শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ঘিরে কদিন ধরেই আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক খাত। এবার বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির নতুন ঘোষণা এই আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে।
একদিকে দেশের ভেতরে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ হচ্ছে, রাস্তায় নামছেন শ্রমিকরা। আর অন্যদিকে দেশের বাইরে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব। সব মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতে চাপ, অনিশ্চয়তা বাড়িয়েছে।
শ্রমিকদের নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও মাঠের আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক শ্রমিক। বৃহস্পতিবারও গাজীপুরের কয়েকটি জায়গায় সড়কে নামার চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একদল পোশাক শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।
বিশৃঙ্খল পরিস্থিতির শঙ্কায় গাজীপুরের নাওজোড়, ভোগড়া বাইপাস এবং কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে অনেক কারখানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
এদিকে, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেরকে আগামী শনিবার থেকে কাজে ফেরার আহবান জানিয়েছেন বাংলাদেশের শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক বৃদ্ধির প্রস্তাব সামনে এলো। বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর।
এমনিতেই শুল্কবৃদ্ধিসহ নানা কারণে চলতি বছরের শুরুর নয় মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমেছে।
এবার শুল্ক আরও বাড়ানোর এই প্রস্তাব বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতকে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অবশ্য বলছেন, মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ।
এ বিষয়ে বাংলাদেশ নেগোশিয়েট বা সমঝোতার প্রচেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি।
তবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক বৃদ্ধির বিষয়টি এক করে দেখার সুযোগ নেই বলেই মনে করেন অর্থনীতিবিদ এবং পোশাক খাত সংশ্লিষ্টদের অনেকে।
পোশাক খাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়েও পরামর্শ দিয়েছেন তারা।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
নিজেদের অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে।
এর আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান এবং ভারত। বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদা শুল্কহার প্রযোজ্য হবে।
বাংলাদেশের ওপর নতুন করে কত শুল্ক আরোপ করা হচ্ছে, সেটি এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তবে ইউএসটিআর এর প্রস্তাবনা অনুযায়ী, এর পরিমাণ পণ্য ভেদে ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার "সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত", এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে গত জুলাই মাসে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়।
২০২৬ সালের ১১ই মার্চ, ১৬টি দেশের উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন সম্পর্কিত কার্যকলাপ, নীতি এবং অনুশীলনের বিষয়ে তদন্ত শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর।
অর্থাৎ, এটি হঠাৎ করে আসা কোনো সিদ্ধান্ত নয়। মার্চ মাসে তদন্ত শুরু হয়ে নভেম্বরে এসে প্রস্তাবের পর্যায়ে পৌঁছেছে। এখন জনমত গ্রহণ ও আলোচনার পর চূড়ান্ত হার নির্ধারণ হবে।
অতিরিক্ত শুল্ক আরোপের কারণ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতি অযৌক্তিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশ উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা দিচ্ছে, কিন্তু শ্রমিকের অধিকার ও সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না।
আর্থিক খাতেও এমন নীতি অনুসরণ করা হচ্ছে, যা বাজারব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। আর অতিরিক্ত উৎপাদনক্ষমতা মোকাবিলায়ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
দাবি করা হয়েছে যে, এর ফলে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকরা সুযোগ হারাচ্ছেন। যার ফলে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউএসটিআর এর এই প্রতিবেদনে তৈরি পোশাক ও বস্ত্র খাতে এই প্রভাব সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।
একদিকে মূল্যস্ফীতির সাথে সংগতি রেখে জীবনযাত্রার ব্যয় মেটানো, শ্রমিকদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং শিল্পখাতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি।
অন্যদিকে, ট্রম্পের বাণিজ্য নীতিসহ নানা কারণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে পোশাক খাতের বাজার ধরে রাখা এবং নতুন বাজার খোঁজার চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের, অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বা ওটেক্সা এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ।
অবশ্য, সার্বিকভাবেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ কমে, ৫৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে নেমেছে।
পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সাথে ট্রাম্পের ট্যারিফের সরাসরি সম্পর্ক না থাকলেও একদিকে বাড়তি ট্যারিফের কারণে রপ্তানি অনিশ্চয়তা, অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন- এই দুটি বিষয় প্রভাবিত করছে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে।
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, ট্রাম্পের ট্যারিফ গোটা বিশ্বকেই একটা অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
তার মতে, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির ফলে চীনসহ বিশ্বের প্রায় সব দেশ থেকেই মার্কিন বাজারে রপ্তানি কমেছে।
এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে দেশের অভ্যন্তরে যে প্রক্ষাপট তৈরি হয়েছে তাতে রপ্তানির বাজার হারানোর শঙ্কা বাড়ছে বাংলাদেশের জন্য।
"দুইটা বিষয় একসাথে দেখলে যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো আলটিমেটলি আমাদের গার্মেন্টস সেক্টরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে," বিবিসি বাংলাকে বলেন মি. হাতেম।
জ্বালানির মূল্য বৃদ্ধি ও বাড়তি ট্যারিফের কারণে খরচ বাড়ছে আর শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।
ফলে, বাংলাদেশে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে এবং বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে অনেক দেশের পোশাক আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজে নিতে পারেন বলেই মনে করেন পোশাক কারখানা মালিকদের অনেকে।
"শ্রীলঙ্কায় ধারাবাহিক অসন্তোষের কারণেই একসময় বায়াররা বিকল্প হিসেবে বাংলাদেশের কথা চিন্তা করে এবং বাংলাদেশে আসতে থাকে। এছাড়া আরেকটা কারণ ছিল এলডিসি, যার ফলে ডিউটি ফ্রি অ্যাক্সেস ছিল," বলেন মি. হাতেম।
তাঁর আশঙ্কা, এখন বাংলাদেশে যদি একই ধরনের ধারাবাহিক অস্থিরতা চলে, তাহলে বায়াররা আবার বিকল্প খুঁজবে।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অবশ্য, শুল্ক আরোপের নতুন যে প্রস্তাব ট্রাম্প প্রশাসন দিয়েছে, তার সঙ্গে শ্রমিকদের মজুরি আলোচনার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেই মনে করেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বিবিসি বাংলাকে তিনি বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির যে বিষয়টি এই মুহূর্তে আলোচনায় রয়েছে সেটি আইনগতভাবে এখনই হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ বা বেতন বাড়বে প্রতি তিন বছর পরপর, যা অতীতে পাঁচ বছর ছিল।
বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের মজুরি এর আগে ২০২৩ সালে বৃদ্ধি করা হয়েছিল। তখন সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
ফলে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে অন্য কিছু মেলানোর সুযোগ নেই বলেই মনে করেন মি. মোয়াজ্জেম।
তার মতে, তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিরতা কেবল মজুরি বৃদ্ধি বা বাড়তি ট্যারিফের কারণেই নয়। এই খাতের নিজস্ব অব্যবস্থাপনা, অদক্ষতা এবং দুর্বলতার কারণেই এটি তৈরি হয়েছে বলেই মনে করেন তিনি।
"অযোগ্য, অদক্ষ কারখানা থেকে কিভাবে দক্ষ এবং ভালো দিকে যাওয়া যায় সেটি চিন্তা না করে বরং শ্রমিকদেরকে আরও কিভাবে দুর্বল রাখা যায়, আমরা সেই কাঠামোর বৃত্তেই রয়েছি," বিবিসি বাংলাকে বলেন মি. মোয়াজ্জেম।
অর্থাৎ, সমস্যার মূলে রয়েছে খাতের কাঠামোগত দুর্বলতা। কম মজুরির ওপর ভর করে প্রতিযোগিতা করার মডেল আর টিকছে না। দক্ষতা না বাড়িয়ে শুধু মজুরি কম রাখলে বিশ্ববাজারে টেকা যাবে না বলেই মত অর্থনীতিবিদের।
মি. মোয়াজ্জেম বলছেন, নিজেদের ঘোষিত নীতি অনুযায়ীই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যেটা বাণিজ্যের থেকেও অনেক বেশি রাজনৈতিক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে সেটিও বৈষম্যমূলক বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তার মতে, এর প্রভাব কেবল বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই পড়েছে, এমনকি খোদ যুক্তরাষ্ট্রেও।
"মার্কিন ট্যারিফের কারণে সেখানে রপ্তানি কমলেও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ ভাল করবে মনে হয়েছিল। কিন্তু শুল্ক যুদ্ধের কারণে চীনের পণ্য এখন যুক্তরাষ্ট্রে না গিয়ে ইউরোপের বাজার দখল করছে। যা সেখানেও আমাদের জন্য বাড়তি প্রেশার তৈরি করছে," বিবিসি বাংলা বলেন তিনি।
এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন বৃদ্ধিকে সমস্যা হিসেবে চিহ্নিত না করে বরং বিকল্প বাজার খোঁজার কথা বলছেন অর্থানীতিবিদরা।
"মার্কেট ডাইভারসিফিকেশন, প্রডাক্ট ডাইভারসিফিকেশন, ইনভেস্টমেন্ট ডাইভারসিফিকেশন এই তিনটি বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার," বিবিসি বাংলাকে বলেন মি. মোয়াজ্জেম।
চলমান শ্রমিক অসন্তোষ এবং ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বাড়ানোর প্রস্তাব নিয়ে বাংলাদেশের পোশাক খাত ঘিরে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
পোশাক কারখানার মালিকদের কেউ কেউ বলছেন, ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করা হলেও আন্দোলন থামবে না। কারণ, চলমান আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত হয়েছে বলেই মত অনেকের।
অন্যদিকে, শ্রমিকদের জীবনমান এবং মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় তাদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা করার যে প্রস্তাবনা মজুরি বোর্ড দিয়েছে সেটিও সঠিক মূল্যায়ন হয়নি বলে মনে করেন পোশাক শ্রমিক ও অর্থনীতিবিদদের অনেকে।
ট্যারিফ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোশিয়েট বা সমঝোতার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এখানে স্কোপ আছে, যেখানে কিছু জিনিস আমরা আনজাস্টিফায়েড মনে করি এটা নিয়ে কথা বলারও সুযোগ আছে, হিয়ারিং ২৫শে জানুয়ারি।"
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নিয়ে এখনই শঙ্কিত হওয়ার কারণ দেখছেন না, আরএমজি সেক্টর নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম, বাংলাদেশ অ্যাপারেল ভয়েস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলও।
তিনি বলছেন, বিশ্ব বাণিজ্যে এক ধরনের অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি করেছে মার্কিন ট্যারিফ। যা বাংলাদেশের মতো দেশগুলোকে চাপে ফেলেছে।
"যুক্তরাষ্ট্রের ট্যারিফ এখনও ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু আইন অনুযায়ী আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটা যে হবে, তার ডেডলাইনও আগে থেকেই দেওয়া ছিল," বিবিসি বাংলাকে বলেন তিনি।
এই বিশ্লেষক বলছেন, ট্যারিফ যদি দুই শতাংশও বাড়ে, সেটি সামগ্রিকভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ফেলবে। যা অন্যান্য দেশের মতো বাংলাদেশের রপ্তানিকেও প্রভাবিত করবে।
তবে, ইউএসটিআর এর প্রস্তাবনায় বাংলাদেশের জন্য একটা সুযোগও রাখা হয়েছে বলে মনে করেন মি. রুবেল।
তার ভাষ্য মতে, "বাংলাদেশকে যুক্তরাষ্ট্র একটা সুবিধা দিয়েছে, টিআরকিউ নামে। যেখানে ওদের কটন ব্যবহার করলে আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। এটাকে মন্দের ভালো বলতে পারেন। "
মি. রুবেল বলছেন, অতিরিক্ত উৎপাদনশীলতা নিয়ে যে তদন্ত ইউএসটিআর করেছে সেখানে এই বিষয়টি এখনও পরিষ্কার করা হয়নি যে, আগের দেওয়া শুল্কমুক্ত সুবিধাটা অতিরিক্ত উৎপাদনশীলতার ক্ষেত্রেও দেওয়া হবে কিনা।
এক্ষেত্রে পোশাক খাতে ভারত কিংবা ভিয়েতনামের মতো বাংলাদেশের যেসব প্রতিযোগি দেশ রয়েছে তারা এই সুবিধা না পাওয়ায়, এটি বাংলাদেশের জন্য সুযোগ বলেই মনে করেন তিনি।
"হাই ভ্যালু প্রোডাক্ট বা দামি পণ্য উৎপাদনের কথা বলা হলেও বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই লো ভ্যালু প্রডাক্ট উৎপাদন করে। কিন্তু যুক্তরাষ্ট্রের কটন আনা গেলে হাই ভ্যালু প্রডাক্টও করা সম্ভব। আপনি যদি কটনের দিক থেকে চিন্তা করেন তাহলে কিছুটা অ্যাডভানটেজে থাকবেন," বিবিসি বাংলাকে বলেন তিনি।
এছাড়া, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক এখনও প্রস্তাবনা আকারে এসেছে। ফলে, বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে শ্রম সুরক্ষা, মজুরি কাঠামো ও বাণিজ্য নীতিতে সংস্কার হচ্ছে, তাহলে শুল্ক কমানো বা নির্দিষ্ট পণ্যে ছাড় আদায় করা সম্ভব হতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি বাংলা
-
জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত
-
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
-
এক পাখির দাম আড়াই লাখ, দুই জোড়া মুরগি ৪৫ হাজার—আগারগাঁওয়ে এক বিকেল
-
কুষ্টিয়ায় কারাগারের কোয়ার্টার ও ফটকে ককটেল বিস্ফোরণ, দুই জেলায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
-
রোজিনার আচরণে কষ্ট পেয়েছেন নূতন, কী ঘটেছিল
-
এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল
-
যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
-
পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক
-
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী
-
অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ
-
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
-
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমতি পেয়েছে স্পেসএক্স, কী কাজে লাগবে
-
শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
-
গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ
-
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?