যুক্তরাষ্ট্রের মিজৌরি নদীতে বাস করে নীলচে রঙের একধরনের মাছ। নাম ব্লু সাকার। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, মাছটি বড়জোর ৪০ বছর বাঁচে; কিন্তু নতুন এক গবেষণায় জানা গেছে, এই মাছের কোনো কোনোটি ১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অর্থাৎ কোনো কোনো মাছ নদীতে টিকে থাকে এক শতাব্দীর বেশি সময়।
কমিউনিকেশনস বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানা যায়, বিজ্ঞানীরা প্রায় ৫০টি ব্লু সাকার মাছ সংগ্রহ ও পরীক্ষা করেন। এর মধ্যে ৬০ শতাংশের বেশি মাছের বয়স ৯০ বছরের ওপরে। সবচেয়ে বয়স্ক মাছটির বয়স পাওয়া গেছে ১৩১ বছর।
মাছের বয়স নির্ধারণে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন বিশেষ এক পদ্ধতি। মাছের কানের ভেতরে থাকে অতি ক্ষুদ্র ক্যালসিয়াম-গঠিত অঙ্গ, যাকে বলা হয় অটোলিথ বা কর্ণপাথর। গাছের কাণ্ডের বলয়ের মতো এগুলোতেও প্রতিবছর নতুন স্তর তৈরি হয়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই স্তর গুনে মাছের বয়স নির্ধারণ করা যায়।
.তবে শুধু এই পদ্ধতির ওপর নির্ভর করেননি গবেষকেরা। তাঁরা ব্যবহার করেছেন পারমাণবিক বোমা পরীক্ষার সময় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় কার্বন-১৪-এর চিহ্ন। ১৯৫০–এর দশকের শেষ ভাগ ও ১৯৬০–এর দশকের শুরুর দিকে পারমাণবিক বোমা পরীক্ষার কারণে বায়ুমণ্ডলে কার্বন-১৪-এর পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে গিয়েছিল। সেই কার্বনের চিহ্ন জীবদেহেও রয়ে গেছে। মাছের অটোলিথে থাকা সেই চিহ্ন বিশ্লেষণ করে বয়স নির্ধারণের হিসাব যাচাই করেন বিজ্ঞানীরা।
.গবেষণায় আরেকটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। মিজৌরি নদীতে বয়স্ক মাছের সংখ্যা বেশি হলেও নতুন প্রজন্মের মাছ খুব কম। গত শতকের মাঝামাঝি নদীতে বড় বড় বাঁধ নির্মাণের পর নতুন মাছের সংখ্যা কমে যাওয়ার প্রবণতা দেখা গেছে। মাছের আবাসস্থল বিচ্ছিন্ন হয়ে পড়া এর সম্ভাব্য কারণগুলোর একটি বলে মনে করছেন গবেষকেরা।
এক শতাব্দীর বেশি সময় ধরে নদীর পরিবর্তন, মানুষের কর্মকাণ্ড আর পরিবেশের নানা রূপ দেখেছে মাছটি। অথচ এখন তার পরবর্তী প্রজন্মের টিকে থাকা নিয়েই দেখা দিয়েছে উদ্বেগ।
সূত্র: প্রথম আলো