রাস্তার পাশে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন এক ব্যক্তি। সুর শুনে কয়েকজন তরুণ ও এক নারী তাঁর পাশে জড়ো হয়েছেন। কেউ অনুরোধ করছেন বাংলা গানের সুর বাজাতে, কেউ আবার শুনতে চাইছেন হিন্দি গানের সুর। বাঁশি হাতে থাকা মানুষটি একে একে তাঁদের পছন্দের গানের সুর তুলে ধরছেন। কখনো দেশাত্মবোধক গান, কখনো পুরোনো দিনের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান। বাঁশির সুরে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে শুনছেন পথচারীরাও।
গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কের পাশে এমন চিত্র দেখা গেল। বাঁশি হাতে যিনি বিভিন্ন গানের সুর তুলছিলেন, তাঁর নাম আবদুল জলিল। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টর–সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন। জন্ম থেকে তাঁর এক চোখ অন্ধ। নিজের এক চোখে দৃষ্টিশক্তি না থাকলেও বাঁশির সুরে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আবদুল জলিলের ভাষ্য, তিনি ৩৫ থেকে ৪০ বছর ধরে বাঁশি বাজিয়ে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বাঁশির সুরই তাঁর উপার্জনের পথ। এই বাঁশির সুরের প্রতি ভালোবাসাই তাঁকে এত বছর এই পেশায় ধরে রেখেছে।
বাংলা ও হিন্দি দুই ভাষার গানই বাঁশিতে তুলতে পারেন জলিল। পুরোনো দিনের কোনো গানের নাম বললে চেষ্টা করেন সেই গানের সুর বাজিয়ে শোনাতে। রাস্তার ওপর দাঁড়িয়ে তিনি কনকচাঁপার গাওয়া দেশাত্মবোধক গান ‘এক নদী রক্ত পেরিয়ে’, শাহনাজ রহমতউল্লাহর ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি’ এবং বাউলসম্রাট লালন ফকিরের ‘মিলন হবে কত দিনে’ গানের সুর তুলে শোনান। এরপর শোনালেন আমির খান অভিনীত ‘রাজা হিন্দুস্তানি’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘পরদেশি পরদেশি জানা নেহি’ এবং সাজেন চলচ্চিত্রের ‘বহুত পেয়ার কারতে হে তুমকো, সানম’-এর সুর।
আবদুল জলিল বলেন, বাঁশি বিক্রি করে দিনে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়ে কোনোমতে সংসার চালান। মাঝেমধ্যে বাঁশি বিক্রি না হলে তখন রিকশা চালান। তবে বাঁশির প্রতি তাঁর টান বেশি। সেই টান থেকেই বাঁশি বাজানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
অভাবের সংসারে টানাটানি আছে। কিন্তু বাঁশি বাজানো নিয়ে স্ত্রী কিংবা সন্তানদের কাছ থেকে কখনো বাধা পাননি। বরং তাঁরা তাঁকে উৎসাহ দেন। বড় মেয়েকেও বাঁশি বাজানো শিখিয়েছেন আবদুল জলিল। তিনি বলেন, ‘যখন বাঁশি বাজাই, আশপাশে মানুষ জড়ো হয়। মুগ্ধ হয়ে শোনে। সেটাই আমার ভালো লাগে। এই ভালো লাগার মায়ায় পড়ে এত বছর কেটে গেল।’
জলিলের কাছে তালিম নিয়েছেন শতাধিক ব্যক্তি
লেখাপড়া জানেন না আবদুল জলিল। তবে বাঁশি বাজানো শিখিয়েছেন অনেককে। তিনি বলেন, শতাধিক মানুষকে তিনি বাঁশি বাজানো শিখিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ তাঁর কাছ থেকে সুর তোলার কৌশল শিখেছেন, কেউ শিখেছেন বাঁশি বাজানোর প্রাথমিক পাঠ।
শুধু বাঁশি নয়; একতারা, দোতারা, বেহালা ও হারমোনিয়ামও বাজাতে পারেন আবদুল জলিল। বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে পরিচিত তিনি। তবে বাঁশির প্রতি তাঁর আলাদা টান। জলিল বলেন, ‘আড়বাঁশি নামে যে বাঁশিটা আছে, সেটা ১২ বছর সাধনার পর সুর তুলতে পেরেছি।’
বাঁশি বাজানো ও বিক্রি করেই দিন কাটে তাঁর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরে ঘুরে বেড়ান। কখনো রাস্তার পাশে, কখনো পার্কের কাছে দাঁড়িয়ে বাঁশি বাজান। সুর শুনে কেউ বাঁশি কিনতে এগিয়ে আসেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে গান শোনেন। এভাবেই চলে তাঁর দিন।
তবে বর্তমান যুবসমাজ বাদ্যযন্ত্রের চর্চা থেকে দূরে সরে যাচ্ছে বলে আক্ষেপ করেন আবদুল জলিল। তিনি বলেন, আগে বাঁশি বেশি বিক্রি হতো। কিন্তু বর্তমান যুবসমাজ এসব বাদ্যযন্ত্র পছন্দ করেন না। বাদ্যযন্ত্র কিংবা এ ধরনের সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত থাকলে তরুণদের জন্য ভালো। এতে তাদের মন ভালো থাকবে, ভালো কাজে আগ্রহ বাড়বে। মাদক থেকে দূরে থাকবে।
সূত্র: প্রথম আলো