সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী শাখায় বার্ষিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর বনানী ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের উদ্ভাবিত ২৫টি প্রকল্প প্রদর্শিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘কৌতূহল জাগাই, আগামীর রূপ গড়ি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার। এ ছাড়া উপস্থিত ছিলেন বনানী শাখার অধ্যক্ষ কর্নেল ই. এম. মোরশেদ আলম এবং প্রতিষ্ঠানের অন্য পাঁচটি শাখার অধ্যক্ষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার এম. এ. রশীদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড এ-কিউ-এ-এর শাহীন রেজা এবং গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাবিয়ান ফাল্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বিচারকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও ইংরেজি অনুবাদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিজেদের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরে। শিক্ষার্থী আহনাফ হালিম গোয়েথে-ইনস্টিটিউটের ‘রিইমাজিনিং ওয়েস্ট’ শীর্ষক বর্জ্য পুনর্ব্যবহার ও নতুন পণ্য তৈরির কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতা জানায়। পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের বায়ো-ডিজাইন কার্যক্রমের বই প্রণয়ন কর্মশালার অভিজ্ঞতাও তুলে ধরে। অন্যদিকে, সুমাইয়া বিনতে আলম বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার-আপ হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে।
.ঢাকায় শুরু হচ্ছে কসমিক হারস্টোরি প্রদর্শনী.আনুষ্ঠানিক পর্ব শেষে ছিল সংগীত পরিবেশনা। এরপর দ্য গ্রেট ইনভেনশন শোডাউন শীর্ষক নাটক মঞ্চস্থ হয়। পরে অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থীদের তৈরি ২৫টি প্রকল্প ঘুরে দেখেন। এসব প্রকল্পে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরা হয়।
প্রকল্পগুলো দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে। বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ড এ-কিউ-এ-এর কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, প্রদর্শনীগুলো ছিল অসাধারণ, সুপরিকল্পিত এবং প্রাণবন্ত উপস্থাপনায় সমৃদ্ধ।
.কাপ্তাইয়ে আয়োজিত হলো ‘পাহাড়ে বিজ্ঞান’ উৎসব
সূত্র: প্রথম আলো