ব্যাংকের চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা
চাকরিতে যোগদানের পর থেকেই পরিচিত-অপরিচিত অনেকেই আমার কাছে চাকরির পরীক্ষায় ভালো করার বিষয়ে পরামর্শ চাইতেন। নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে সাধ্যমতো তাঁদের দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে ব্যাংকসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ইংরেজি ও গণিতের ওপর অধিক গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিতাম। ইংরেজির ক্ষেত্রে নিয়মিত বই ও পত্রিকা পড়া, ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন এবং লেখার চর্চা; আর গণিতের ক্ষেত্রে সূত্র মুখস্থ করার পরিবর্তে প্রতিটি অধ্যায়ের মৌলিক ধারণা পরিষ্কার করা, দুর্বলতা চিহ্নিত করা এবং পর্যাপ্ত অনুশীলনের ওপর জোর দিতাম।
৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ)—৯০৩টি পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার। পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৫২৯ জনতবে পরামর্শ দিতে গিয়ে একটি বিষয় বারবার লক্ষ করেছি, অধিকাংশ চাকরিপ্রার্থী প্রস্তুতির জন্য নির্দিষ্ট কিছু বইয়ের নাম জানতে আগ্রহী। তাঁদের ধারণা, এমন কিছু বই রয়েছে, যেগুলো ভালোভাবে শেষ করতে পারলেই চাকরির পরীক্ষায় সাফল্য অনেকটা নিশ্চিত। তাঁদের বোঝানো কঠিন হয়ে পড়ে যে পরীক্ষায় ভালো করার জন্য নির্দিষ্ট কিছু বইয়ের তথ্য মুখস্থ করার চেয়ে বিষয়বস্তুকে অনুধাবন করা, নিজের চিন্তাশক্তিকে বিকশিত করা এবং অর্জিত জ্ঞান প্রয়োগের সক্ষমতা তৈরি করা অনেক বেশি জরুরি। বিশেষ করে গণিতের মতো বিষয়ে কোনো সূত্রের প্রয়োগ না বুঝে কেবল মুখস্থ করলে প্রশ্নের ধরন সামান্য পরিবর্তিত হলেই পরীক্ষার্থী বিপাকে পড়েন।
মুখস্থবিদ্যার সীমাবদ্ধতাচাকরিপ্রার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও নানা ধরনের অভিযোগ শুনেছি। যেমন বিসিএস ক্যাডার হতে হলে গণিত বা বিজ্ঞানের বিষয়গুলো এত গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজন কী? ব্যাংকের চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান কেন প্রয়োজন? গণিতের এত সূত্র বাস্তব জীবনে কোথায় কাজে লাগবে? এ ধরনের প্রশ্নের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রচলিত প্রস্তুতি পদ্ধতির সীমাবদ্ধতা। বাজারে প্রচলিত অনেক চাকরির প্রস্তুতিমূলক বই তথ্যের আধিক্যে পরিপূর্ণ হলেও সেগুলোর উপস্থাপন অনেক সময় পরীক্ষার্থীকে বিষয়বস্তু বোঝার পরিবর্তে তথ্য মুখস্থ করতে উৎসাহিত করে। ফলে প্রস্তুতি হয়ে ওঠে অনেকটা পরীক্ষাকেন্দ্রিক, জ্ঞানার্জনকেন্দ্রিক নয়।
অথচ চাকরির পরীক্ষা কেবল কে কতগুলো তথ্য মনে রাখতে পারেন, তার প্রতিযোগিতা হওয়া উচিত নয়। এর অন্যতম উদ্দেশ্য হলো এমন যোগ্য প্রার্থী নির্বাচন করা, যাঁর মধ্যে রয়েছে যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। একজন চাকরিজীবীকে প্রতিনিয়ত বিভিন্ন জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেখানে কোনো বইয়ের পৃষ্ঠা বা মুখস্থ করা তথ্যের সংখ্যা নয়; বরং পরিস্থিতি অনুধাবন, তথ্য বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ। তাই সাহিত্যের রচয়িতা, ঐতিহাসিক ঘটনা, যুদ্ধ কিংবা চুক্তির সাল-তারিখ জানার পাশাপাশি এসব ঘটনা কেন ঘটেছে, কী প্রেক্ষাপটে ঘটেছে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ওপর সেগুলোর কী প্রভাব পড়েছে, তা অনুধাবন করাও জরুরি। একইভাবে সাহিত্য পাঠের উদ্দেশ্য কেবল কবি-সাহিত্যিকের নাম বা তাঁদের রচনার তালিকা মনে রাখা নয়; বরং সাহিত্যের অন্তর্নিহিত ভাব, জীবনবোধ ও সামাজিক তাৎপর্য উপলব্ধি করা।
দীর্ঘমেয়াদি প্রস্তুতির ভিত্তি বই ও সংবাদপত্র পাঠচাকরির পরীক্ষার প্রস্তুতির প্রথম পর্যায় হওয়া উচিত নিয়মিত বই ও সংবাদপত্র পড়ার অভ্যাস তৈরি করা। এই অভ্যাস শুধু চাকরিপ্রার্থীদের জন্য নয়; বরং প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য অপরিহার্য। বই পড়ার মাধ্যমে সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দর্শনসহ নানা বিষয়ে মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। অন্যদিকে সংবাদপত্র পাঠের মাধ্যমে দেশ-বিদেশের চলমান ঘটনাপ্রবাহ, অর্থনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রীয় নীতি এবং সমসাময়িক সমস্যাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়জীবনে লক্ষ করেছি, অনেক শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় বর্ষ থেকেই বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক বই, যেমন জব সলিউশন, ডাইজেস্ট কিংবা বিষয়ভিত্তিক গাইড পড়া শুরু করেন। দীর্ঘমেয়াদি প্রস্তুতির ক্ষেত্রে আগেভাগে সচেতন হওয়া অবশ্যই ইতিবাচক। কিন্তু বিশ্ববিদ্যালয়জীবনের গুরুত্বপূর্ণ সময়টি যদি কেবল চাকরির প্রস্তুতির বইয়ের তথ্য মুখস্থ করতেই ব্যয় হয়, তাহলে শিক্ষার বৃহত্তর উদ্দেশ্য অনেকাংশে ব্যাহত হয়। কয়েক হাজার বিচ্ছিন্ন তথ্য মুখস্থ করার চেয়ে একটি ভালো বই মনোযোগ দিয়ে পড়া এবং তার বিষয়বস্তু অনুধাবন করা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে।
নিয়মিত বই ও সংবাদপত্র পাঠের সবচেয়ে বড় সুবিধা হলো, এর মাধ্যমে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিসহ বিভিন্ন ক্ষেত্রে আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসে। পাশাপাশি শব্দভান্ডার সমৃদ্ধ হয়, ভাষার প্রকাশভঙ্গি উন্নত হয়, চিন্তার গভীরতা বাড়ে এবং কোনো বিষয়কে একাধিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার মানসিকতা তৈরি হয়। অর্থাৎ এই অভ্যাস একজন চাকরিপ্রার্থীকে শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করে না; বরং তাঁকে একজন স্বশিক্ষিত, সচেতন, যুক্তিবাদী ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে সহায়তা করে। প্রকৃতপক্ষে নিয়মিত পাঠাভ্যাস চাকরির প্রস্তুতির কোনো অতিরিক্ত অনুষঙ্গ নয়; এটি একজন শিক্ষিত মানুষের আজীবন চর্চার বিষয়।
*লেখক: মো. নাঈম হোসাইন, উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।
লেখকের পরের কিস্তি পড়ুন আগামীকাল: চাকরি প্রস্তুতিতে গুরুত্ব দিন পাঁচ বিষয়ে
সূত্র: প্রথম আলো
-
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
-
নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা
-
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, দুজনকে আটক
-
জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
-
দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখো মানুষ শুনছেন তাঁদের কথা
-
ব্যাংকের চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা
-
আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত
-
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
-
রাতে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
-
বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু
-
সন্তানের মুঠোফোন আসক্তি দূর করবেন যেভাবে
-
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
-
মাটির ভিটায় মাছরাঙা
-
ভোলায় গ্যাসের মজুত কত, পাইপলাইনে আনা কতটা লাভজনক
-
বিকল্প বিনিয়োগ গন্তব্য এবং আঞ্চলিক সংযোগ—জাপানের দিক থেকে প্রধানমন্ত্রীর সফর