যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের উইচিটা থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবখানে উৎসবের জোয়ার। প্রাণের উচ্ছ্বাসে উইচিটা যেন হাসছে। কনকনে শীতে প্রতিটি ঘরের আঙিনা সাজাতে ব্যস্ত সবাই। বিশেষ করে বোটানিকা সেজেছে অন্য আলোয়। মানুষ শহরের বড় মলগুলোতে থ্যাংকসগিভিং ও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যে যার মতো পছন্দসই পণ্যের ছাড় পেতে রাত জেগে অপেক্ষা (ফান) করতে রাজি। অপরদিকে কেউ–বা ইয়া বড় সাইজের টারকি মুরগি কিনতে ওয়াল মার্টে ভিড় করছে। সব মিলিয়ে উইচিটা ‘ক্রিসমাস ভিলেজে’ পরিণত হয়েছে।
ঐতিহাসিকদের মতে, ১৬২১ সালের শরতে বর্তমান ম্যাসাচুসেটসের প্লাইমাউথ এলাকায় সফল ফসল কাটার পর প্রায় ৫০ জন ইংরেজ বসতি স্থাপনকারী এবং অন্তত ৯০ জন ওয়াম্পানোয়াগ আদিবাসী একসঙ্গে ভোজ ও মিলিত হন। সেই থেকে যাত্রা শুরু থ্যাংকসগিভিংয়ের। এটি প্রধানত একটি ধর্মনিরপেক্ষ ও পারিবারিক উৎসব। ফসল কাটার মৌসুম ও প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর মূল কথা। মূলত উত্তর আমেরিকার ঔপনিবেশিক ইতিহাস, ফসল উৎসব এবং উনিশ শতকের মার্কিন গৃহযুদ্ধের জাতীয় ঐক্যের প্রয়োজনে গড়ে ওঠা ঐতিহ্যে। অন্যদিকে ক্রিসমাসের ভিত্তি খ্রিষ্টধর্মীয় বিশ্বাস হলেও এর সময়কাল ও অনেক উৎসবের আবহ প্রাচীন রোমান শীতকালীন সংস্কৃতি ও দীর্ঘ ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। খ্রিষ্টীয় ভিত্তি হিসেবে ক্রিসমাস যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। বিশ্বের বেশির ভাগ দেশে এটি বড় কোনো উৎসব নয়। থ্যাংকসগিভিং এবং ক্রিসমাস—উভয় উৎসবেরই আধুনিক রূপটি শতাব্দীর পর শতাব্দী ধরে বদলেছে এবং বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্তর পেরিয়ে আজকের অবস্থায় এসেছে। তবে এদের সূচনা ও বিকাশের পথ দুটি সম্পূর্ণ ভিন্ন। বৈশ্বিক উদ্যাপনের দিক থেকে ক্রিসমাস বিশ্বের বহু দেশে সরকারি ছুটি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক উভয়ভাবেই বড় উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনে সাজসজ্জা, উপহার বিনিময় এবং ছুটির আমেজে মেতে ওঠেন। যুক্তরাষ্ট্রে—থ্যাংকসগিভিং পারিবারিক মিলনমেলা, ভ্রমণ এবং সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকে ক্রিসমাসের প্রায় সমান গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো