বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

টাকা জমানোর উপায় কী

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ এএম
২৪১ Shares
কোথায় খরচ করলাম, হিসাব করতে গিয়ে মনে পড়ল, এই তো মাত্র দু-তিনবার বন্ধুদের সঙ্গে ফুচকা খেয়েছি, কিনেছি একটা নতুন ডিজাইনের নোটবুক আর কলম, ক্যানটিনে খেয়েছি বিরিয়ানি

আজ মাসের ২৫ তারিখ। পকেটে পড়ে আছে ৭৫ টাকা। অথচ মাস শেষ হতে এখনো ৫ দিন বাকি। প্রতি মাসের শুরুতে অনেক অনুরোধ করে মা-বাবার কাছ থেকে পকেটমানি নিই। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সব টাকা শেষ!

কোথায় খরচ করলাম, হিসাব করতে গিয়ে মনে পড়ল, এই তো মাত্র দু-তিনবার বন্ধুদের সঙ্গে ফুচকা খেয়েছি, কিনেছি একটা নতুন ডিজাইনের নোটবুক আর কলম, ক্যানটিনে খেয়েছি বিরিয়ানি। আর কী কী যেন! সব মিলিয়ে হাজার টাকা উধাও। পকেটমানি ছাড়াও ঈদের সালামি কিংবা টিউশনের টাকা, যেটাই হাতে আসুক, মুহূর্তেই শেষ হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই।

তবে ভালো খবর হলো, এই সমস্যার সমাধানে টাকা লাগে না। দরকার কয়েকটি ছোট অভ্যাস। পৃথিবীর নানা দেশের মানুষ বহু বছর ধরে এসব অভ্যাস চর্চা করে আসছে।

চলো, প্রথমেই জেনে নেওয়া যাক জাপানের একটি পুরোনো পদ্ধতির কথা।

কাকেইবো বা হিসাবের খাতাজাপানি ভাষায় কাকেইবো (Kakeibo) শব্দের আক্ষরিক অর্থ ‘সংসারের আয়-ব্যয়ের খাতা’। হানি মোতোকো নামের এক জাপানি সাংবাদিক ও লেখক ১৯০৪ সালের দিকে এই পদ্ধতি চালু করেন। শুরুতে গৃহিণীদের সংসারের খরচ গুছিয়ে রাখতে সাহায্য করাই ছিল এর উদ্দেশ্য। একশ বছরের বেশি পুরোনো এই পদ্ধতি এখনো জাপানে জনপ্রিয়। পরিবারের ছোটরাও কাকেইবো শেখে।

তোমার মনে প্রশ্ন জাগতে পারে, মোবাইলের অ্যাপেই যখন আয়-ব্যয়ের হিসাব রাখা যায়, তখন খাতায় হাতে লিখব কেন? কাকেইবোর আসল শক্তি এখানেই। হাতে লিখতে গেলে একটু থামতে হয়। আর এই থামাটাই নিজের খরচ নিয়ে ভাবার সুযোগ করে দেয়। অ্যাপে টোকা দিয়ে হিসাব রাখা সহজ, কিন্তু হাতে লিখলে প্রতিটি খরচ নিয়ে ভাবার সুযোগ তৈরি হয়। ফলে খরচের বিষয়গুলো মনে বেশি দাগ কাটে।

কাকেইবোতে খরচকে চার ভাগে ভাগ করা হয়।

অতি প্রয়োজনীয়: যে খরচগুলো না করলে চলবে না। যেমন স্কুলে যাওয়ার ভাড়া, খাতা-কলম।

কম প্রয়োজনীয়: নিজের শখের জিনিস বা যেসব খরচ এই মুহূর্তে না করলেও চলে। যেমন ফুচকা খাওয়া, নতুন গেমের স্কিন কেনা।

দরকারি বা আত্মোন্নয়নমূলক: বই, কোর্স, জাদুঘরে যাওয়ার টিকিট, খেলাধুলার সরঞ্জাম ইত্যাদি।

অপ্রত্যাশিত: হঠাৎ ছাতা ভেঙে যাওয়া বা ফোনের চার্জার হারিয়ে যাওয়ার মতো জরুরি খরচ।

মাস শেষে নিজেকে চারটি প্রশ্ন করতে হয়:

১. এই মাসে আমার হাতে কত টাকা এসেছিল?

২. কত টাকা জমাতে চেয়েছিলাম?

৩. আসলে কত টাকা খরচ করেছি?

৪. আগামী মাসে কী বদলাব?

শেষ প্রশ্নটির উত্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই পরের মাসের জন্য নতুন একটি সিদ্ধান্ত নিতে হবে।

নিজেই একবার চেষ্টা করে দেখো। একটা সাধারণ খাতা নাও। পাঁচ মিনিট সময় নিয়ে খরচগুলো চার ভাগে লিখে ফেলো। প্রথম মাসেই সবকিছু বদলে ফেলার দরকার নেই। আপাতত শুধু হিসাব রাখো।

প্রতিটি জমানোর একটা নাম দাওটাকা জমানো শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ, জমানোর পেছনে নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। চোখের সামনে কোনো স্বপ্নও থাকে না।

কিন্তু জমানোর সঙ্গে যদি কোনো স্বপ্ন বা ইচ্ছার ছবি জুড়ে দেওয়া যায়, তাহলে ব্যাপারটা বদলে যায়। ধরো, তুমি জানুয়ারির মধ্যে ১২ হাজার টাকা জমাতে চাও। এই টাকা দিয়ে কিনবে তোমার আর্ট স্টুডিওর জন্য প্রয়োজনীয় উপকরণ। এবার এটি আর সাধারণ সঞ্চয় থাকছে না, হয়ে উঠছে তোমার একটি মিশন। তুমি উপকরণগুলোর দাম দেখবে, সেগুলো সম্পর্কে খোঁজখবর নেবে এবং টাকা জমানোর জন্য একটা তাগিদ অনুভব করবে।

নিয়মটা সহজ: প্রতিটি সঞ্চয়ের পেছনে থাকতে হবে একটি উদ্দেশ্য, নির্দিষ্ট অঙ্ক এবং সময়সীমা। টাকার অঙ্ক বেশি মনে হলে সময় বাড়াও, অথবা লক্ষ্য ছোট করো।

জাপানে ছোটদের জন্য আছে ‘চোকিন-বাকো’ ব্যাংকের আদলে তৈরি সঞ্চয়ের বাক্স। বাংলাদেশেও আছে মাটির ব্যাংক। কমবেশি অনেক বাড়িতেই নানা আকার ও নকশার মাটির ব্যাংক দেখা যায়। তাই সঞ্চয়ের অভ্যাস শুরু করা কঠিন কিছু নয়।

টাকা জমানোর এই ছোট্ট অভ্যাসই হতে পারে নিজের লক্ষ্য ধরে রাখার প্রথম পাঠ।

৫০/৩০/২০ হ্যাকবাজেট তৈরির একটি জনপ্রিয় নিয়ম হলো ৫০/৩০/২০। এই নিয়মে আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় কাজে, ৩০ শতাংশ শখ পূরণ বা অন্যান্য কাজে খরচ করা হয়। বাকি ২০ শতাংশ জমিয়ে রাখা হয়।

মার্কিন অধ্যাপক এলিজাবেথ ওয়ারেন ও তাঁর মেয়ে আমেলিয়া ওয়ারেন ত্যাগী তাঁদের অল ইয়োর ওয়ার্থ বইয়ে এই পদ্ধতির কথা তুলে ধরেছিলেন। ধীরে ধীরে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

তবে ছোটদের পকেটমানির হিসাব বড়দের মতো হয় না। বাড়িভাড়া বা বিদ্যুতের বিল তোমাকে দিতে হয় না। তাই ৫০/৩০/২০ নিয়মটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারো।

কোনো কিছু কেনার আগে নিজেকে তিনটি প্রশ্ন করে দেখো:

১. এই জিনিসের মতো কিছু কি আমার আগে থেকেই আছে?

২. কেউ না দেখলে বা বন্ধুরা না জানলেও কি আমি এটি কিনতাম?

৩. এটি না কিনলে কি আমার কোনো ক্ষতি হবে?

তিনটি প্রশ্নের উত্তরই যদি ‘না’ হয়, তাহলে জিনিসটি তোমার জন্য খুব জরুরি নয়। এটি হয়তো সাময়িক কোনো চাওয়া। নিজের ইচ্ছা পূরণ করাও জীবনের আনন্দের অংশ। তবে চাওয়া আর প্রয়োজনের মধ্যে পার্থক্য বুঝতে হবে।

ছোটদের জন্য এই পার্থক্য বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ, সাময়িক কোনো চাওয়াকেও আমাদের মন প্রয়োজনীয় বলে মনে করাতে পারে। তাই খরচের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের পাশাপাশি বুদ্ধিও কাজে লাগানো জরুরি।

৩০ দিনের অপেক্ষাধরো, তোমাকে এখনই ৫০০ টাকার একটি পছন্দের জিনিস দেওয়া হবে। অথবা এক মাস অপেক্ষা করলে তুমি নিজের পছন্দমতো অন্য একটি জিনিস কিনতে পারবে। তুমি কোনটি বেছে নেবে? সিদ্ধান্ত নেওয়ার আগে কি একটু ভেবে দেখবে? প্রতিটি কেনাকাটার সময় এমন করে ভাবার অভ্যাস আছে কি তোমার?

মনোবিজ্ঞানী ওয়াল্টার মিশেলের অপেক্ষা করার ক্ষমতা নিয়ে একটি বিখ্যাত পরীক্ষা আছে। এর নাম মার্শম্যালো টেস্ট। এই পরীক্ষায় শিশুদের সামনে একটি মার্শম্যালো রেখে বলা হতো, কিছুক্ষণ অপেক্ষা করতে পারলে তারা আরেকটি মার্শম্যালো পাবে। অনেক শিশু অপেক্ষা না করে প্রথম মার্শম্যালোটিই খেয়ে ফেলত। পরীক্ষাটির মাধ্যমে শিশুদের তাৎক্ষণিক আনন্দের বদলে ভবিষ্যতের বড় পুরস্কারের জন্য অপেক্ষা করার ক্ষমতা বোঝার চেষ্টা করা হয়েছিল।

অপেক্ষা করার সুযোগ আমাদের ভাবার সময় দেয়। ফলে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কমে। কেনাকাটা বা টাকা খরচের ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগানো যায়। কোনো শখের জিনিস কেনার ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে কিনে না ফেলে কিছুদিন অপেক্ষা করো।

একটি তালিকা তৈরি করো। সেখানে শখের জিনিসটির নাম, দাম এবং কেন কিনতে চাও, তা লিখে রাখো। এরপর ৩০ দিন অপেক্ষা করো। ৩০ দিন পরও যদি জিনিসটি কেনার ইচ্ছা থাকে, তাহলে কেনার কথা ভাবতে পারো।

তালিকা তৈরির আরেকটি সুবিধা আছে। অনেক সময় দেখা যায়, কোনো জিনিসের নাম লিখে রাখার পরই সেটি কেনার আগ্রহ কমে গেছে। অর্থাৎ, প্রথম মুহূর্তের ইচ্ছাটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না।

তবে ওষুধ, খাতা-কলমের মতো জরুরি জিনিস কেনার ক্ষেত্রে ৩০ দিন অপেক্ষা করার দরকার নেই। এই নিয়ম মূলত বাড়তি বা শখের কেনাকাটার জন্য।

আমাদের ইচ্ছা ঢেউয়ের মতো। কখনো বাড়ে, আবার কিছুক্ষণ পর কমেও যায়। সেই মুহূর্তের ইচ্ছায় ভেসে গিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। একটু অপেক্ষা করলেই বোঝা যায়, কোন ইচ্ছাটি সত্যিই গুরুত্বপূর্ণ।

সালামিকে ভাগ করাবাংলাদেশে ঈদের সময় আমরা সালামি পাই। জাপানেও নতুন বছরের শুরুতে বড়রা ছোটদের সাজানো খামে টাকা দেন। এই উপহারের নাম ওতোশিদামা।

দুই দেশেই এ সময় একসঙ্গে বেশ কিছু টাকা হাতে আসে। তখন অনেকেই বুঝে উঠতে পারে না, কতটা খরচ করবে আর কতটা জমাবে। ‘এটা তো বোনাস’, এমন ভেবে হঠাৎ পাওয়া টাকাও অনেক সময় অপ্রয়োজনীয় খরচে শেষ হয়ে যায়। পরে নিজেরই খারাপ লাগে।

এ সমস্যা এড়াতে আগে থেকেই সালামি ভাগ করে রাখার পরিকল্পনা করতে পারো। যেমন, অর্ধেক টাকা সঙ্গে সঙ্গে সঞ্চয়ের বাক্সে বা ব্যাংকে রেখে দাও। এক-চতুর্থাংশ ভালো কোনো কাজে বা প্রয়োজনীয় কিছুতে খরচ করো। বাকি এক-চতুর্থাংশ রাখো নিজের আনন্দের জন্য।

এভাবে টাকা ভাগ করে রাখলে নিজের ইচ্ছাও পূরণ হবে, আবার সঞ্চয়ও বাড়বে। খরচের পর অপরাধবোধও কাজ করবে না।

মোত্তাইনাই বা কিছুই নষ্ট কোরো নাজাপানি ভাষায় একটি শব্দ আছে, মোত্তাইনাই। কোনো জিনিসের পূর্ণ ব্যবহার না করে নষ্ট করে ফেললে এই শব্দ দিয়ে আক্ষেপ প্রকাশ করা হয়। বাংলায় যেমন বলি, ‘কী অপচয়!’

এই ভাবনা থেকেই যেকোনো জিনিসের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করতে পারো। জুতা বা ব্যাগ ছিঁড়ে গেলে নতুন কেনার আগে মেরামত করা যায় কি না, ভেবে দেখো। যে জিনিস ভাগাভাগি করে ব্যবহার করা যায়, তা বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও। বন্ধুর কাছে থাকা বইটি ধার নিয়ে পড়তে পারো কি না, জেনে নাও।

কোনো জিনিস ফেলে না দিয়ে অন্য কাজেও ব্যবহার করা যায়। পুরোনো খাতার পাতা দিয়ে তৈরি করতে পারো নানা ধরনের ক্রাফট। রিসাইকেল ও পুনর্ব্যবহারের অভ্যাস গড়ে তোলো।

খাবারও নষ্ট কোরো না। যতটুকু খেতে পারবে, ততটুকুই নাও। বাড়তি খাবার থাকলে যার প্রয়োজন, তাকে দিতে পারো। পশুপাখির জন্যও খাবার ভাগ করে রাখতে পারো।

এর সঙ্গে আরেকটি ছোট কৌশল কাজে লাগাতে পারো। দাম তুলনা করো। দোকানে গেলে প্রতি এককের দাম হিসাব করে দেখো। যেমন, ৫০০ গ্রামের একটি প্যাকেটের দাম ৯০ টাকা, আর ১ কেজির প্যাকেটের দাম ১৬৫ টাকা। ৫০০ গ্রামের প্যাকেটে প্রতি ১০০ গ্রামের দাম ১৮ টাকা। অন্যদিকে ১ কেজির প্যাকেটে প্রতি ১০০ গ্রামের দাম ১৬ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, বড় প্যাকেটটি তুলনামূলক সস্তা। তবে কেনার সময় দাম ও নিজের প্রয়োজন দুটিই মাথায় রাখবে।

অন্যকে দেখানোর জন্য নয়, নিজের প্রয়োজন ও পছন্দ বুঝেই নতুন জিনিস কেনো।

অনলাইনের ফাঁদ চিনে রাখোটাকা খরচের অনেক কিছুই এখন স্ক্রিনের ভেতরে। গেমের ডায়মন্ড কেনা, অ্যাপের সাবস্ক্রিপশন, মোবাইল রিচার্জ, বিকাশ বা নগদে টাকা পাঠানো এ রকম কত কিছুই তো আছে! তবে অনলাইনে টাকা খরচের সময় কয়েকটি ফাঁদ সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

প্রথম ফাঁদ হলো ইন-অ্যাপ পারচেজ। অর্থাৎ, অ্যাপ বা গেমের ভেতরে ছোট ছোট অঙ্কের বিনিময়ে বিভিন্ন জিনিস কেনা। প্রতিবার দাম এত কম দেখানো হয় যে মনে হয়, এতে আর কত টাকা খরচ হবে! কিন্তু ৩০, ৫০ বা ১০০ টাকা করে খরচ জমতে জমতে মাস শেষে বড় অঙ্ক হয়ে যায়।

দ্বিতীয় ফাঁদ প্রতারণা। কেউ ফোন বা মেসেজ করে বলতে পারে, ‘তোমার অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে এসেছে, ফেরত দাও।’ আবার কেউ বলতে পারে, ‘তুমি পুরস্কার জিতেছ, শুধু ওটিপি (OTP বা এককালীন পাসওয়ার্ড) বলো।’ এসব কথায় বিশ্বাস করবে না। কোনো অবস্থাতেই নিজের পিন বা ওটিপি কাউকে দেবে না। কেউ নিজেকে কোনো প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিলেও নয়। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হলে মা-বাবাকে জানাও এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক হটলাইনে যোগাযোগ করো।

একটা কথা বলা হয়নি। এই অভ্যাসগুলো একসঙ্গে শুরু করার দরকার নেই। সবকিছু একবারে করতে গেলে প্রথম সপ্তাহেই আগ্রহ হারিয়ে ফেলতে পারো। তাই ধীরে ধীরে একটি করে অভ্যাস গড়ে তোলো।

টাকা আমাদের কেনাকাটার সামর্থ্য দেয়। একই সঙ্গে টাকা কীভাবে খরচ করব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেয়। তাই খরচের ব্যাপারে সচেতন হওয়া জরুরি। টাকা জমানো হতে পারে আত্মনিয়ন্ত্রণ শেখার প্রথম পাঠ। আর সবচেয়ে বড় কথা, নিজের জমানো টাকা দিয়ে নিজের শখ পূরণ করার আনন্দই আলাদা!

সূত্র: প্রথম আলো