হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে কর্মকর্তাদের হুমকি, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
এর আগে একই দিন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীরা সময়মতো লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি শান্ত করতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান যাত্রীদের পক্ষ নিয়ে ক্ষুব্ধ আচরণ করেন এবং একপর্যায়ে নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তিনি বিমানমন্ত্রীকে নিয়েও কটূক্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় তাঁর সঙ্গীরা ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর (অব.) আখতারুজ্জামান ওই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পাশাপাশি তিনি সাধারণ যাত্রীদের নিয়ে আসা পবিত্র জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণ করেন বলেও এজাহারে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।