নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় কেজিতে এক থেকে চার টাকা বেশি খরচ করতে হচ্ছে। এই দাম বেড়েছে প্রায় তিন সপ্তাহ আগে। এখনো সেই বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। তবে মুরগি ও ডিম কিনতে গিয়ে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। গত ১৫ দিনের মধ্যে এ দুই পণ্যের দাম কমেছে।
এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে মৌসুম শেষ হয়ে আসায় গ্রীষ্মকালীন কয়েকটি সবজির দাম তুলনামূলক বেশি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
.বিক্রেতারা জানান, গত সপ্তাহে রাজধানীর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছিল কেজিতে এক থেকে দুই টাকা। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, এসব চাল গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
বিভিন্ন ধরনের চালের মধ্যে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিপ্রতি ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৮০ টাকা। ব্যবসায়ীরা গত সপ্তাহে জানিয়েছিলেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে থাকায় দাম বেড়েছে। নতুন মৌসুমের চাল বাজারে এলে দাম কমতে পারে। আর নাজিরশাইল চালের সঙ্গে মিনিকেট চালের দামও বাড়িয়েছে মিলগুলো।
.রাজধানীর বাজারে গত এক মাসে মুরগি ও ডিমের দাম কমেছে। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং হাইব্রিড ধরনের সোনালি মুরগি (কালারবার্ড) প্রতি কেজি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। ১৫ দিন আগেও ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০–৩৩০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ কেজিতে দাম কমেছে ১০–২০ টাকা। এ ছাড়া ফার্মের মুরগির ডিমের দামও প্রতি ডজনে ১০ টাকা কমেছে। গতকাল বাদামি রঙের এক ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতের সময় মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে যায়। অন্যদিকে আগের তুলনায় উৎপাদনও বেড়েছে। এ দুই কারণে বাজারে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। তবে মুরগির দাম কমলেও গরুর মাংসের দামে তেমন পরিবর্তন নেই। গতকাল প্রতি কেজি গরুর মাংস ৭৫০–৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
.মাছের বাজারে স্বস্তি নেই
মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও মাছের দাম কমেনি; বরং কিছু মাছের দাম বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ ও কাতলা মাছের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গতকাল বাজারে দুই থেকে চার কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা মাছ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া পাবদা মাছ প্রতি কেজি ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। কয়েক মাস ধরে এ দামেই এসব মাছ বিক্রি হচ্ছে।
.সবজির দাম স্থিতিশীল
গত সপ্তাহে বৃষ্টির কারণে কয়েক ধরনের সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছিল। অবশ্য এক–দুই দিনের মধ্যে তা আবার কমে যায়। গতকাল বাজারে প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা ও লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি কেজি দেশি টমেটো ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৬০ টাকা ও কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে মৌসুম শেষ হয়ে আসায় গ্রীষ্মকালীন কয়েকটি সবজির দাম তুলনামূলক বেশি রয়েছে। এর মধ্যে প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, এক মাসে চিচিঙ্গার দাম প্রায় ৫৮ শতাংশ, ঢ্যাঁড়সের দাম ৫৫ শতাংশ, বরবটির দাম ৫৪ শতাংশ এবং করলার দাম ৪৬ শতাংশ বেড়েছে।
.বাজারে নতুন আলুর সরবরাহ বেড়েছে। তবে দাম এখনো বেশ চড়া। গতকাল প্রতি কেজি নতুন আলু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া শসা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা ও পেঁয়াজপাতা ৮০ টাকায় বিক্রি হয়েছে।
মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা গৃহিণী সালমা বেগম গতকাল সকালে টাউন হল বাজারে পণ্য কিনতে যান। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাসায় মানুষ বেশি। মাসে ২৪–২৫ কেজি নাজিরশাইল চাল লাগে। চালের দাম বাড়ায় এখন খরচ বাড়বে ১০০ টাকা। শীতের সবজির দাম আগের চেয়ে কমলেও এখনো তা বেশিই বলব।’
সূত্র: প্রথম আলো