বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে ইলিশ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারজুড়ে ইলিশ আহরণ ও বাণিজ্য থেকে প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় হয়।
বাংলাদেশে ইলিশ উৎপাদনে এক দশক ধরে ধারাবাহিক উন্নতি করলেও গত তিন বছরে এ উৎপাদন কমছে। ভারতে উৎপাদন মোটামুটি ঠিক থাকলেও মিয়ানমারেও উৎপাদন কমছে। ইলিশ কমে যাওয়ার পেছেন প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি নানা কারণ আছে। তিন দেশের সম্মিলিত উদ্যোগ ছাড়া সংকটের মুখে পড়া ইলিশ রক্ষা সম্ভব নয়।
‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এই আঞ্চলিক কর্মশালায় এমন মতামত দেন তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবাদী, মৎস্যকর্মীরা। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
ইলিশ নিয়ে বিশেষ করে বাঙালির বড় আবেগ রয়েছে। আজ মন্ত্রী বললেন, ‘ইলিশ বাংলাদেশের মানুষের পরিচয়ের অংশ।’
কিন্তু এ পরিচয় কি ফিকে হতে বসেছে? তথ্যউপাত্ত কিন্তু তাই বলছে। এ ক্ষেত্রে বাংলাদেশের কথাই বেশি করে বলতে হবে। কারণ, বিশ্বে যত ইলিশ আছে তার ৮০ ভাগের বেশি বাংলাদেশের সাগর বা জলসীমায় আহরণ বা উৎপাদন হয়। সেই বাংলাদেশে ২০২২–১৩ সালে ইলিশ উৎপাদন হতো ৩ লাখ ৫১ হাজার টন। আর ২০২২–২৩ অর্থবছরে এর উৎপাদন উঠেছিল চূড়ায়, ৫ লাখ ৭১ হাজার টন। এর পর থেকে ধারাবাহিক অবনমন। গত তিনটি অর্থবছরে ১০ শতাংশ কমে গেছে এ উৎপাদন। আজ এমন হতাশার চিত্র দেন অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠকারী, বিশিষ্ট ইলিশ গবেষক মোহাম্মদ আনিছুর রহমান। এর কিছু কারণ তুলে ধরেন তিনি। এর মধ্যে আছে অতি এবং অবৈধ আহরণ, ইলিশের বিচরণস্থলে জেগে ওঠা চর, দূষণ, নিষিদ্ধ জালের ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়ন বেড়ে যাওয়া—এসব। কিন্তু এই হতাশাই শেষ কথা নয়। এ পরিস্থিতি তো গ্রাহ্যও নয়। কারণ, ইলিশের সবচেয়ে উৎপাদনকারী বাংলাদেশ তো দেখিয়েছে যে কার্যকর ব্যবস্থা নিলে ইলিশের মতো মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। বাংলাদেশের নেওয়া ব্যবস্থা এখন ভারত ও বাংলাদেশের মতো ইলিশ পাওয়া দেশ দুটোর কাছে মডেল।
আনিছুর রহমান বলেন, ইলিশ একটি আন্তদেশীয় পরিযায়ী মাছ। জীবন চক্রের বিভিন্ন পর্যায়ে এটি নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের মধ্যে বিচরণ করে। ফলে একাধিক দেশের মৎস্যসম্পদ ও জেলে সম্প্রদায়ের মধ্যে যোগসূত্র তৈরি হয়। এ কারণে ইলিশের কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের আঞ্চলিক সমন্বিত উদ্যোগ। এ ক্ষেত্রে পরিবেশগত প্রক্রিয়ার পাশাপাশি মৎস্যসম্পদের সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিকগুলোও বিবেচনায় নিতে হবে।
ইলিশের উৎপাদন কমে যাওয়ার তথ্য বাংলাদেশ সরকার স্বীকার করছে। আজকের অনুষ্ঠানে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদও বললেন, ইলিশের উৎপাদন কমে যাওয়া আমাদের জন্য শঙ্কার। বাংলাদেশ কিন্তু ইলিশে ভালো অগ্রগতি অর্জন করেছিল। তিন বছর থেকে পরিস্থিতি প্রতিকূলে। অতি আহরণ একটি বড় বিষয়। আছে নিষিদ্ধ জালের ব্যবহার। কিন্তু সরকার এসব কর্মকাণ্ড বরদাশত করবে না। তিনি বলেন, মানুষের সৃষ্ট এসব কর্মকাণ্ডের পাশাপাশি ডুবোচর বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনও কারণ।
ইলিশের বর্তমান কমে যাওয়ার প্রবণতা রোধে তাই আঞ্চলিক সহযোগিতা এখন অপরিহার্য বলে মনে করেন মন্ত্রী। কারণ, তাঁর মতে, ইলিশ বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের জলসীমায় বিচরণকারী। পরিযায়ী চরিত্রের কারণে তিন দেশেই এটি পাওয়া যায়। তাই এর সুরক্ষায় তিনটি দেশকেই এ ক্ষেত্রে এগিয়ে আসতে হব। আর এসব দেশ যে ব্যবস্থাপনা পদ্ধতি নেবে তা হতে হবে বিজ্ঞানভিত্তিক। সেখানে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এর মতো অত্যাধুনিক পন্থাকেও সঙ্গী করতে হবে।
ইলিশ নিছক একটি যে মাছ নয়, এর সঙ্গে অর্থনীতির বড় যোগাযোগ, সে কথাও উঠে আসে মন্ত্রীর কথায়। তিনি বলেন, মৎস্যজীবী ও তাঁদের পরিবার, পরিবহনশ্রমিক, প্রক্রিয়াজাত কর্মী, বিক্রেতা ইত্যাদি নানা শ্রেণির লাখ লাখ মানুষ এর সঙ্গে জড়িত। ইলিশ তাই অনেকের জীবিকার অংশ। ইলিশের উৎপাদনের কথা বলে তাই মানবিক ও জীবিকার দিক যেন আমরা ভুলে না যাই, সে কথা বারকয়েক স্মরণ করিয়ে দিলেন মন্ত্রী। ইলিশ ধরার সঙ্গে যে বিপুল মানুষ যুক্ত দেখতে হবে তাঁদের দিক। মন্ত্রী এ ক্ষেত্রে স্মরণ করেন দাদনদারদের কথা। যাদের কাছে থেকে দরিদ্র মৎস্যজীবীরা চড়া সুদে ঋণ নেন। এ ঋণ হয়তো সাময়িকভাবে উপকার করে। কিন্তু শেষতক অনেকের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এসব মানুষ যাতে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ, ক্ষুদ্র ঋণ পায় তার ব্যবস্থা করার তাগিদ দেন মন্ত্রী।
আজকের কর্মশালায় বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার–গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বাংলায় যাকে বলা যায়, বঙ্গোপসাগর কর্মসূচি আন্তসরকারি সংস্থার পরিচালক পি কৃষ্ণান। তিনি বলেন, ইলিশের আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। আজ ইলিশের যে সংকট দেখা দিয়েছে তা থেকে উত্তরণে তিন দেশের সহযোগিতা দরকার। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে।
ভারতের ইলিশ গবেষক অমিয় সাহু সংকট মেটাতে কয়েকটি প্রস্তাব দেন। এর মধ্যে আছে এ মাছের একটি বড় ও শক্তিশালী ডেটাবেজ তৈরি, ইলিশ ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার জন্য আন্তসরকার সহযোগিতা।
ইলিশ মিয়ানমারেও পাওয়া যায়। কিন্তু সে বঙ্গোপসাগরসংলগ্ন এ দেশেও ইলিশের উৎপাদন কমছে। দেশটিতে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের সাবেক প্রধান কিন মং সোয়ে বলেন, মিয়ানমারে অনেক স্থানে অনিয়ন্ত্রিত মাছ ধরা হয়। মাছ কমে যাওয়ার পেছনে এটি একটি কারণ।
এই আঞ্চলিক কর্মশালার আয়োজক প্রতিষ্ঠান ছিল বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার–গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ফিশ।
তিন দিনের এ কর্মশালায় আয়োজনের আহ্বায়ক, খ্যাতনামা ইলিশ গবেষক আব্দুল ওয়াহাব। তিনি বলেন, ইলিশের কমতে থাকা প্রবণতা নিয়ে আমাদের মধ্যে হতাশা আছে। কিন্তু হতাশাই শেষ কথা নয়। যদি বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা যায়, তবে ইলিশ তার আগের অবস্থায় ফিরবে।
এই ইলিশের হাল ফেরাতে করণীয় নিয়ে তিন দিনের কর্মশালায় অভিন্ন এই মৎস্যসম্পদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার সম্ভাবনা একাধিক প্রবন্ধে তুলে ধরা হবে। আজও তুলে ধরা হয়েছে কয়েকটি। আজ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এ টি এম ফারুক–উল ইসলাম। বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিত মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মাসুমা হাবীব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. লতিফুল ইসলাম প্রমুখ।
সূত্র: প্রথম আলো