মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ
নিরাপত্তাকর্মী হিসেবে মালদ্বীপে কাজ শুরু করেছিলেন, এখন সমুদ্রের গভীরে পর্যটকদের নিয়ে স্কুবা ডাইভিং করান। নিরাপত্তাকর্মী থেকে কীভাবে ডাইভ মাস্টার হয়ে উঠলেন মোশারফ হোসেন, সেই গল্প শোনাচ্ছেন সজীব মিয়া
চারপাশে রংবেরঙের মাছ। কখনো কখনো সামনে এসে পড়ে বিশাল আকৃতির মান্তা রে, কখনো হাঙর। সমুদ্রের স্বচ্ছ নীল পানির নিচে এমন বিস্ময়কর জগৎ পর্যটকদের দেখাতে নিয়ে যান মোশারফ হোসেন। এ কাজে কখনো এক সপ্তাহ, কখনো টানা ১৫ দিন তাঁর গভীর সমুদ্রে ইয়টেই কেটে যায়।
মুন্সিগঞ্জের তরুণ মোশারফ হোসেন কাছের মানুষের কাছে সাগর নামে পরিচিত। মালদ্বীপের একটি বিলাসবহুল ইয়টে কাজ করেন। আট বছর পর গত মাসে ছুটিতে দেশে এসেছেন। ৮ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে এসে শোনালেন পানির নিচের রোমাঞ্চকর জগতে পৌঁছানোর গল্প।
মোশারফ গেলেন মালদ্বীপ
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মোশারফ বড়। স্বভাবতই পরিবারের দায়িত্বের কথা তাঁকে ভাবতে হতো। তাই পড়াশোনা ছেড়ে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক আত্মীয় মালদ্বীপে থাকতেন। তাঁর মাধ্যমেই সেখানে যাওয়ার সুযোগ আসে। ২০১৮ সালের নভেম্বরে, তাঁর বয়স যখন ১৭ বছর, প্রায় দুই লাখ ২০ হাজার টাকা খরচ করে মালদ্বীপে চলে যান মোশারফ। একটি রিসোর্টে নিরাপত্তারক্ষীর চাকরি পান। রিসোর্টে আসা-যাওয়া করা পর্যটকদের হিসাব রাখা ছিল তাঁর কাজ। স্পিডবোটে কারা আসছেন, কারা চলে যাচ্ছেন, সেসব তথ্য লিখে রাখতে হতো।
রিসোর্টটিতে ছিল একটি স্কুবা ডাইভিং সেন্টার। প্রতিদিন পর্যটকেরা সেখানে ডাইভিং করতে যেতেন। দূর থেকে তাঁদের সমুদ্রে নামতে দেখতেন মোশারফ। পানির নিচে রংবেরঙের মাছের জগৎ তাঁকে আকৃষ্ট করত। তাঁর নিজেরও স্কুবা ডাইভিং করার ইচ্ছা হতো। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ কর্মীদের ডাইভিং করার অনুমতি দিত না। কারণও আছে। ডাইভিং করতে গিয়ে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এক শ্রীলঙ্কান কর্মী। এর পর থেকেই কর্মীদের ডাইভিং বন্ধ।
তবে তাতেও দমেননি মোশারফ। বরং নিজেকে প্রস্তুত করতে থাকেন। প্রথম দিকে ইংরেজিতে তেমন কথা বলতে পারতেন না। কাজ করতে করতে ভাষাটিতে দক্ষতা বাড়ে। একসময় নিরাপত্তারক্ষী থেকে নিরাপত্তা বিভাগের দায়িত্বও পান। ২০২১ সালের শেষ দিকে যোগ দেন আরেকটি পাঁচ তারকা রিসোর্টে। সেখানেও স্কুবা ডাইভিংয়ের সুযোগ খুঁজতে থাকেন। কিন্তু সেই রিসোর্টের ডাইভিং সেন্টারটা চালাতো আবার তৃতীয় পক্ষ। ফলে সেখানেও সুযোগ হলো না।
স্বপ্ন পূরণের আশায় ২০২২ সালের শেষ দিকে কাজ বদলে একটি সাফারি ইয়টে যোগ দেন মোশারফ। শুরুতে বারম্যানের সহকারী হিসেবে কাজ করতেন। তবে লক্ষ্য ছিল একটাই—স্কুবা ডাইভিং শেখা। ইয়টে মালদ্বীপের একজন ডাইভিং প্রশিক্ষকের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন তাঁকে নিজের ইচ্ছার কথা জানালে প্রশিক্ষক তাঁকে ডাইভিংয়ের সুযোগ করে দেন।
প্রথমবার ডাইভিংয়ে নামার আগে তাঁকে নানা বিষয়ে ধারণা দেন প্রশিক্ষক। পানির নিচে কীভাবে সংকেত দিতে হয়, মাস্কে পানি ঢুকলে কী করতে হয়, শ্বাস নেওয়ার যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয়—এসব শেখানো হয় তাঁকে।
মোশারফ বলেন, ‘পানির নিচে নেমে দেখি বিশাল দুটি মান্তা রে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এত বড় প্রাণী এত কাছ থেকে আগে কখনো দেখিনি। মান্তা রে দুটি পানির নিচে সূর্যের আলো আড়াল করে দিয়ে চলে যাচ্ছিল।’
দৃশ্যটি তাঁকে মুগ্ধ করে।
ছয় মাসের প্রশিক্ষণপ্রথম ডাইভিংয়ের পর আগ্রহ আরও বেড়ে যায়। ডাইভ মাস্টার হওয়ার সিদ্ধান্ত নিলেন। বিষয়টি কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। তাঁর সহযোগিতায় ২০২২ সালের শেষ দিকে মালদ্বীপের রাজধানী মালে গিয়ে ডাইভিং প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। প্রশিক্ষণ চলে প্রায় ছয় মাস। এ সময় থাকা-খাওয়ার ব্যবস্থা ওই কর্মকর্তাই করেছিলেন। তবে প্রশিক্ষণের খরচ নিজেকেই বহন করতে হতো। সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় ৩ হাজার ৫০০ ডলার।
প্রশিক্ষণে শুধু ডাইভিং করলেই হতো না। সমুদ্রের নিচে নিরাপত্তা, ডাইভিংয়ের সরঞ্জাম ব্যবহার, পানির নিচে সংকেত দেওয়া এবং বিভিন্ন পরিস্থিতি সামলানোসহ নানা বিষয়ে শিখতে হয়েছে। ২০২৩ সালে প্রশিক্ষণ শেষে পরীক্ষা দিয়ে ডাইভ মাস্টারের সনদ পান মোশারফ। ১০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৮৩।
প্রশিক্ষণ শেষে কিছুদিন একই ডাইভিং সেন্টারে সহকারী হিসেবে কাজ করেন। নতুন শিক্ষার্থীদের সরঞ্জাম প্রস্তুত করা, প্রশিক্ষকের সঙ্গে সমুদ্রে যাওয়া এবং ডাইভিংয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এরপর সেই ইয়টেই পূর্ণাঙ্গ ডাইভ মাস্টার হিসেবে কাজের সুযোগ পান।
২০২৫ সাল থেকে ডাইভ মাস্টারের পাশাপাশি ইয়টটি পরিচালনার দায়িত্বও পালন করছেন মোশারফ। ইয়টের ভ্রমণপথ বা রুট পরিকল্পনা, কোন দিন কোথায় নোঙর করা হবে, কোথায় ডাইভিং হবে—এসব বিষয়ও দেখভাল করেন তিনি।
তাঁদের ইয়টে পর্যটকেরা সাধারণত এক বা দুই সপ্তাহের প্যাকেজে ভ্রমণ করেন। ধারণক্ষমতা ১৮ জন। সাত দিনের একটি প্যাকেজের মূল্য ১ হাজার ৭০০ ডলার থেকে শুরু। এতে থাকা-খাওয়া ও ১৭টি ডাইভিংয়ের সুযোগ থাকে।
পর্যটকদের তিনটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলের সঙ্গে থাকেন একজন করে ডাইভ মাস্টার। ডাইভিংয়ের আগে পর্যটকদের ব্রিফিং দেওয়া হয়। কারও ওপেন ওয়াটার সনদ থাকলে তিনি সর্বোচ্চ ১৮ মিটার পর্যন্ত ডাইভ করতে পারেন। অ্যাডভান্সড সনদধারীরা যেতে পারেন সর্বোচ্চ ৩০ মিটার। পর্যটকদের অভিজ্ঞতা ও সনদ অনুযায়ী দল ভাগ করা হয়।
মোশারফের কাজ শুধু পর্যটকদের পানির নিচে নিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের ছবি ও ভিডিও তুলে দেওয়া, প্রয়োজনীয় সহযোগিতা করা এবং সমুদ্রের বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও তাঁর দায়িত্ব।
সমুদ্রেই নতুন স্বপ্ন
মালদ্বীপে কাজ করতে গিয়ে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। পর্যটকদের সঙ্গে যোগাযোগের প্রয়োজনে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষাও শিখেছেন। মালদ্বীপের স্থানীয় ভাষাও কিছুটা জানেন। ডাইভ মাস্টার হিসেবে মোশারফের আয়ও বেড়েছে। শুরুতে নিরাপত্তাকর্মী হিসেবে তাঁর বেতন ছিল ৩৫০ ডলার। বর্তমানে মূল বেতন প্রায় ৯০০ ডলার। এর বাইরে পর্যটকদের কাছ থেকে টিপসও পান।
তবে এখানেই থেমে থাকতে চান না মোশারফ। তাঁর পরবর্তী লক্ষ্য ডাইভিং প্রশিক্ষক হওয়া। বর্তমানে ইএফআর ইনস্ট্রাক্টর হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। এরপর পূর্ণাঙ্গ ডাইভিং ইনস্ট্রাক্টরের সনদ নিতে চান। তাহলে নিজেই নতুনদের ডাইভিং শেখাতে পারবেন।
মোশারফ বলেন, ‘আরেকটি স্বপ্ন আছে। বাংলাদেশের মানুষকে স্কুবা ডাইভিংয়ের সঙ্গে পরিচিত করানো। সে লক্ষ্যে বাংলাদেশকে ঘিরে তিন দিনের একটি ডাইভিং ক্রুজের ভ্রমণপথ ও প্যাকেজ তৈরির কাজও করছি।’
সূত্র: প্রথম আলো
-
পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কেন কোনো দেশ দাবি করে না?
-
ঢাকার ৬ কিলোমিটারে মাদকের ৬ আখড়া, নিয়ন্ত্রক বদল, কারবার বহাল
-
যুক্তরাষ্ট্রের বাইরে এআই ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানি নিষিদ্ধ করার হুমকি ট্রাম্পের
-
ভাইয়ের বিরুদ্ধে লড়ছে ভাই, ইয়েমেনে যুদ্ধে অস্ত্র হাতে পরিবারের সদস্যরা একে অন্যের মুখোমুখি
-
পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম
-
মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ
-
পাবনায় নতুন ট্রেনের যাত্রা শুরু আজ, স্টেশনে উৎসবের আমেজ
-
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি এখন হামলার লক্ষ্যবস্তু
-
পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতীয় নাগরিক নিখিলের ১৯ বছর কারাদণ্ড
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
-
ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি
-
শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী
-
রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপি ধরাশায়ী, কংগ্রেসের জয়জয়কার
-
অক্টোবর-নভেম্বরেই কেন বেশিরভাগ ঘূর্ণিঝড় আঘাত হানে বঙ্গোপসাগর উপকূলে?
-
৭০০০ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ, বিজ্ঞপ্তি ডিসেম্বরে