বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম
২২২ Shares
আজ সকাল ১০টায় আরজেএসসির নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হবে।

কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যার চালু হবে আজ বৃহস্পতিবার। আজ সকাল ১০টা থেকে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু করবে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি)। ইতিমধ্যে পুরোনো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন ইবিআরএসে কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধনের আবেদন করতে হবে। নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএসে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। একই সঙ্গে নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে ঘুরতে হয়। নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ পেতে একাধিক ধাপ পার হতে হয়। কোথাও তথ্যের ঘাটতি থাকলে কিংবা কোনো কাগজে অসংগতি দেখা দিলে পুরো প্রক্রিয়ায় আরও সময় লাগে। ব্যবসা শুরু করার আগেই এ ধরনের প্রশাসনিক জটিলতা উদ্যোক্তাদের জন্য বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি করে।

.এবার দেখা যাক, কীভাবে কী সুবিধা পাওয়া যাবে।

১. কোম্পানির নামের ছাড়পত্র

এত দিন উদ্যোক্তাকে আরজেএসসির ওয়েবসাইটে গিয়ে প্রস্তাবিত নামের ছাড়পত্রের আবেদন করতে হতো। এরপর প্রস্তাবিত নাম আগে থেকে নিবন্ধিত বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়। আবেদন ও প্রয়োজনীয় ফি পরিশোধের তথ্য যাচাই করে আরজেএসসির কর্মকর্তারা ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ অনলাইনে আবেদন করা গেলেও পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ছিল না।

নতুন ইবিআরএসে প্রস্তাবিত নাম প্রথমে সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে। সিস্টেমটি চালুর প্রাথমিক পর্যায়ে কর্মকর্তাদের পুনরায় যাচাইয়ের ব্যবস্থা থাকবে। এভাবে আবেদন নিষ্পত্তি হবে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে। পরবর্তী সময়ে সফটওয়্যারের অ্যালগরিদম উন্নত হলে নামের ছাড়পত্র তাৎক্ষণিকভাবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

.২. কোম্পানি নিবন্ধন

এত দিন উদ্যোক্তাকে নামের ছাড়পত্র পাওয়ার পর কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) এবং নির্ধারিত ফরমসহ প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিবন্ধনের আবেদন করতে হতো। আরজেএসসির কর্মকর্তারা আবেদন ও সংযুক্ত কাগজপত্র যাচাই করতেন।

কোনো তথ্য বা নথিতে ঘাটতি থাকলে আবেদন সংশোধনের জন্য ফেরত দেওয়া হতো। এরপর অনুমোদন মিললে নিবন্ধন সনদ দেওয়া হয়।

নতুন ব্যবস্থায় এ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। আবেদনকারী যদি আরজেএসসির নির্ধারিত নমুনা সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করেন এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত করেন, তাহলে সফটওয়্যারই আবেদনটি যাচাই করে তাৎক্ষণিকভাবে অনুমোদন ও নিবন্ধন করবে।

তবে নিজস্বভাবে তৈরি বা পরিবর্তিত সংঘস্মারক ও সংঘবিধি জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে না। এ ধরনের আবেদন আরজেএসসির কর্মকর্তারা আইন ও বিধি অনুযায়ী যাচাই করে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবেন।

অর্থাৎ নতুন ব্যবস্থায় নামের ছাড়পত্র ও নিবন্ধন—দুটি সেবাই অনলাইনে পাওয়া যাবে। তবে নির্ধারিত নমুনা দলিল ব্যবহার করে শর্ত পূরণ করা কোম্পানির নিবন্ধনই পুরোপুরি স্বয়ংক্রিয় হবে।

.পরিচয় যাচাইয়ে নতুন শর্ত

নতুন ইবিআরএসে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা যুক্ত হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইটিআইএন ও মোবাইল নম্বরের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে।

শুধু তথ্য দিলেই হবে না, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরটি তাঁর নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, সেটিও যাচাই করা হবে। যাচাইয়ে ব্যর্থ হলে তাঁকে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না।

বিদ্যমান আয়কর আইন অনুসারে, শেয়ারহোল্ডার ও পরিচালকদের আয়কর রিটার্ন জমার প্রমাণ (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের স্পষ্ট স্ক্যান করা কপি জমা দিতে হবে।

.আরেকটি নতুন বিষয় হলো, কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, অংশীদার বা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আগে তাঁদের ই-সম্মতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় সম্মতিসংক্রান্ত লিংক ও নথি পাঠানো হবে। সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধনের আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না।

নিবন্ধন অনুমোদিত হলে ডিজিটাল স্বাক্ষরযুক্ত মূল নিবন্ধন সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য ফরম আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। ফলে সনদ সংগ্রহের জন্য পরিদপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না।

সূত্র: প্রথম আলো