রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:০০ এএম
৩০১ Shares
প্রকল্পটি নির্মাণে একাধিক প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই অঞ্চলের আবহাওয়াও বিরূপ। প্রকল্প এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।

চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতের মধ্যে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কর্মকর্তারা একে বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জ্বালানি করিডর বলে অভিহিত করেন। তাঁদের দাবি, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। এই কেন্দ্র নির্মাণে ভূপ্রকৃতি ও আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করতে হয়েছে।

কেন্দ্রটির পরিচালনাকারীদের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই কেন্দ্র থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম এই জলবিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের সময় কেন্দ্রটির পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং প্রথম আলোকে বলেন, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র। এটি সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করেছে। লুও ইউয়ানওয়াং জানান, বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট।

জিনশা নদীর নিম্ন অববাহিকায় নির্মিত চারটি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে বাইহেতান দ্বিতীয়। এর আগে রয়েছে উডংদে এবং এর পরের দুটি প্রকল্প হলো জিলুওদু ও শিয়াংজিয়াবা।

চীনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি এবং ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টিতে এই বিদ্যুৎকেন্দ্রের অবস্থান। উডংদে জলবিদ্যুৎকেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৮২ কিলোমিটার এবং জিলুওদে জলবিদ্যুৎকেন্দ্র থেকে উজানে এর অবস্থান ১৯৫ কিলোমিটার দূরে।

বিদ্যুৎকেন্দ্রের বাঁধটির নিয়ন্ত্রণাধীন অববাহিকার আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার। বাঁধের উজানে জিনশা নদীর অববাহিকার প্রায় ৯১ শতাংশ এর আওতাভুক্ত। বাইহেতান জলবিদ্যুৎ প্রকল্পের প্রধান উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন।

পাশাপাশি বন্যানিয়ন্ত্রণ, নৌ চলাচল এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখার কথা প্রকল্পটির। জলাধারের মোট ধারণক্ষমতা দুই হাজার কোটি ঘনমিটার। এর মধ্যে এক হাজার কোটি ঘনমিটার পানি নিয়ন্ত্রণ ও সংরক্ষণের জন্য এবং ৭৫০ কোটি ঘনমিটার বন্যানিয়ন্ত্রণের জন্য নির্ধারিত।

বছরে গড়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এই প্রকল্পের। প্রকল্পের প্রধান অবকাঠামোর মধ্যে রয়েছে নদীর প্রবাহ আটকে রাখার বাঁধ, পানি নিষ্কাশন ও শক্তি অপসারণের ব্যবস্থা এবং পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা।

বাঁধটি কংক্রিটের তৈরি দ্বিবক্র আর্চ ড্যাম। এর চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার। এর ভিত্তিতে একটি কুশন স্ল্যাব ও দুটি সহায়ক বাঁধ রয়েছে।

বাঁধের মূল কাঠামোয় পানিনিষ্কাশনের জন্য ছয়টি উপরিভাগের পথ এবং সাতটি গভীর নিষ্কাশনপথ রয়েছে। এ ছাড়া বাঁ তীরে রয়েছে পানিনিষ্কাশনের তিনটি সুড়ঙ্গ।

ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রটি নদীর দুই তীরে সমন্বিতভাবে নির্মাণ করা হয়েছে। প্রতিটি অংশে এক হাজার মেগাওয়াট ক্ষমতার আটটি করে ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট রয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানির বড় উদ্যোগচীনের কর্মকর্তারা বাইহেতানকে বড় পরিসরে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের প্রচেষ্টার প্রতীক হিসেবে তুলে ধরেন। তাঁদের দাবি, এ ধরনের বৃহৎ জলবিদ্যুৎকেন্দ্র দূরবর্তী বিদ্যুৎ চাহিদাসম্পন্ন অঞ্চলে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর বন্যানিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

প্রতিকূল প্রকৃতি ও নির্মাণের চ্যালেঞ্জপ্রকল্পটি নির্মাণে একাধিক প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই অঞ্চলের আবহাওয়াও বিরূপ। প্রকল্প এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রার সমান। খাড়া পাহাড়ি ভূপ্রকৃতিতে এই বাঁধের স্থানটি অসম আকৃতির ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো একটি উপত্যকায় অবস্থিত। ফলে প্রকল্পের পরিকল্পনা ও অবকাঠামোর বিন্যাস করা ছিল অত্যন্ত কঠিন।

প্রথমবারের মতো স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলার ওপর বাঁধের ভিত্তি নির্মাণ করা হয়েছে। এই শিলা শক্ত ও ভঙ্গুর, পাশাপাশি এতে প্রচুর ফাটল রয়েছে। ফলে খননকাজ তুলনামূলক সহজ হলেও স্থিতিশীলতা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ।

এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র বলা হয়ে থাকে। ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রের বিশাল কক্ষগুলোর বিস্তৃতিও বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তাই আশপাশের শিলাস্তরের স্থিতিশীলতা বজায় রাখা ছিল বিশেষভাবে কঠিন। তা ছাড়া প্রকল্প এলাকায় ভূমিধস ও পাহাড়ি ঢলের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ভূমিকম্পের বিষয়টি বিবেচনায় নিয়ে কঠোর নকশা ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করতে হয়েছে।

সূত্র: প্রথম আলো