সারা জীবন গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সমৃদ্ধ করেছেন দেশের সংগীতজগৎ। তাঁদের কণ্ঠের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই শিল্পীদেরই অনেক সময় চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাইতে হয়। নেই অবসরজীবনের আর্থিক নিরাপত্তা, নেই রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার নিশ্চয়তা। অন্যদিকে শিল্পীদের গাওয়া গান নিয়ে অডিও-ভিডিও ও ইউটিউবে ব্যবসা হলেও তাঁরা প্রাপ্য রয়্যালটি পাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সংগীতশিল্পীদের এমন বাস্তবতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা।
আজ বুধবার সকালে সংগীতশিল্পী মুহিন খানকে উদ্দেশ করে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন কনকচাঁপা। সেখানে নতুন প্রজন্মের শিল্পীদের ভবিষ্যৎ, সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার ঝুঁকি, শিল্পীদের আর্থিক নিরাপত্তাহীনতা ও মেধাস্বত্বের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর মতে, একজন শিল্পী সারা জীবন গানকে পেশা হিসেবে আঁকড়ে ধরে মানুষের জন্য কাজ করলেও জীবনের শেষ ভাগে এসে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পান না।
কনকচাঁপা লিখেছেন, একজন শিল্পী যখন তারকাখ্যাতি পান, তখন গান গেয়েই সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, পরিবারের দায়িত্বসহ নানা ব্যয় বহন করতে হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ ও আয় কমে আসে। তখন সন্তানদের উচ্চশিক্ষা, বিয়ে, নিজের চিকিৎসা কিংবা বাসস্থানের মতো বড় দায়িত্বগুলো সামলানো কঠিন হয়ে পড়ে। অথচ একজন শিল্পীর জন্য নেই কোনো পেনশনব্যবস্থা কিংবা অবসরজীবনের সুরক্ষা।
শিল্পীদের চিকিৎসার অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। এ প্রসঙ্গে আলাউদ্দিন আলী, বশীর আহমেদ, আবদুল আলীম, আবদুল জব্বার, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু, সুবীর নন্দী ও এন্ড্রু কিশোরের মতো কিংবদন্তি শিল্পীদের নাম উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, দেশের সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা এসব শিল্পীর প্রতি রাষ্ট্র ও সমাজের দায় কতটুকু?
এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের প্রসঙ্গ টেনে কনকচাঁপা লিখেছেন, ‘কিশোরদার সামাজিক অবদানের মূল্যের কাছে তাঁর চিকিৎসার দুই কোটি টাকা কোনো টাকাই না।’ তাঁর মতে, একজন অনন্য শিল্পী দেশের সম্পদ। তাঁকে বাঁচানোর দায়িত্ব সমাজ, সংসার ও সরকার সম্মিলিতভাবে নিতে পারে। সরকার চাইলে শিল্পীদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়ার উদ্যোগও নিতে পারে।
কনকচাঁপার আক্ষেপ, একজন শিল্পী সারা জীবন গান গেয়ে সমাজকে আনন্দ দিয়েছেন, মানুষের জীবনকে সমৃদ্ধ করেছেন। অথচ অসুস্থ হলে তাঁর চিকিৎসার জন্য সহায়তা চাইতে হয়। এমন পরিস্থিতিতে শিল্পীর পাশাপাশি তাঁর পুরো পরিবারও আর্থিক সংকটে পড়তে পারে। শিল্পীদের অবদান বিবেচনায় তাঁদের জন্য রাষ্ট্রীয় চিকিৎসাসুবিধা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
শিল্পীদের আর্থিক অনিশ্চয়তার আরেকটি বড় কারণ হিসেবে মেধাস্বত্ব ও রয়্যালটির বিষয়টিও তুলে ধরেছেন কনকচাঁপা। তাঁর অভিযোগ, চলচ্চিত্রের জন্য গাওয়া গান নিয়ে একসময় অডিও-ভিডিও ক্যাসেটের ব্যবসা হয়েছে। এখন সেই গানই ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, সেখান থেকেও আয় হচ্ছে। কিন্তু গানের মূল কণ্ঠশিল্পী ও স্রষ্টারা তাঁদের প্রাপ্য অর্থ কতটা পাচ্ছেন, সেই প্রশ্ন থেকেই যায়।
এ প্রসঙ্গে কনকচাঁপা লিখেছেন, ‘আমরা ছবির গান ছবির জন্যই গেয়েছিলাম। ভিডিও, অডিও ক্যাসেটের জন্য নয়। অথচ সে রমরমা ব্যবসায়ের অধ্যায় শেষ করে এই গানগুলো এখন ইউটিউবে বেজে বেজে টাকা পাচ্ছে সে গানের পরিবেশকেরা, অথচ আমরা যে জায়গায়, সেই জায়গাতেই আছি।’
নিজের কণ্ঠ ও সৃষ্টির ওপর শিল্পীর অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেছেন কনকচাঁপা। তাঁর মতে, একজন শিল্পী নিজের অর্থে গান তৈরি করে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে প্রকাশ করলেও অনেক সময় সেই কনটেন্টের মালিকানা নিয়ে জটিলতার মুখে পড়তে হয়। নতুন প্রজন্মের শিল্পীদের মেধাস্বত্ব ও ডিজিটাল মাধ্যমে আয়ের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে কনকচাঁপা লিখেছেন, তাঁদের নিয়ে অনেক আশা ও স্বপ্ন রয়েছে। তবে সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে এই পেশার অনিশ্চয়তা সম্পর্কেও তাঁদের জানা প্রয়োজন। কারণ, জনপ্রিয়তা ও তারকাখ্যাতি থাকলেও একজন শিল্পীর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
সবশেষে নিজের আক্ষেপের কথা জানিয়ে কনকচাঁপা লিখেছেন, ‘আমি অবশ্যই একজন ইতিবাচক ভাবনার মানুষ। কিন্তু এসব দেখে দেখে ইদানীং খালি মনে হয়, বাংলাদেশের শিল্পীদের মূল পেশা হিসেবে গানকে বিবেচনা করার মতো অবস্থা আসলেই আসেনি। এ আমার দুঃখের অনুভব, হৃদয়ের রক্তক্ষরণ। তোমরা আমাকে ভুল বুঝো না। আমাকে ক্ষমা করে দিয়ো।’
সূত্র: প্রথম আলো