রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। আগামীকাল সোমবার কনসোর্টিয়ামটির সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি সই করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
চুক্তি অনুযায়ী, চালুর পর তৃতীয় টার্মিনালের যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বেবিচক। পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পৌঁছালে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী ও কার্গো কার্যক্রম সেখানে স্থানান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে, টার্মিনালটি পুরোপুরি চালু হবে ২০২৮ সালের ফেব্রুয়ারি-মার্চের দিকে।
আজ রোববার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী। তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ শেষে কনসেশন চুক্তির বিষয়ে দুই পক্ষের চূড়ান্ত সমঝোতা হয়েছে। প্রয়োজনীয় আইনগত যাচাই-বাছাইও সম্পন্ন হয়েছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম সেখানে স্থানান্তর করা হবে।
তবে চুক্তির ১৫ বছরের মেয়াদ গণনা শুরু হবে শাহজালাল বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে। অর্থাৎ চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১৫ বছরের মেয়াদ শুরু হচ্ছে না।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্বও তাদের থাকবে। পাশাপাশি যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহব্যবস্থাসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণ করতে হবে প্রতিষ্ঠানটিকে।
পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে পরিচালিত হবে। আন্তর্জাতিক কার্গো পরিবহনও নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে। ফলে বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে ন্যূনতম সেবার মান এবং প্রধান কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টার্মিনালের পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোকসজ্জা, লিফট ও এসকেলেটরের সচলতা, চেকইন, ব্যাগেজ সরবরাহ, কার্গো হ্যান্ডলিং ও গাড়ি পার্কিং সেবা।
বিমান অবতরণের পর যাত্রীদের লাগেজ পেতে অপেক্ষার সময় কমানোর বিষয়েও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।
চেকইন কাউন্টারে অপেক্ষার সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড়ে ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে অপেক্ষার সময় সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাগুলোও নির্দিষ্ট হারে সচল রাখতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (কিউট), স্বয়ংক্রিয় সেলফ চেকইন ব্যবস্থা (কিউএসএস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস)। এসব ব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করতে দীর্ঘ সময় লাগার বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, দুই পক্ষই নিজেদের স্বার্থ সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএফসি, সরকারের বিভিন্ন মহল এবং বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুরুতে রাজস্বের অংশ ১৫ শতাংশ পাওয়ার প্রস্তাব থাকলেও দীর্ঘ আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। তাঁর দাবি, চুক্তির প্রতিটি ধারা পর্যালোচনা করে জাতীয় ও আর্থিক স্বার্থ সুরক্ষার চেষ্টা করা হয়েছে। সার্বিক বিবেচনায় চুক্তির শর্তগুলো নিয়ে বেবিচক সন্তুষ্ট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল, সদস্য (এটিএম) এয়ার কমোডর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমোডর মো. মনিরুল ইসলাম, সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জাকারিয়া হোসেনসহ সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো