‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক
দক্ষিণ কোরীয় জনপ্রিয় অভিনেতা লি জং–সুককে এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ রাজপুত্র হেইনরি চরিত্রে। পর্দায় তিনি রাজপরিবারের সদস্য, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এক রাজপুত্র। তবে বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে কম যান না এই অভিনেতা। দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের বর্তমান আনুমানিক মূল্য ৬৩ বিলিয়ন ওন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩০ কোটি টাকা।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে লি জং–সুকের বিপুল আবাসন সম্পদের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এক দশকের বেশি আগে তুলনামূলক কম দামে কেনা একটি বিলাসবহুল বাড়ির দাম এখন প্রায় পাঁচ গুণ বেড়েছে। রিয়েল এস্টেট খাতে তাঁর বিচক্ষণ বিনিয়োগই সম্পদের এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
বাড়িটি কেনার সময় দারুণ একটি সুযোগ পেয়েছিলেন অভিনেতা। প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ আর্থিক সংকটে পড়ায় মূল বিক্রয়মূল্যের ৫০ শতাংশের বেশি ছাড়ে বাড়িটি বিক্রি করা হচ্ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে তুলনামূলক কম দামে সম্পত্তিটি কিনে নেন তিনি।
এখন একই ধরনের একটি বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন। অর্থাৎ ১১ বছরে বাড়িটির দাম বেড়েছে প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ওন। কেনা দামের তুলনায় বর্তমান মূল্য প্রায় ৪ দশমিক ৭ গুণ। বাড়িটি এখনো লি জং–সুকের মালিকানায় রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এখানেই শেষ নয়। ২০১৯ সালে একই এলাকার আরেকটি অভিজাত আবাসন প্রকল্প নাইন ওয়ান হান্নামে চলে যান অভিনেতা। সেখানে ৩৩৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৯৫ বর্গফুট) একটি অ্যাপার্টমেন্ট কেনেন প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওনে। প্রথমে দুই বছর ভাড়া থাকার পর বাড়িটির মালিকানা নেন তিনি। বর্তমানে একই ধরনের অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন।
হান্নাম–দং এলাকার এই দুটি আবাসনের বর্তমান আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ওন। এর বাইরে অভিনেতার অন্য সম্পত্তিগুলোর মূল্য যোগ করলে তাঁর মোট আবাসন সম্পদের পরিমাণ ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য এই হিসাবকে লি জং–সুকের মোট ব্যক্তিগত সম্পদ বা নিট সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, সম্পত্তিগুলোর সম্ভাব্য বাজারমূল্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে; প্রকৃত বিক্রয়মূল্য নিশ্চিত নয়। এ ছাড়া সম্পত্তি কেনার জন্য নেওয়া কোনো ঋণ কিংবা অন্যান্য দায়দেনার হিসাবও এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ ও ‘বিগ মাউথ’–এর মতো জনপ্রিয় কোরীয় সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন লি জং–সুক। এবার ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ সিরিজে প্রিন্স হেইনরি চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী শিন মিন–আ ও জু জি–হুন।
পর্দার রাজপুত্রের সঙ্গে বাস্তব জীবনের এই সম্পদের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।
কোরিয়া টাইমস অবলম্বনে
সূত্র: প্রথম আলো
-
কুবি শিক্ষার্থী ও মা হত্যা মামলায় আসামি মোবারকের মৃত্যুদণ্ড
-
কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা
-
ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি
-
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক
-
২০৩৬ সালে যেমন ঢাকা দেখতে চাই
-
স্মৃতিতে হুমায়ূন আহমেদ
-
পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি
-
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
-
নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা
-
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, দুজনকে আটক
-
জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
-
দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখো মানুষ শুনছেন তাঁদের কথা
-
ব্যাংকের চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা
-
আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত
-
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা