আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এটি মূলত মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
.আজ শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনে দলীয় সংসদ সদস্য ও প্রার্থীদের পাশাপাশি মহানগর ও জেলার শীর্ষ পর্যায়ের নেতা এবং দলের অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে যৌথ সভা হয়। সভার পর সংবাদ সম্মেলনে ১ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
.যৌথ সভার সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমরা বিজয়ের মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছি, তার উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১ ডিসেম্বর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বেলা দুইটা থেকে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।’
এর আগে বেলা ১১টা থেকে শুরু হওয়া যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান ছাড়াও দলের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো