শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

মৃত্যুর আগে ব্রুস লির শেষ কয়েক ঘণ্টা, যে রহস্যের জট খোলেনি আজও

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ এএম
৩৯৩ Shares
২৭ নভেম্বর ব্রুস লির জন্মদিন। মাত্র ৩২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে পাঁচ দশকের বেশি সময় পরও রহস্য ও বিতর্ক রয়ে গেছে।

২৭ নভেম্বর মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির জন্মদিন। মাত্র ৩২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু আজও নানা প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়ে চলেছে। মৃত্যুর আগের কয়েক ঘণ্টায় কী ঘটেছিল, কেনই–বা থেমে গিয়েছিল তাঁর প্রাণ—পাঁচ দশকের বেশি সময় পরও এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলেনি। জন্মদিনে ফিরে দেখা যাক ব্রুস লির জীবন, তাঁর শেষ কয়েক ঘণ্টা এবং মৃত্যুরহস্যের নানা তত্ত্ব।

মাথাব্যথা করছিল। ওষুধ খেয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির বয়স তখন মাত্র ৩২ বছর। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তে জানা গেল, মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে ফুলে যাওয়াই মৃত্যুর কারণ। কিন্তু কেন এমন হয়েছিল? ওষুধের প্রতিক্রিয়া, গাঁজা সেবন, অতিরিক্ত গরম, নাকি শরীরে পানির ভারসাম্য নষ্ট হওয়া?

মৃত্যুর পর থেকেই নানা প্রশ্ন ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলেন, চীনা গ্যাংস্টাররা তাঁকে হত্যা করেছে। কারও অভিযোগ, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে তাঁর। এমনকি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে তাঁর মৃত্যু হয়েছিল বলেও গুজব ছড়ায়। পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ব্রুস লির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্কের অবসান হয়নি।

২৭ নভেম্বর ব্রুস লির জন্মদিন। তাঁর জীবন ও মৃত্যুর সেই অমীমাংসিত অধ্যায়ের দিকে ফিরে তাকানোর উপলক্ষ আজকের এই লেখা।

নামের গল্পে কাকতাল, শৈশব হংকংয়ে

ব্রুস লির জন্ম ১৯৪০ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চায়নাটাউনের এক হাসপাতালে। বাবা লি হোই-চুয়েন ছিলেন হংকংয়ের অপেরা গায়ক ও খণ্ডকালীন অভিনেতা। আর মা গ্রেস হো ছিলেন প্রভাবশালী ইউরেশীয় পরিবারের মেয়ে। এক বছর বয়স হওয়ার আগেই পরিবারের সঙ্গে হংকংয়ে ফিরে যান ব্রুস।

তাঁর নাম নিয়েও আছে একটি প্রচলিত গল্প। শোনা যায়, মা গ্রেস ছেলের নাম রাখতে চেয়েছিলেন ‘ইউমেন ক্যাম’, কিন্তু হাসপাতালের নার্স নামটি ঠিকমতো উচ্চারণ করতে না পেরে জন্মসনদে নাম লেখেন ‘ব্রুস লি’। মা–বাবা আপত্তি করেননি। কারণ, নামটি তাঁদের পছন্দই হয়, তাই আর বদলাননি। পরে এই নাম বিশ্বজুড়ে হয়ে ওঠে মার্শাল আর্ট ও অ্যাকশন চলচ্চিত্রের সমার্থক।

হংকংয়ে বেড়ে ওঠা ব্রুসের শৈশব কেটেছে চলচ্চিত্রের পরিবেশে। বাবার হাত ধরে খুব ছোটবেলা থেকেই পরিচিত হন ক্যামেরা, আলো ও অভিনয়ের জগতের সঙ্গে। মাত্র ছয় বছর বয়সে ‘দ্য বিগিনিং অব আ বয়’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর চলচ্চিত্রযাত্রা। ১৮ বছর হওয়ার আগেই ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দর্শকের কাছে পরিচিতি পান ‘লি সিউ লুং’ নামে, যার অর্থ খুদে ড্রাগন।

বক্সিং রিং থেকে নাচের মঞ্চে ‘খুদে ড্রাগন’

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে পড়ার সময় একটি ঘটনাই প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়ে দেয়, ব্রুস লি সাধারণ কোনো ছাত্র নন। দুর্বিনীত আচরণে বিরক্ত হয়ে এক শিক্ষক, ব্রাদার এডওয়ার্ড, তাঁকে শাস্তি দিতে স্কুলের বক্সিং রুমে নিয়ে যান। উদ্দেশ্য ছিল কর্তৃত্ব প্রতিষ্ঠা। শিক্ষক তাঁকে রিংয়ে নামতে বলেন।

বাস্তবতা হলো, সে সময় ব্রুসের কোনো আনুষ্ঠানিক বক্সিং প্রশিক্ষণ ছিল না। কিন্তু রিংয়ের ভেতরে দাঁড়িয়েই তিনি নির্ভর করেন নিজের শেখা উইং-চুন কৌশল, দ্রুত পা চালনা আর আত্মবিশ্বাসের ওপর। কয়েক মিনিটের মধ্যেই অভিজ্ঞ শিক্ষককে পরাস্ত করেন তিনি।

শাস্তির বদলে সেখানে জন্ম নেয় বিস্ময়। ব্রাদার এডওয়ার্ড রাগ না করে মুগ্ধ হন এবং ব্রুসকে স্কুল বক্সিং দলে নেন। সেই বছরই আন্তবিদ্যালয় টুর্নামেন্টে তিন বছর ধরে অপরাজিত চ্যাম্পিয়নকে হারান ব্রুস লি।

এ সময়েই তাঁর মার্শাল আর্টে যুক্ত হয় আরেক গুরুত্বপূর্ণ মাত্রা, নৃত্য। খুব কম মানুষই জানেন, ব্রুস লি ছিলেন দক্ষ চা-চা নৃত্যশিল্পী এবং কিশোর বয়সেই হংকংয়ে চা-চা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

নাচ থেকে পাওয়া ভারসাম্য, পায়ের সূক্ষ্ম কাজ, শরীরের ঘূর্ণন পরে এসে মিশে যায় ব্রুসের মার্শাল আর্টে। ফলে তাঁর লড়াই হয়ে ওঠে শক্তির প্রদর্শন নয়; বরং গতি ও ছন্দে গড়া এক জীবন্ত কোরিওগ্রাফি। ১৮ বছর হওয়ার আগেই তিনি হংকংয়ে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। দর্শকের কাছে তাঁর নাম হয়ে ওঠে ‘লি সিউ লুং’ বা খুদে ড্রাগন।

শিশুশিল্পী থেকে মার্শাল আর্টের কিংবদন্তি

কৈশোরে রাস্তায় মারামারি ও স্থানীয় গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন ব্রুস। আত্মরক্ষার জন্য ১৩ বছর বয়সে মার্শাল আর্ট শেখা শুরু করেন। তাঁর শিক্ষক ছিলেন বিখ্যাত উইং চুন মাস্টার ইপ ম্যান।

১৯৫৯ সালে কয়েকটি মারামারির ঘটনা ও নিরাপত্তার উদ্বেগ থেকে মা-বাবা তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন। প্রথমে সান ফ্রান্সিসকো, পরে সিয়াটলে। সেখানে দর্শনশাস্ত্রে পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট শেখাতে শুরু করেন। ঐতিহ্যবাহী কৌশলের সঙ্গে নিজের দর্শন যুক্ত করে গড়ে তোলেন নিজস্ব মার্শাল আর্ট ধারা, জিত কুনে দো।

এ সময় লিন্ডা এমেরিকে বিয়ে করেন ব্রুস লি। তাঁদের দুই সন্তান, ছেলে ব্র্যান্ডন ও মেয়ে শ্যানন।

হলিউডে প্রশিক্ষক, অভিনয়ে বঞ্চিত

যুক্তরাষ্ট্রে ব্রুস লির পরিচিতি বাড়তে থাকে। হলিউডের বেশ কয়েকজন তারকা তাঁর কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন। তাঁদের মধ্যে ছিলেন স্টিভ ম্যাককুইন, জেমস কোবার্ন ও করিম আবদুল জব্বার। প্রশিক্ষক হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার প্রশিক্ষণের জন্য তিনি তখন ২৫০ ডলার পর্যন্ত পারিশ্রমিক নিতেন।

অভিনয়ের সুযোগও এসেছিল। ১৯৬৬ সালে টেলিভিশন সিরিজ ‘গ্রিন হর্নেট’–এ ‘কাতো’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান ব্রুস লি। কিন্তু হলিউডে এশীয় অভিনেতাদের জন্য সীমিত সুযোগ এবং গতানুগতিক চরিত্রে অভিনয়ের প্রস্তাবে হতাশ হন তিনি।

‘কুং ফু’ টেলিভিশন সিরিজের প্রধান চরিত্রেও ব্রুস লিকে নেওয়া হয়নি; চরিত্রটি পান শ্বেতাঙ্গ অভিনেতা ডেভিড ক্যারাডাইন। পরে হতাশ হয়ে হংকংয়ে ফিরে যান তিনি। সেখানে তাঁর জনপ্রিয়তা তখন তুঙ্গে। ‘গ্রিন হর্নেট’ হংকংয়ে ‘দ্য কাতো শো’ নামে পরিচিতি পেয়েছিল।

হংকংয়ে ফিরে বদলে দিলেন চলচ্চিত্রের ইতিহাস

হংকংয়ে ফিরে প্রযোজক রেমন্ড চৌয়ের সঙ্গে পরিচয় হয় ব্রুস লির। গোল্ডেন হার্ভেস্ট স্টুডিওর মাধ্যমে তাঁরা কুংফুভিত্তিক চলচ্চিত্রে নতুন ধারা তৈরির উদ্যোগ নেন। এই জুটি পরবর্তী কয়েক বছরে হংকংয়ের চলচ্চিত্রজগৎ বদলে দেন।

১৯৭১ সালে মুক্তি পায় ‘দ্য বিগ বস’। পরের বছর ‘ফিস্ট অব ফিউরি’ ও ‘ওয়ে অব দ্য ড্রাগন’। শেষের ছবিটি তিনি লিখেছিলেন, পরিচালনা করেছিলেন এবং অভিনয়ও করেছিলেন। ছবিগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক সাফল্য পায়। বিশ্বজুড়ে মার্শাল আর্টের জনপ্রিয়তা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখে তাঁর অভিনয়।

থাইল্যান্ডের পটভূমিতে নির্মিত ‘দ্য বিগ বস’ ছবিটি হংকংয়ের বক্স অফিসে আগের রেকর্ড ভেঙে দেয়। রাতারাতি তারকা হয়ে ওঠেন ব্রুস লি। পরের বছর মুক্তি পাওয়া ‘ফিস্ট অব ফিউরি’ ছবিটিও এশীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। বক্স অফিসেও সাফল্য পায়।

এসব ছবির সাফল্যে ব্রুস লির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এশিয়ার বাইরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও। তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক অ্যাকশন তারকা। এশীয় অভিনেতাদের জন্য পশ্চিমা চলচ্চিত্রের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেন তিনি।

মৃত্যুর আগেও একবার অচেতন হয়েছিলেন

ব্রুস লির মৃত্যুর রহস্যের সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১৯৭৩ সালের ১০ মে। সেদিন ‘এন্টার দ্য ড্রাগন’ সিনেমার সংলাপ আবার ধারণের কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে ফুলে গেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে বলা হয় সেরিব্রাল ইডিমা। তাঁকে ম্যানিটল দিয়ে চিকিৎসা করা হয়। কিছুদিন পর মস্তিষ্কের ফোলা ভাব কমে গেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

পরে যুক্তরাষ্ট্রের ইউসিএলএ মেডিক্যাল সেন্টারেও ব্রুস লিকে পরীক্ষা করা হয়েছিল। সেখানে তাঁর তীব্র ধরনের খিঁচুনি বা ‘গ্র্যান্ড মল সিজার’ শনাক্ত হয় বলে জীবনীগ্রন্থ ‘ব্রুস লি: আ লাইফ’–এ উল্লেখ করেছেন লেখক ম্যাথিউ পলি।

সুস্থ হওয়ার পর আবার নিজের কঠোর শরীরচর্চা ও খাদ্যাভ্যাসে ফিরে যান ব্রুস লি। শরীরচর্চা, খাবারদাবার—সবকিছুতেই ছিলেন নিয়মনিষ্ঠ। ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলতেন। নিয়মিত ভিটামিন সাপ্লিমেন্ট নিতেন। তাঁর খাবারের তালিকায় ছিল সবজি, ভাত, মাছ ও দুধ। তবে মাঝেমধ্যে মাথাব্যথার কথা বলতেন।

চিকিৎসকেরা ব্রুস লিকে গাঁজা বা হাশিশ সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, শরীরে চর্বির পরিমাণ খুব কম হওয়ায় মাদকের প্রভাব তাঁর ওপর বেশি হতে পারে। তবে এসব সতর্কতা তিনি কতটা মেনে চলেছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

যে বাসা থেকে আর বের হননি

১৯৭৩ সালের ২০ জুলাই হংকংয়ে বেশ ব্যস্ত সময় কাটছিল ব্রুস লির। দিনের বেশির ভাগ সময় প্রযোজক রেমন্ড চাউয়ের সঙ্গে আসন্ন চলচ্চিত্র ‘গেম অব ডেথ’ নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার সময় সিনেমার বিভিন্ন দৃশ্য অভিনয় করে দেখাচ্ছিলেন। প্রচণ্ড গরমের মধ্যেও ছিলেন বেশ প্রাণবন্ত।

এরপর ব্রুস যান তাইওয়ানের অভিনেত্রী বেটি টিং পেইয়ের অ্যাপার্টমেন্টে। সেখানে কী ঘটেছিল, তা নিয়ে পরবর্তী সময়ে নানা তথ্য সামনে আসে। ম্যাথিউ পলির বইয়ের জন্য দেওয়া সাক্ষাৎকারে বেটি টিং পেই নিজেকে ব্রুস লির বান্ধবী বলে পরিচয় দিয়েছিলেন। তিনি জানান, সেদিন তাঁরা একান্তে সময় কাটিয়েছিলেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং হাশিশও সেবন করেছিলেন।

সেদিন সন্ধ্যায় প্রযোজক রেমন্ড চাউয়ের সঙ্গে আবার দেখা করার কথা ছিল ব্রুসের। কিন্তু রাতের খাবারের আগে তাঁর মাথাব্যথা শুরু হয়। চাউয়ের ভাষ্য অনুযায়ী, ব্রুস তখন কিছুটা অসুস্থ বোধ করছিলেন। সিনেমার দৃশ্য অভিনয় করে দেখাতে গিয়ে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন বলেও জানান তিনি।

এ সময় বেটি টিং পেই তাঁকে একটি ব্যথানাশক ওষুধ দেন। এতে অ্যাসপিরিন ও মেপ্রোবামেট নামের একটি প্রশান্তিদায়ক উপাদান ছিল। ওষুধটি খেয়ে শুতে যান ব্রুস।

এরপর কয়েক ঘণ্টা কেটে গেলেও ব্রুস লি নিচে না আসায় বেটি টিং পেই তাঁকে দেখতে যান। তাঁকে অচেতন অবস্থায় পান। এরপর রেমন্ড চাউকে ফোন করেন। চাউ এসে তাঁকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়া পাননি। শেষ পর্যন্ত বেটি টিং পেইয়ের ব্যক্তিগত চিকিৎসককে ডেকে পাঠানো হয়। চিকিৎসক প্রায় ১০ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত্যুর খবর গোপন রাখতে চেয়েছিলেন প্রযোজক

ব্রুস লির মৃত্যুর পরবর্তী ঘটনাগুলোও রহস্য বাড়িয়েছে। তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। এ সময় রেমন্ড চাউয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

ম্যাথিউ পলির বইয়ে বলা হয়েছে, বেটি টিং পেইয়ের অ্যাপার্টমেন্টে ব্রুস লির মৃত্যুর খবর প্রকাশ পেলে পরিস্থিতি জটিল হতে পারে, এমন আশঙ্কা করেছিলেন চাউ। এ কারণে তিনি প্রথমে ব্রুস লির শরীরে পোশাক পরানোর চেষ্টা করেছিলেন, যাতে মরদেহ সেখান থেকে সরিয়ে নেওয়া যায়।

অ্যাম্বুলেন্স ডাকার পর ব্রুস লির স্ত্রী লিন্ডাকে ফোন করেন চাউ। তাঁকে হাসপাতালে আসতে বলেন। জানান, ‘আগেরবারের মতো কিছু একটা’ ঘটেছে। লিন্ডা হাসপাতালে পৌঁছে প্রথমে বিপাকে পড়েন। হাসপাতালের কর্মীরা তাঁর কথায় বিশ্বাস করতে পারছিলেন না। তাঁদের কেউ ব্রুস লির মৃত্যুর খবর জানতেন না।

অভ্যর্থনাকেন্দ্রের একজন কর্মী তাঁকে বলেছিলেন, ‘কেউ নিশ্চয়ই মজা করছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

এরপর লিন্ডা যখন বাড়িতে ফোন করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দেখতে পান, তাঁর স্বামীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ‘ব্রুসের মৃত্যু হতে পারে, এমনকি তিনি এরই মধ্যে মারা গেছেন, এমনটা আমার মাথায় কখনো আসেনি,’ পরে বলেছিলেন লিন্ডা। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে জানানো হয়, ব্রুস লি আর নেই।

ব্রুস লির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হংকংয়ের সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা হাসপাতালে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে রেমন্ড চাউয়ের প্রযোজনা প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, স্ত্রী লিন্ডার সঙ্গে বাড়ির বাগানে হাঁটার সময় অসুস্থ হয়ে পড়েন ব্রুস লি।

হাসপাতাল কর্তৃপক্ষও মস্তিষ্কে পানি জমে ফুলে যাওয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করে। পরে জানা যায়, ব্রুস লি নিজের বাড়িতে নয়, বেটি টিং পেইয়ের অ্যাপার্টমেন্টে অসুস্থ হয়েছিলেন। একজন সাংবাদিক অ্যাম্বুলেন্সের যাত্রার ঠিকানা খুঁজে বের করে বিষয়টি প্রকাশ করেন।

ব্রুস লির সন্তানদের প্রকৃত ঘটনা থেকে দূরে রাখতে রেমন্ড চাউ ও লিন্ডা ঘটনাপ্রবাহের নতুন একটি বর্ণনা তৈরি করেছিলেন বলে ম্যাথিউ পলির বইয়ে উল্লেখ রয়েছে।

সেখানে বলা হয়, ‘গেম অব ডেথ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য বেটি টিং পেইয়ের সঙ্গে ব্যবসায়িক বৈঠক করতে গিয়েছিলেন ব্রুস লি। কয়েক দশক ধরে এই বর্ণনাই প্রচলিত ছিল।

ময়নাতদন্তে যা জানা গেছে

মৃত্যুর পর ব্রুস লির ময়নাতদন্ত করা হয়। শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে দেখা যায়, মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে এর আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়েছিল।

প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে সেরিব্রাল ইডিমার কথা বলা হয়। তাঁর শরীরে গাঁজার অবশিষ্টাংশও পাওয়া গিয়েছিল। তবে মস্তিষ্কে পানি জমার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নিশ্চিত করা যায়নি।

রেমন্ড চাউয়ের দাবি ছিল, ওই ওষুধের একটি উপাদানের প্রতি অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ায় ব্রুস লির মস্তিষ্ক ফুলে গিয়েছিল। ব্রুস লির পরিবারও চিকিৎসাবিজ্ঞানের এই ব্যাখ্যা মেনে নেয়। মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তা (করোনার) সি কে ই টুং শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হিসেবে ‘ডেথ বাই মিসঅ্যাডভেঞ্চার’ উল্লেখ করেন; অর্থাৎ নিজের অজান্তে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ার কারণে মৃত্যু।

তবে এই ব্যাখ্যাও সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। ব্রুস লি এর আগে ওই ওষুধ খেয়েছিলেন কি না, ওষুধটির প্রতি তাঁর অতি সংবেদনশীলতা ছিল কি না, এসব বিষয় নিয়ে বিতর্ক থেকে যায়।

বিষ প্রয়োগ, মাফিয়া, নাকি পারিবারিক অভিশাপ

ব্রুস লির মৃত্যুর পর নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। একটি গুজব ছিল, মৃত্যুর সময় তাঁর শরীরে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা গিয়েছিল। হংকংয়ের এক আলোকচিত্রী মর্গের এক কর্মীকে ঘুষ দিয়ে মরদেহের ছবি তোলেন। ছবিতে ব্রুস লির মুখ ফুলে থাকতে দেখা যায়। এরপর তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, এমন তত্ত্ব ছড়িয়ে পড়ে।

আরেকটি গুজবে বলা হয়, এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় শক্তিশালী যৌন উত্তেজক ওষুধের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ব্রুস লি। পরে আত্মরক্ষার্থে ওই নারী তাঁকে হত্যা করেন। বেটি টিং পেই তাঁকে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করেছিলেন বলেও অভিযোগ ওঠে। এমনকি তিনি একটি গোপন সংগঠনের হয়ে কাজ করতেন, এমন দাবিও করেন কেউ কেউ।

ব্রুস লির মৃত্যুর জন্য ইতালি, চীন ও যুক্তরাষ্ট্রের মাফিয়া, তাঁর ভক্ত এমনকি পরিবারের সদস্যদেরও দায়ী করে নানা তত্ত্ব প্রচলিত হয়। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

হিটস্ট্রোক, অতিরিক্ত পানি পান—কোনটি কারণ

ষড়যন্ত্রতত্ত্বের বাইরে ব্রুস লির মৃত্যুর সম্ভাব্য চিকিৎসা–বৈজ্ঞানিক কারণ নিয়েও আলোচনা হয়েছে। ২০১৮ সালে প্রকাশিত ‘ব্রুস লি: আ লাইফ’ বইয়ে ম্যাথিউ পলি মৃত্যুর আরেকটি সম্ভাব্য কারণ হিসেবে হিটস্ট্রোকের কথা উল্লেখ করেন।

পলির ব্যাখ্যা অনুযায়ী, মৃত্যুর দিন হংকংয়ে প্রচণ্ড গরম ছিল। ক্যামেরার সামনে ঘামলে দেখা যাবে না বলে ব্রুস লি অস্ত্রোপচারের মাধ্যমে নিজের বগলের ঘামগ্রন্থি অপসারণ করিয়েছিলেন। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। মে মাসে তিনি বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা গরম একটি ঘরে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ঘটনাও হিটস্ট্রোকের তত্ত্বকে সামনে আনে।

২০২২ সালে ক্লিনিক্যাল কিডনি জার্নালে প্রকাশিত এক গবেষণায় আরেকটি সম্ভাবনা তুলে ধরেন কয়েকজন কিডনি বিশেষজ্ঞ। তাঁদের ধারণা, অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দিতে না পারায় ব্রুস লির রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। এর ফলে মস্তিষ্কে পানি জমে ফুলে যেতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।

গবেষকেরা ব্রুস লির জীবনযাপন, খাদ্যাভ্যাস, শরীরচর্চা, মাদক সেবন এবং মৃত্যুর দিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এই অনুমান করেছেন। তাঁদের মতে, শরীরে পানির ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে একাধিক ঝুঁকি কাজ করে থাকতে পারে। তবে এটি গবেষকদের একটি সম্ভাব্য ব্যাখ্যা, মৃত্যুর নিশ্চিত কারণ নয়।

ছেলের মৃত্যুর পর ফিরে আসে অভিশাপের গল্প

ব্রুস লির মৃত্যুর প্রায় ২০ বছর পর ১৯৯৩ সালে ছেলে ব্র্যান্ডন লির মৃত্যু নতুন করে পারিবারিক অভিশাপের গল্পকে আলোচনায় নিয়ে আসে। ‘দ্য ক্রো’ সিনেমার শুটিং চলাকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। একটি নকল বন্দুক থেকে সত্যিকারের গুলি বেরিয়ে তাঁর পেটে লাগে। বন্দুকটিতে গুলি থাকার কথা ছিল না। সরকারি তদন্তে তাঁর মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। ব্র্যান্ডনের বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।

বাবার মতো ছেলের মৃত্যুর পরও নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, ব্রুস লির জন্মের আগেই তাঁর বড় ভাই রহস্যজনক পরিস্থিতিতে মারা গিয়েছিলেন। এসব ঘটনা মিলিয়ে লি পরিবারের অভিশাপের ধারণাও ছড়াতে থাকে। তবে এই দাবির পক্ষেও নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।

‘ব্রুস আর নেই, তিনি আর ফিরবেন না’

ব্রুস লির পরিবার শুরু থেকেই তাঁর মৃত্যুর স্বাভাবিক ব্যাখ্যা মেনে নিয়েছিল। তাঁর স্ত্রী লিন্ডা বলেছিলেন, ‘যদিও আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাইনি, তবু স্বাভাবিক মৃত্যু ছাড়া অন্য কিছু নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি নিজেও তাঁর মৃত্যুর জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করি না। নিয়তি এমন কিছু বিষয় নির্ধারণ করে দেয়, যা আমাদের পরিবর্তন করার ক্ষমতা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রুস আর নেই। তিনি আর ফিরে আসবেন না।’

ব্রুস লির মৃত্যুর পরপরই মুক্তি পায় ‘এন্টার দ্য ড্রাগন’। ছবিটি তাঁকে বিশ্বজুড়ে আরও পরিচিত করে তোলে। পশ্চিমা দর্শকের কাছে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ছবিটির বড় ভূমিকা ছিল। যে সাফল্য তিনি দেখে যেতে পারেননি, মৃত্যুর পর সেই সাফল্যই তাঁকে চলচ্চিত্র ও মার্শাল আর্টের ইতিহাসে কিংবদন্তির আসনে বসিয়েছে। পরবর্তী সময়ে টাইম ম্যাগাজিন তাঁকে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে।

মাত্র ৩২ বছরের জীবনে ব্রুস লি যে প্রভাব রেখে গেছেন, তা শুধু সিনেমা বা মার্শাল আর্টে সীমাবদ্ধ নয়। শরীর, চিন্তা ও আত্ম-অন্বেষণকে একসূত্রে মিলিয়ে তিনি তৈরি করেছিলেন নিজস্ব দর্শন। তাঁর মৃত্যু নিয়ে বিতর্কের অবসান না হলেও বিশ্বজুড়ে তাঁর কাজ ও দর্শনের প্রতি মানুষের আগ্রহ আজও অটুট।

তথ্যসূত্র: ব্রুস লি ডটকম, বিবিসি, ব্রাইটার সাইড ডট নিউজ, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন, পিপল ডটকম, আইএমডিবি

সূত্র: প্রথম আলো