মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
৪৯২ Shares
বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় পেঁয়াজে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আবদুল মুক্তাদির বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।

আবদুল মুক্তাদির বলেন, একসময় পেঁয়াজে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

‘উনি তো এই দেশেই ছিলেন, গেলেন কেন?’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘উনি তো এই দেশেই ছিলেন, গেলেন কেন এই দেশ থেকে—এই প্রশ্নটা উনাকে করা দরকার। কিসের জন্য গেলেন? গেলেন তো সারা দেশের মানুষের রোষে ভীত হয়ে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের দমন–পীড়নের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৫-১৬ বছর যাবৎ বাংলাদেশের কোথাও দুই-চার শ, পাঁচ শ মানুষ এক জায়গায় জড়ো হলেই এই দল (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) এবং দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ এবং বিভিন্ন বাহিনী পাঠিয়ে সেটি নস্যাৎ করার চেষ্টা করতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বরই আসেন, উনি যেদিনই আসেন, চলে আসেন তাড়াতাড়ি।’

আবদুল মুক্তাদির আরও বলেন, ‘উনি (শেখ হাসিনা) তো এই দেশের নাগরিক। এই দেশের নাগরিক হিসেবে এই দেশে তাঁর যে প্রাপ্তি বাকি আছে আইনগতভাবে, সেটি উনি বহন করবেন এবং ভোগ করবেন। আমরা চাই উনি তাড়াতাড়ি ফিরে আসুন।’

এ সময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এর আগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহিদ ইকবাল। এতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী হজরত শাহপরান (রহ.) মাজার রোড হতে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তার উন্নয়ন, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেনের নির্মাণকাজের উদ্বোধন করেন।

সূত্র: প্রথম আলো