্য। ফলে দূরপাল্লার গাড়ির চলাচল ও আশপাশ এলাকার মানুষের যাতায়াতের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। মূল পথের সঙ্গে স্থানীয় সড়ক যুক্ত করতে নির্মাণ করা হচ্ছে দুই কিলোমিটার সংযোগ সড়ক।
সড়কের এই বিন্যাসে একজন দূরপাল্লার যাত্রী মূল চার লেন ধরে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে স্থানীয় যানবাহন চলবে পাশের সার্ভিস রোডে। পথচারীর জন্য থাকবে ফুটপাত ও পারাপারের সেতু। বাস থামার নির্ধারিত জায়গাও রাখা হয়েছে, যাতে যাত্রী ওঠানামার ব্যবস্থা সড়কের পরিকল্পনার মধ্যেই থাকে। প্রকল্পে দুই পাশে মোট ১০ কিলোমিটার ফুটপাত ও ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন), তিনটি যানবাহন পারাপারের ওভারপাস ও তিনটি পদচারী–সেতু রয়েছে। বাস থামার ছয়টি নির্ধারিত স্থান ও ছয়টি যাত্রীছাউনিও নির্মাণের কথা। এসব সুবিধা স্থানীয় বাসিন্দাদের সড়ক ব্যবহারের সুযোগ বাড়াবে।
প্রকল্পের অগ্রগতির নথি অনুযায়ী, ফুটপাত ও ড্রেনের সমন্বিত কাজ হয়েছে সাড়ে ছয় কিলোমিটার। মূল সড়কের ১ দশমিক ৭০ কিলোমিটার অংশে বিটুমিনের একটি স্তর দেওয়া হয়েছে। তিনটি ওভারপাসের কলাম নির্মাণ শেষ হয়েছে; গার্ডার তৈরির কাজও এগিয়েছে। ফলে সড়কের পাশাপাশি ওপর দিয়ে যানবাহন পারাপারের কাঠামোও গড়ে উঠছে।
শহরের ভেতরে চাপ কমবে যেভাবে
প্রকল্পটির মূল ভাবনা হলো যেসব যানবাহনের ঢাকার ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, সেগুলোর জন্য আলাদা পথ তৈরি করা। পদ্মা সেতু পেরিয়ে আসা কোনো গাড়ির গন্তব্য গাবতলী বা সেখান থেকে আরও দূরে হলে সেটি পোস্তগোলা থেকেই বিকল্প পথে যেতে পারবে। কামরাঙ্গীরচর ও রায়েরবাজার হয়ে গাবতলীর দিকে এগোনোর সুযোগ থাকলে কেন্দ্রীয় এলাকার ব্যস্ত সড়ক ব্যবহারের প্রয়োজন কমবে।
এতে আন্তজেলা যানবাহনের একটি অংশ শহরের ভেতরের সড়ক থেকে সরে যাওয়ার সুযোগ তৈরি হবে। স্থানীয় বাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের সঙ্গে দূরপাল্লার গাড়ির চাপও তখন কিছুটা ভাগ হবে। যাত্রী পরিবহনের পাশাপাশি এই বিকল্প সংযোগ রাজধানীর সড়ক ব্যবস্থাপনার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে কত যানবাহন নতুন পথ ব্যবহার করবে বা শহরের কোন সড়কে কতটা চাপ কমবে, তার নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। প্রত্যাশিত সুবিধা পেতে পুরো পথের সংযোগ, ওঠানামার ব্যবস্থা এবং যান চলাচল ব্যবস্থাপনা কার্যকর হতে হবে। কোনো অংশ অসম্পূর্ণ থাকলে প্রশস্ত সড়কের পুরো সুবিধা পাওয়া কঠিন হবে।
পোস্তগোলার সংযোগে দ্বিতীয় ধাপ
প্রস্তাবিত দ্বিতীয় ধাপে লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত আট কিলোমিটার রাস্তা নির্মাণের পাশাপাশি সাত কিলোমিটার উড়ালসড়ক রাখা হয়েছে। পোস্তগোলায় এই সড়কে ওঠানামার পথের মোট দৈর্ঘ্য প্রায় এক দশমিক ৬০ কিলোমিটার। সদরঘাট টার্মিনালের জন্যও এক কিলোমিটার ওঠানামার পথের প্রস্তাব রয়েছে।
পরিকল্পনায় আটটি আন্ডারপাস, ফুটপাত ও ড্রেন, বাস থামার জায়গা, যাত্রীছাউনি এবং টোল প্লাজাও রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করার পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নকে এই ধাপের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় ধাপের প্রস্তাবিত মেয়াদ ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। পুরো ব্যয় সরকারি অর্থায়নে জোগানের প্রস্তাব রয়েছে। অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত হওয়ার পর এই অংশের নির্মাণ এগোনোর সুযোগ তৈরি হবে। পোস্তগোলা থেকে প্রথম ধাপের সড়কে যানবাহন পৌঁছানোর জন্য এই সংযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নতুন মেয়াদে কাজ শেষ করার লক্ষ্য
প্রথম ধাপের সংশোধিত ব্যয় ১ হাজার ১৪ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৩ সালের অক্টোবরে অনুমোদন পাওয়া প্রকল্পের কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল। এখন সময়সীমা ২০২৭ সালের ৩০ জুন। নির্মাণকাজ করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
প্রকল্প সূত্রে জানা যায়, কাজ শেষ করতে বিদ্যুৎ অবকাঠামো স্থানান্তর ও জমি অধিগ্রহণের বিষয়ও রয়েছে। প্রকল্পে প্রায় ৪৮০টি বৈদ্যুতিক খুঁটি ও ৮টি টাওয়ার সরানোর কাজ অন্তর্ভুক্ত। বিদ্যুতের বিভিন্ন লাইন স্থানান্তর এগোলেও সব কাজ শেষ হয়নি। তাই সড়ক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজও এগিয়ে নিতে হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ১ জুলাই অনুষ্ঠিত সভায় বৈদ্যুতিক টাওয়ার অগ্রাধিকার দিয়ে স্থানান্তর এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। দ্বিতীয় ধাপের প্রকল্প প্রস্তাব তৈরির বিষয়েও সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
রায়েরবাজার–লোহারপুল অংশে এখন দৃশ্যমান প্রশস্ত সড়ক। এটিকে পোস্তগোলার সঙ্গে যুক্ত করাই পরবর্তী বড় কাজ। প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, এই সড়কের নির্মাণকাজ শেষ হলে রাজধানীর ভেতরের সড়কে যানজট অনেকটাই কমে যাবে। কাজে যাতে কোনো গাফিলতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো