পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬ আয়োজন করছে গুলশান ক্লাব লিমিটেড। এ উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর ২০২৬) ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ক্রীড়া ও সৌহার্দ্যের এই মিলনমেলা শুরু হবে ২৬ নভেম্বর থেকে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
২০১৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনে ২০১৯ সালে ৯টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী ও ৯টি ইভেন্ট নিয়ে যে যাত্রার শুরু, ২০২৫ সালে তা পৌঁছেছে ২২টি ক্লাব, ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারী, ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে।
.এবারের অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। ক্লাবগুলো প্রতিযোগিতা করবে ১৯টি ইভেন্টে: আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্নুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিস। গত আসরে অলিম্পিয়াডে যুক্ত হয়েছিল প্যাডেল ও ওয়েটলিফটিং। এবার নতুন করে যোগ হচ্ছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ।
সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু) বলেন, ‘এবার আমরা আরও বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করছি। সামাজিক ক্লাবগুলোকে একসুতোয় গাঁথাই এই ক্রীড়া আয়োজনের মূল লক্ষ্য।’ আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এবার মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ যুক্ত হওয়ায় আমাদের আরও অনেক সদস্য অংশ নেওয়ার সুযোগ পাবেন।’
.সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো