সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ, কী ঘটছে পাকিস্তানে?

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম
৩০৮ Shares

পাকিস্তানে এখন খুব কম রাজনীতিকই আছেন, যাঁরা কোনো বড় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সব ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারেন।

তবে ১৭ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তরুণ চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি করাচি প্রেসক্লাবে এক বিস্ফোরক ভাষণ দেন। তাঁর বক্তব্যে স্বীকারোক্তি ও সতর্কবার্তা—দুটিই ছিল। তিনি জানতেন, সাংবাদিকেরা তাঁর কথার নানা অসংগতি তুলে ধরবেন। তা সত্ত্বেও তিনি স্বীকার করেন, রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের পেছনে তাঁরও দায় রয়েছে।

তিনি বলেন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানই জনগণের আস্থা হারিয়েছে। এখন সেই আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সবাই জানেন, পিপিপির সমর্থনের ওপর ভর করেই টিকে আছে শাহবাজ শরিফের সরকার। অথচ বিলাওয়ালের ভাষণজুড়ে ছিল সেই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ। সবচেয়ে বড় বিস্ময়টি ছিল প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফকে ঘিরে।

সম্প্রতি আসিফ নতুন প্রদেশ গঠনের পক্ষে কথা বলেছেন। এমনকি ইঙ্গিত দিয়েছেন, নতুন বছরের আগেই পাকিস্তানে নতুন কোনো ব্যবস্থা চালু হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, এ বিষয়ে পিপিপির সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু বিলাওয়াল স্পষ্ট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তাঁর কিংবা তাঁর বাবা আসিফ আলী জারদারির সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি।

বিলাওয়াল গণভোটের মাধ্যমে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেননি, ২৭তম সংবিধান সংশোধনীকেও সংখ্যাগরিষ্ঠতার জোরে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, একইভাবে জোরজবরদস্তি করে ২৮তম সংশোধনী আনা হলে তাতেও তিনি সমর্থন দেবেন না।

পাকিস্তানের বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। বিলাওয়ালের ভাষায়, ব্যবস্থাটি নিজে থেকে ভেঙে পড়েনি; জোর করে একে ভেঙে ফেলা হয়েছে। এখন এটিকে নতুন করে সাজাতে হবে।

বিলাওয়ালের এই ‘বিদ্রোহী বক্তব্যের’ প্রথম প্রতিক্রিয়া আসে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের কাছ থেকে। তিনি বলেন, বিলাওয়াল একদিকে সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছেন, অন্যদিকে বিরোধী দলের মতো আচরণ করছেন। তারার আরও বলেন, কোনো একটি দলের ইচ্ছায় নতুন প্রদেশ গঠনের বিষয়ে জন–আলোচনা বন্ধ রাখা যায় না। জনমত যাচাইয়ের সাংবিধানিক পদ্ধতি হলো গণভোট। সুতরাং বিলাওয়ালের এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

অর্থাৎ নতুন প্রদেশ গঠনের প্রশ্নে গণভোটের ধারণাকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান হিসেবে তুলে ধরলেন তথ্যমন্ত্রী। অথচ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পার্লামেন্ট কিংবা কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো আলোচনাই শুরু হয়নি। সম্ভবত বিলাওয়াল এটাই চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, সরকার তার অবস্থান প্রকাশ্যে তুলে ধরুক। তাতে তাঁর পক্ষে নতুন রাজনৈতিক মেরুকরণ গড়ে তোলা সহজ হবে।

একই ভাষণে বিলাওয়াল ইমরান খানকে রাজনৈতিক বন্দী বলে অভিহিত করেন এবং সব রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করেন। মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপেরও নিন্দা জানান তিনি। এসব বক্তব্য থেকে মনে হচ্ছে, নতুন প্রদেশ গঠনের প্রশ্নে সরকারের সঙ্গে বিরোধের জেরে সমর্থন প্রত্যাহার করে বিরোধী শিবিরে যোগ দেওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত।

বর্তমানে প্রেসিডেন্ট পদ ছাড়াও পিপিপির হাতে রয়েছে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার গভর্নর পদ। এ ছাড়া দলটির হাতে রয়েছে সিনেট চেয়ারম্যান ও জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের পদ। প্রাদেশিক পরিষদগুলোতে সংখ্যাগরিষ্ঠতার জোরে সিন্ধু, বেলুচিস্তান ও গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রীর পদও পিপিপির দখলে।

পিপিপি যদি সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে, তাহলে তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ছাড়তে হবে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট, সিনেট চেয়ারম্যান এবং দুটি প্রদেশের গভর্নরের পদ। নৈতিক বিবেচনায় বিলাওয়ালকে বিচার বিভাগীয় কমিশনের সদস্যপদও ছেড়ে দিতে হবে। কারণ, সরকারের জন্য বরাদ্দ করা কোটায় তিনি ওই পদ পেয়েছেন।

পরদিন বিলাওয়াল কয়েকটি টেলিভিশন চ্যানেলে কঠোর ভাষায় সাক্ষাৎকার দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু প্রদেশকে বিভক্ত করার জন্য সেখানে জোর করে গণভোট চাপিয়ে দেওয়া হলে রক্তপাত ঘটবে। তিনি বারবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকেও আক্রমণ করেন। নাকভিকে সামরিক বাহিনীর প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

প্রশ্ন হলো, নতুন প্রদেশ গঠনের প্রশ্নে কেন বিলাওয়াল নতুন রাজনৈতিক লড়াই শুরু করতে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো ঝুঁকিতে ফেলতে প্রস্তুত? এর কারণ স্পষ্ট।

পিপিপি পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় নতুন প্রদেশ গঠনে রাজি আছে। কারণ, এ দুটি প্রদেশের পরিষদই নতুন প্রদেশ গঠনের পক্ষে প্রস্তাব পাস করেছে। কিন্তু কোনো অবস্থাতেই সিন্ধু প্রদেশকে বিভক্ত করতে রাজি নয় দলটি। কারণ, সিন্ধু প্রাদেশিক পরিষদ একাধিকবার এর বিরোধিতা করে প্রস্তাব পাস করেছে।

বিলাওয়ালের আশঙ্কা, গণভোট হলে পাকিস্তানের নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকারের পছন্দমতো ফলাফল তৈরি করা হবে। এরপর ঘোষণা করা হবে, জনগণ নতুন প্রদেশ গঠনের পক্ষে রায় দিয়েছে। এভাবে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুসরণ না করে জোরজবরদস্তির মাধ্যমে নতুন প্রদেশ গঠন করা হবে।

সিন্ধু বিভক্তির প্রশ্নে বিলাওয়াল যদি সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে তাঁর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা উচিত হবে না। তাঁর বিস্ফোরক বক্তব্যের পেছনের প্রেক্ষাপট বুঝতে হবে। আমার মনে হয়, তিনি এখনো খুব সামান্যই বলেছেন। তাঁর আরও অনেক কিছু বলার আছে।বিলাওয়াল বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন, ১৯৪৩ সালে পাকিস্তানের পক্ষে সিন্ধু প্রাদেশিক পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছিল। তাঁর কথায়, পাকিস্তানের পক্ষে সমর্থন জানানো প্রথম দিকের পরিষদগুলোর একটি ছিল সিন্ধু প্রাদেশিক পরিষদ। আজ সেই পরিষদ যদি নতুন প্রদেশ গঠনে সমর্থন না দেয়, তাহলে তার ইচ্ছাকে সম্মান জানানো উচিত।

সিন্ধু বিভক্তির বিরোধিতা শুধু পিপিপির দলীয় অবস্থান নয়, এই বিষয়টি বুঝতে হবে। আসলে সিন্ধুর সব জাতীয়তাবাদী দলই এর বিরোধিতা করে। কেবল উর্দুভাষীদের দল হিসেবে পরিচিত মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) সিন্ধু বিভক্তির পক্ষে। এ কারণেই বিলাওয়াল রক্তপাতের আশঙ্কা প্রকাশ করেছেন। অতীতে আমরা সেখানে ভয়াবহ জাতিগত দাঙ্গা দেখেছি।

ব্যক্তিগতভাবে বিলাওয়ালের বিরুদ্ধে আমারও অনেক অভিযোগ রয়েছে। নিজের আগের প্রতিশ্রুতি ও দলের ঐতিহ্যগত অবস্থান থেকে সরে এসে তিনি পেকা আইন ২০২৫ পাস করিয়েছেন। এর মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পিঠে ছুরি বসিয়েছেন। আজ তাঁর সঙ্গে তাঁর মিত্রদের বিরোধ শুরু হয়েছে।

আমাদের হয়তো মনে হতে পারে, বসে বসে এই রাজনৈতিক নাটক উপভোগ করি। কিন্তু এর পরিণতি আমাদের সবার জন্যই ভয়াবহ হতে পারে। আল্লাহ না করুন, সিন্ধুর পরিস্থিতিও অবনতির দিকে যেতে পারে। প্রদেশটি আরেকটি বেলুচিস্তানে পরিণত হতে পারে।

আমার মনে পড়ছে, ১৮ বছর আগে ২০০৮ সালের ৮ জানুয়ারি বিলাওয়ালের প্রথম সংবাদ সম্মেলনের কথা। তাঁর মা বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের কয়েক দিন পর লন্ডনে সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিয়েছিলেন, মায়ের অসমাপ্ত কাজ তিনি এগিয়ে নিয়ে যাবেন। মাত্র ১৯ বছর বয়সে তাঁর হাতে পিপিপির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল।

তখন মায়ের হত্যাকাণ্ডের পর সিন্ধুতে পাকিস্তানবিরোধী স্লোগান উঠছিল। সেই সময় তাঁর বাবা আসিফ আলী জারদারি ‘পাকিস্তান খাপ্পে’ (পাকিস্তান দীর্ঘজীবী হোক) স্লোগান দিয়েছিলেন। তিনি সিন্ধুকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার দাবি প্রত্যাখ্যান করেছিলেন। বিলাওয়ালও ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে রাজনীতি অব্যাহত রেখেছিলেন। তাঁর বাবা দুবার প্রেসিডেন্ট হয়েছেন, বিলাওয়াল হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ পাকিস্তানের অর্ধেকের বেশি অঞ্চলে তাঁর দলের শাসন রয়েছে।

সিন্ধু বিভক্তির প্রশ্নে বিলাওয়াল যদি সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে তাঁর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা উচিত হবে না। তাঁর বিস্ফোরক বক্তব্যের পেছনের প্রেক্ষাপট বুঝতে হবে। আমার মনে হয়, তিনি এখনো খুব সামান্যই বলেছেন। তাঁর আরও অনেক কিছু বলার আছে।

তবে আপাতত তিনি হয়তো প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধেই বিদ্রোহ সীমাবদ্ধ রাখতে চান, যাতে রাষ্ট্রীয় ব্যবস্থাটিকে নতুন করে সাজানো যায়। যদি তা না হয়, তাহলে আরও বড় বিদ্রোহ দেখা দিতে পারে।

আমি আশঙ্কা করছি, পাকিস্তান আবারও জেনারেল জিয়াউল হকের শাসনামলের মতো শাসনে ফিরে যেতে পারে। সে সময় সিন্ধু ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ উসকে দেওয়া হয়েছিল।

পিপিপিকে মোকাবিলা করতে সামরিক কর্তৃপক্ষ এমকিউএম এবং জি এম সৈয়দের মতো বিচ্ছিন্নতাবাদী নেতার দিকে ঝুঁকেছিল। এই দাবি আমার নয়, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগের।

এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিন্ধুতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন মোকাবিলা করতে জেনারেল জিয়ার নির্দেশেই এমকিউএম গঠন করা হয়েছিল।

১৯৭৩ সালের সংবিধানেই নতুন প্রদেশ গঠনের পথ নির্ধারণ করা আছে। কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

গণভোটের মাধ্যমে সিন্ধু প্রাদেশিক পরিষদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা না করে রাজনৈতিক নেতৃত্বের উচিত বিষয়টি পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদগুলোতে নিয়ে যাওয়া এবং ঐকমত্য গড়ে তোলা। বন্দুকের নল ঠেকিয়ে কেউ নতুন প্রদেশ গঠন করতে পারে না। এ ধরনের দুঃসাহসিক উদ্যোগ পাকিস্তানকে আবারও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।

●হামিদ মির পাকিস্তানের সাংবাদিক

*মতামত লেখকের নিজস্ব

সূত্র: প্রথম আলো