করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি
ছুটির আমেজেও গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামপাড়া যেন এক টুকরো উৎসবের মঞ্চ! কোথাও সমর্থকদের টিকিটের খোঁজ, ভিআইপি গেটে উঁকিঝুঁকি আর ইউটিউবে হাইলাইটস দেখার উন্মাদনা—সব মিলিয়ে ফুটবলকে ঘিরে যেন ফিরেছে পুরোনো দিনের উন্মাদনা। আজ রাত সাড়ে আটটায় সাফ ফুটবলের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বেলা তিনটায় প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও ভুটান।
মাঠের বাইরের এই উত্তেজনার আঁচ অবশ্য কাল বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল। বিকেল সাড়ে পাঁচটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় যখন সাংবাদিকদের ভিড়, তখন ফুরফুরে মেজাজে অনুশীলন করছিলেন হামজা চৌধুরীরা। শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারানোর আত্মবিশ্বাস যেন পুরো দলকে রেখেছে চাঙা। হাসি-আনন্দ, হালকা খুনসুটি আর বল পায়ে দ্রুতগতির অনুশীলনে ঘণ্টা দেড়েক কাটিয়েছে টমাস ডুলির দল। সেই হাসি–আনন্দের আড়ালে খেলোয়াড়দের চোখেমুখে ছিল আজকের ম্যাচ জয়ের প্রত্যয়।
আজ শুধু একটি সেমিফাইনাল নয়, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট আসে। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।
এবার সেই ফাইনালের দরজা খুলতে আবারও সামনে পাকিস্তান। ২১ বছর আগে যে প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে, এবারও তাদের হারিয়েই ফাইনালে ওঠার হাতছানি। কাজটি সহজ হবে না, ভালোই জানেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। পাকিস্তানের শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তিনি বেশ সতর্ক, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
পাকিস্তান দলে প্রবাসীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম গোলরক্ষক ইউসুফ বাট। খেলছেন ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফে। ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল খেলেন সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবিতে। মিডফিল্ডার আদিল নবীর ঠিকানা গ্রিসের তৃতীয় স্তরের ক্লাব পানাকাইকি এফসি। ডেনমার্কের দ্বিতীয় স্তরের ক্লাব কোল্ডিং আইএফে খেলেন ফরোয়ার্ড আবদুল আরশাদ। আর ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ইলকেস্টন টাউনে আছেন আরেক ফরোয়ার্ড মিকেল আবদুল্লাহ। এই ফুটবলাররা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। দলটির অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ ভাটের কথায় আত্মবিশ্বাস, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। ফুটবল একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা।’
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের আনন্দের মধ্যেই গোড়ালিতে চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ডিফেন্ডার সাদ উদ্দিন। তবে তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের অনুশীলনে ফেরা কিছুটা স্বস্তি দিচ্ছে দলকে। রক্ষণভাগের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ফিরে পাওয়া সেমিফাইনালের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খবর।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৬টি। বাকি ৪ ম্যাচ ড্র।দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৬টি। বাকি ৪ ম্যাচ ড্র। দুই দলই চাইবে আজ জয় পেতে। তবে এত হিসাব-নিকাশ, পরিসংখ্যান আর আলোচনা ছাপিয়ে বাংলাদেশ দলের একটাই লক্ষ্য—পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা। অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়াও জানিয়েছেন, দলের পুরো মনোযোগ এখন মাঠের লড়াইয়ে।
দেশের ফুটবলপ্রেমীদের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে যেমন খেলেছে দল, তেমন খেলতে পারলে কঠিন হবে না ফাইনালে ওঠা। বাংলাদেশের সামনে তাই আজ শুধু একটি ম্যাচ নয়, বহু প্রতীক্ষিত সেই ফাইনালকে ছুঁয়ে দেখার সুযোগও। ম্যাচটিতে বাড়তি আকর্ষণ হয়ে থাকবে ভিএআর প্রযুক্তি। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি।
সূত্র: প্রথম আলো
-
২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে
-
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ জনের চাকরি, আবেদনের শেষ ২৬ নভেম্বর
-
‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’
-
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন
-
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
-
‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’
-
পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে
-
ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
-
প্রথমবার প্রকাশ্যে সোহিনীর ছেলের মিষ্টি ছবি
-
মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন
-
‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি
-
বাবা ও দুই মেয়ের মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট
-
‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে
-
সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার
-
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের