বিকল্প বিনিয়োগ গন্তব্য এবং আঞ্চলিক সংযোগ—জাপানের দিক থেকে প্রধানমন্ত্রীর সফর
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করে গেলেন। এটি কি গতানুগতিক কোনো সফর ছিল, নাকি অর্জিত হয়েছে বড় কিছু? সফরের পর এমন প্রশ্ন অবান্তর নয়।
টোকিও এমন একটি শহর, যেখানে প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যক্তিত্বের আগমন ঘটে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানকালীন যেসব বিশ্বনেতা এসেছেন, তাঁর মধ্যে ছিলেন স্বয়ং জার্মান চ্যান্সেলরও। কিন্তু এর মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী যে যথেষ্ট গুরুত্ব ও মর্যাদা পেয়েছেন, সেটি নিশ্চিতভাবে বলা যায়। গার্ড অব অনার থেকে শুরু করে উষ্ণ অভ্যর্থনা, দীর্ঘ দ্বিপক্ষীয় আলোচনা, যৌথ বিবৃতি, সরকারি-বেসরকারি খাতে বেশ কয়েকটি চুক্তি-স্মারক স্বাক্ষর, প্রধানমন্ত্রীর সঙ্গে জেট্রো, জাইকা, জেবিআইসি, জেরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সাক্ষাৎ—সর্বোপরি পারস্পরিক সহযোগিতা-ঋণ-বিনিয়োগের আশ্বাস সেই গুরুত্বকেই প্রতিভাত করে।
অন্যদিকে জাপানের শীর্ষ গণমাধ্যম নিক্কেই এবং ইউমোরি থেকে শুরু করে গণসম্প্রচার কেন্দ্র এনএইচকেও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই সফরের সংবাদ। এনএইচকের প্রতিবেদনে দুই প্রধানমন্ত্রীর আলোচনাকে ‘বিস্তৃত’ বলে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্যে, দুই নেতা ‘অর্থনৈতিক ও নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় সম্মত হয়েছেন’।
শীর্ষ বৈঠকে বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘বিগ-বি’র ধারণাটিকে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ নামক একটি নতুন কৌশলগত সহযোগিতামূলক উদ্যোগে উন্নীত করতে সম্মত হয়েছে দুপক্ষ। সংযোগ শক্তিশালীকরণ; প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকির জন্য প্রস্তুতি; অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও বিধি প্রণয়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা এর মূল ভিত্তি।
আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনার কথা উচ্চারিত হয়েছে। জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকরের উদ্যোগও গৃহীত হবে। ইউমোরি শিম্বুনের প্রতিবেদন অনুযায়ী, জাপানের চলমান সংসদ অধিবেশনেই এর অনুস্বাক্ষর হওয়ার কথা। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, বন ও মৎস্য পণ্য, জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়েছে।
অন্তর্বর্তীকালীন দ্বিধা কাটানোজাপান বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বিশেষ করে বাংলাদেশে মেট্রোরেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প এবং অন্যান্য সহযোগিতা এর সাম্প্রতিক দৃশ্যমান উদাহরণ। তবে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই সহযোগিতার গতিতে একটু ঢিমেতাল চলে আসে।
বাংলাদেশের দিক থেকে যেমন সেভাবে নতুন বড় প্রকল্পের কথা ওঠেনি, একইভাবে পুরো অন্তর্বর্তী সময়েই জাপানের পর্যবেক্ষণ ও সংযোগও ছিল অনেকটা সতর্ক ও ধীরগতির। বাংলাদেশের বৈশ্বিক মেরুকরণ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতার বিষয়টি মনোযোগের কেন্দ্রে ছিল সংশ্লিষ্টদের। সেই দিক থেকে দেখলে এবারের সফরের মূল অর্জন হচ্ছে সেই ধোঁয়াশা কেটে যাওয়া। দুই নেতার যৌথ বিবৃতিতে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে জাপানের প্রশংসা গত নির্বাচনে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় দেশটির স্বস্তিকেই তুলে ধরে।
বাংলাদেশের গুরুত্ব কোথায়, অর্থনীতি না নিরাপত্তায়জাপানের জন্য বাংলাদেশের গুরুত্ব ভৌগোলিক শুধু নয়, ভূরাজনৈতিকও বটে। বর্তমানে জাপানের চারদিকে জটিল হয়ে ওঠা ভূরাজনৈতিক সমীকরণ এর মূল কারণ।
জাপানের অভ্যন্তরীণ সংকট:
পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের শক্তিশালী সামরিক উপস্থিতি, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, জাপানের আশপাশে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া, উত্তর কোরিয়ার ধারাবাহিক উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানকে সামরিক নিরাপত্তার দিক থেকে উদ্বিগ্ন করে তুলছে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে পারস্পরিক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানির ওপর। সেই সঙ্গে তাইওয়ান নিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত মন্তব্যে চীন রুষ্ট হয়ে জাপানে বিরল খনিজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করলে দেশটির সামনে সংকট প্রকট হয়। কারণ, এই উপাদান শিল্প খাতে অতিগুরুত্বপূর্ণ চিপ বা সেমিকন্ডাক্টর নির্মাণে অপরিহার্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকট সৃষ্টি করেছে কৌশলগত ঝুঁকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ সামাল দেওয়াও উপেক্ষা করার বিষয় নয়।
এদিকে বছরের পর বছর জ্বালানি ভর্তুকি যেমন সরকারের ওপর চাপ বাড়াচ্ছে, তেমনি মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত ২ শতাংশকে ছাড়িয়ে যাচ্ছে। ইয়েনের ধারাবাহিক অতি নিম্নমূল্যও আমদানি বাজারে প্রভাব ফেলছে। সব মিলিয়ে জাপানের সার্বিক আর্থিক চিত্র খুব একটা সুখকর নয়। সে কারণে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অপেক্ষাকৃত সুবিধাজনক স্থান খুঁজে নেওয়া জাপানের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ প্রতিবেশী দেশ মিয়ানমারের কথা বলা যেতে পারে। দেশটিতে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর জাপান ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করলেও সেখানে সৃষ্ট নতুন রাজনৈতিক সংকট তাতে বাদ সেধেছে।
বাংলাদেশের সুযোগএসব কারণে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই জাপানের কাছে বাংলাদেশের গুরুত্ব স্বয়ংক্রিয়ভাবেই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় সরবরাহ শৃঙ্খল ও উৎপাদনের একক বৃহৎ ঘাঁটি চীনের কবল থেকে বেরিয়ে এসে এ খাতে বৈচিত্র্য আনতে চাইছে জাপান। দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে নির্মাণ, খাদ্য, কৃষি খাত, তথ্যপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালের মতো খাতে পরিপূরক এবং সহনশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার বিষয়ে যে ঐকমত্যের কথা বলা হয়েছে, তার মূলেও অনেকটা এই বিকল্প খোঁজার তাগিদ।
আবার বাংলাদেশে দীর্ঘদিন ধরে অব্যাহত থাকা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে জাপান। সুতরাং বাংলাদেশের উচিত হবে সুযোগটা পুরোপুরি কাজে লাগানো। জাপানের প্রধানমন্ত্রী বিনিয়োগ অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য যে আহ্বান জানিয়েছেন, সেটিকে আমলে নিয়ে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিশ্চয়তা ও করসহ দাপ্তরিক কর্মকাণ্ড সহজীকরণ এ ক্ষেত্রে অপরিহার্য।
জাপানের আরেকটি লক্ষ্য হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ঢেলে সাজানো। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের এখনকার পাঁচ সদস্যের পরিধিকে বাড়ানোর কথাই মূলত বোঝানো হয়েছে। বলাই বাহুল্য, ভারত কিংবা ব্রাজিলের মতো জাপান নিজেও এর সদস্য হতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন জাপানের একান্তই কাম্য। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাধারণ পরিষদের মহাসচিব হওয়ার বিষয়টিও এ ক্ষেত্রে জাপানের জন্য ইতিবাচক।
অর্থনীতি থেকে সামরিক সংযোগতবে জাপানের বিদেশনীতিতে ঘুরেফিরে চীন একটি বড় ইস্যু। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চীন একটি বড় ক্রীড়নক হিসেবে আবির্ভূত হওয়ায়, তা ভাবিয়ে তুলছে জাপানকে। জাপানের গণমাধ্যম ইউমোরি শিম্বুন যেমন বলছে, ভারত মহাসাগরের সমুদ্রপথ বরাবর অবস্থিত বাংলাদেশকে জাপান দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছে। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে জাপান সম্ভবত বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
দুই দেশের যৌথ বিবৃতিতে একাধিকবার নিয়মভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি সমুদ্রে যাতায়াত ও উড্ডয়নের যে অবাধ স্বাধীনতার কথা বলা হচ্ছে, তা মূলত চীনকে মাথায় রেখেই। জাপানের মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধারণার কেন্দ্রেও আছে এ অঞ্চলে চীনের প্রভাবে ঠেকানোর কৌশল। জাপান তাই সাম্প্রতিক বছরগুলোতে তাদের বৈদেশিক ঋণের ক্ষেত্রে বৈচিত্র্য এনেছে। সনাতন সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) পাশাপাশি সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) প্রচলন করেছে।
এবারের যৌথ বিবৃতিতেও বলা হয়েছে, ক্রমবর্ধমান অনিশ্চিত ভূরাজনৈতিক আবহের মধ্যে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আবার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এই প্রেক্ষাপটে তাঁরা প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে এ ক্ষেত্রে কী ধরনের সরঞ্জাম সরবরাহ করা হবে। সম্প্রতি প্রাণঘাতী সামরিক সরঞ্জাম হস্তান্তরের দিকে জাপানের নীতি পরিবর্তনের কারণে এ বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে অবশ্যই এ ক্ষেত্রে অন্যান্য ভূরাজনৈতিক ক্রীড়নকদের কথা মাথায় রেখেই ভারসাম্যমূলক সিদ্ধান্ত নিতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখ আছে, জাপান নিরাপত্তা-সহায়ক ওডিএ হিসেবে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য একটি টহল জাহাজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কর্মসূচির মাধ্যমে পাঁচটি টহল জাহাজ প্রদানের পাশাপাশি ওএসএ কর্মসূচির অধীনে ভবিষ্যৎ সহযোগিতা অন্বেষণের কথাও বলা হয়েছে। এসব জাহাজ নতুন না পুরোনো—সেটি অবশ্য স্পষ্ট নয়। কারণ, কিছুদিন আগেও ফিলিপাইনকে পুরোনো সামরিক জাহাজ হস্তান্তরের ঘোষণা দিয়েছিল জাপান।
এ বিষয়ে কথা হয়েছে জাপানের কেইসেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ওহাশি মাসাকির সঙ্গে। বেশ কয়েক দশক ধরেই তিনি জাপান-বাংলাদেশ সম্পর্ক ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এবারের শীর্ষ বৈঠক নিয়ে তিনি বলেন, ‘বিবৃতির ভাষা ও নেতাদের বক্তব্য দেখে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নতি হচ্ছে। কিন্তু ভূরাজনৈতিক সম্পর্কের দিক থেকে এটি কতটা অগ্রসর হচ্ছে, তা বলা মুশকিল। আপনাকে মাথায় রাখতে হবে, আঞ্চলিক সংযোগ বলতে যা বোঝানো হচ্ছে, সেখানে মূলত ভারতের সঙ্গে আন্তসংযোগই জাপানের জন্য মুখ্য বিষয়। ভারত বৃহৎ দেশ। জাপান মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (এফওআইপি)-এর যে ধারণা নিয়ে এগোচ্ছে, সেখানে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। সেটি নিরাপত্তা ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমার মনে হচ্ছে, ভারতের সঙ্গে এই আন্তসংযোগের ক্ষেত্রে জাপান যতটা না আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশের দিক থেকে সাড়াটা অতটা উষ্ণ নয়। বিবৃতিতেও সে বিষয়ে স্পষ্ট কিছু লেখা নেই। তাই ভবিষ্যতে এ ক্ষেত্রে সম্পর্ক ঠিক কোন দিকে এগোবে, সেটি নিশ্চিত করে বলা যায় না।’
এ ক্ষেত্রে তিনি বৃহৎ অর্থনৈতিক সুফলের কথা বলতে চাইছেন, যেখানে ভারতের অন্তর্ভুক্তি একটি প্রধান বিষয়। অধ্যাপক ওহাশি এ–ও বলছেন, এবার যেসব আলোচনা হয়েছে, তাতে নতুন তেমন কিছু চোখে পড়েনি। বিশেষ করে বিগ-বি ধারণাটি নতুন কোনো বিষয় নয়। পুরোনো ধারণারই সম্প্রসারণ মাত্র।
কর্মসংস্থান: বাংলাদেশ ও জাপানশীর্ষ বৈঠকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনার কথা বলা হয়েছে এবং এর মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে অধ্যাপক ওহাশি বিবৃতিতে জাপানে বাংলাদেশের শ্রমিক প্রেরণসংক্রান্ত বিষয়টি অনুল্লেখিত থাকার প্রসঙ্গ তোলেন। উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বা কর্মসংস্থানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কর্মসূচির (ইএসডিপি) বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ক্ষেত্রে জাপানে বাংলাদেশের কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে উভয় দেশের অঙ্গীকার নির্ধারণ, সংশ্লিষ্ট কর্মীদের সুরক্ষা এবং কর্মসূচির যথাযথ বাস্তবায়নকে মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জাপানের সংশ্লিষ্ট শিল্প খাতে প্রয়োজনীয় মানবসম্পদ গড়ে তোলা ও নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।
১৭ অক্টোবর স্বাক্ষরিত এই স্মারকের আওতায় নিয়োগ শুরুর নির্ধারিত সময় ১ এপ্রিল ২০২৭। এর প্রাথমিক মেয়াদ পাঁচ বছর এবং পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়ানোর বিধানের কথাও বলা হয়েছে। কিন্তু বিবৃতিতে সরাসরিভাবে এ–সংক্রান্ত কিছুর উল্লেখ নেই। সার্বিকভাবে জাপানে শ্রমিক প্রেরণ বিষয়ে উল্লেখ না থাকার কারণ কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ঠিক কী কারণে আসেনি, সেটা বলা যাচ্ছে না। হতে পারে অভিবাসন বিষয়ে জাপানের সাম্প্রতিক অভ্যন্তরীণ সামাজিক-রাজনৈতিক পরিবেশ এর কারণ। তবে এটি আমার অনুমানমাত্র।’
পরিশেষে, অভিন্ন সমৃদ্ধি কারজাপান–বাংলাদেশ শীর্ষ বৈঠকে যে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ ধারণাকে সামনে আনা হয়েছে, তাতে দুই দেশের সমৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ জাপান এবং বাংলাদেশ উভয়ের সমৃদ্ধি। তবে অধ্যাপক ওহাশি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। তাঁর মতে, ‘যে বিষয়টি আমাকে হতাশ করেছে, সেটি হচ্ছে শীর্ষ বৈঠক কিংবা যৌথ বিবৃতির কোথাও সামাজিক অর্থায়ন নিয়ে কোনো বাক্য না থাকা। তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নতি অবশ্যই কাম্য; কিন্তু এর সুফল প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে কি না, সেটিও ধর্তব্যের বিষয়। উন্নয়ন তো হচ্ছে সবখানেই; কিন্তু দারিদ্র্য এখনো ভালোভাবেই জারি আছে। বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। জাতিসংঘের এসডিজি বা টেকসই উন্নয়ন পরিকল্পনার একটি বড় লক্ষ্যই হচ্ছে দারিদ্র্য বিমোচন। কিন্তু সেখানে জাপানের দিক থেকে কোনো সহায়তা বা প্রতিশ্রুতি দেখতে পেলাম না। এটিতে আমি হতাশ হয়েছি।’
অধ্যাপক ওহাশির এই পর্যবেক্ষণ নীতিনির্ধারকেরা ধর্তব্যের মধ্যে নেবেন কি না, সেটি ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু অর্থনীতি আর নিরাপত্তা সহযোগিতার লক্ষ্য ও চালিকা শক্তি সমৃদ্ধি হলেও তার কেন্দ্রে থাকতে হবে মানুষকে, বিশেষ করে প্রান্তিক মানুষ। কারণ, দারিদ্র্য বিমোচনে ভূমিকা না রাখলে ওডিএ বা ওএসএ, যে নামেই সহায়তা আসুক না কেন, তাতে অবকাঠামোর ভিত্তি জোরদার হলেও সমাজের ভিত্তি নড়বড়েই থেকে যাবে। নড়বড়ে ভিত্তিতে সমৃদ্ধি টেকসই হওয়া অবান্তর।
সূত্র: প্রথম আলো
-
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
-
রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
-
বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু
-
সন্তানের মুঠোফোন আসক্তি দূর করবেন যেভাবে
-
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
-
মাটির ভিটায় মাছরাঙা
-
ভোলায় গ্যাসের মজুত কত, পাইপলাইনে আনা কতটা লাভজনক
-
বিকল্প বিনিয়োগ গন্তব্য এবং আঞ্চলিক সংযোগ—জাপানের দিক থেকে প্রধানমন্ত্রীর সফর
-
সরকারকে খাদ্যসহায়তা বাড়াতে হবে
-
রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন
-
সুতা আমদানি নিয়ে সিদ্ধান্ত আজ, দুই পক্ষ দুই অবস্থানে
-
সুন্দরবনে হাত দেওয়া যাবে না, এটা ঘূর্ণিঝড়ে বুক আগলে সবাইকে বাঁচিয়ে রাখছে
-
ময়মনসিংহের যে হাসপাতালে বহুমুখী সংকট
-
এটা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী
-
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে