গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অর্থায়নের অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা। তাঁদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরাও রয়েছেন। তাঁদের আয়কর নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এনবিআরের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচটি উপজেলার এসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের আওতায় আনা হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, কোটালীপাড়ার ৩২ জন, মুকসুদপুরের ১৪ জন এবং কাশিয়ানীর ১৯ জন করদাতা রয়েছেন।
.এনবিআরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের ব্যাংক হিসাব জব্দের মাধ্যমে অর্থ লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হবে। গত কয়েক দিনে এসব হিসাব জব্দ করা হয়েছে।
.ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সেরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাবিউল আলম সিকদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ প্রমুখ।
সূত্র: প্রথম আলো