শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
৩৩৭ Shares
মায়ের বিয়ের গয়না, নানির সোনার চুড়ি আর হাতজুড়ে মেহেদি। নব্বইয়ের দশকের পশ্চিমা ফ্যাশনের সঙ্গে বাঙালি ঐতিহ্য মিলিয়ে কনে সেজেছেন পিয়া আহমেদ।

জার্মানিতে জন্ম ও বেড়ে ওঠা পিয়া আহমেদ পেশায় মডেল ও গয়নার নকশাকার। অক্টোবরের শেষ দিকে জীবনসঙ্গী হেলগের সঙ্গে বার্লিনে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন তিনি। ছোট্ট সেই আয়োজনে মিলেছে তাঁর জীবনের দুই সাংস্কৃতিক জগৎ—পশ্চিমা আধুনিকতা ও বাঙালি ঐতিহ্য। তাঁদের বিয়ের সাজ ও গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভোগ’–এর জার্মান, স্পেন ও ব্রিটিশ সংস্করণ।

বিয়েতে প্রচলিত সাদা গাউনের বদলে পিয়া বেছে নিয়েছিলেন জার্মান ফ্যাশন ডিজাইনার জিল স্যান্ডারের পুরোনো নকশার একটি সিল্কের পোশাক। সঙ্গে ছিল মায়ের বিয়ের গয়না, নানির রেখে যাওয়া সোনার চুড়ি, হেলগের দাদির ব্রোচ আর হাতজুড়ে মেহেদির নকশা। নব্বইয়ের দশকের ছিমছাম ফ্যাশনের সঙ্গে বাঙালি ঐতিহ্যের এই মেলবন্ধনই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ‘ভোগ’–এর প্রতিবেদনে।

দুই সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠাহ্যানোভার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেছেন পিয়া। জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতে হলেও তাঁর পারিবারিক শিকড় বাংলাদেশে। বাবার বাড়ি রাজশাহীতে, মায়ের ঢাকায়। পরিবারের সুবাদে ছোটবেলা থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় তাঁর। মা–বাবার সঙ্গে প্রতিদিন বাংলায় কথা বলেন। তবে বাংলা পড়তে বা লিখতে পারেন না। এ নিয়ে কিছুটা আক্ষেপও আছে তাঁর। পিয়া বলেন, ‘বাবা আর মায়ের কাছ থেকেই ভাষাটি শিখেছি। তবে আফসোস হয়, বাংলা পড়তে বা লিখতে পারি না। শুধু বলতে পারি।’

বর্তমানে নিজের গয়নার ব্র্যান্ড ‘পিআহ’ নিয়ে কাজ করছেন পিয়া। নিজের নাম ও পারিবারিক পদবির অংশ মিলিয়ে ব্র্যান্ডটির নাম রেখেছেন তিনি। পারিবারিক পদবির প্রতি বিশেষ টান আছে তাঁর। ‘ভোগ’কে পিয়া জানিয়েছেন, এই পদবি ছেড়ে দিলে নিজের পরিচয় ও সংস্কৃতির একটি অংশ হারিয়ে যাবে বলে মনে করেন তিনি। তাঁর নকশা করা গয়নায়ও পাশ্চাত্য ও দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রভাব দেখা যায়।

বিয়ের সাজে নব্বইয়ের দশকের ফ্যাশনবিয়েতে রাজকন্যার মতো সাদা গাউন পরার কোনো ইচ্ছাই ছিল না পিয়ার। বরাবরই নব্বইয়ের দশকের ছিমছাম ফ্যাশন তাঁর পছন্দ। জনপ্রিয় টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র চরিত্র ক্যারি ব্র্যাডশ ও বিয়াঙ্কা জ্যাগারের বিয়ের সাজ থেকে অনুপ্রেরণা নিয়েছেন তিনি। নব্বইয়ের দশকের র‍্যালফ লরেন ও জিল স্যান্ডারের রানওয়ে শোও প্রভাব ফেলেছে তাঁর পোশাক নির্বাচনে।

পুরোনো পোশাক কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ভিন্টেডে ঘণ্টার পর ঘণ্টা খুঁজে অবশেষে জিল স্যান্ডারের হালকা সাদাটে রঙের সিল্কের পোশাকটি পান পিয়া। ব্লেজারটি মাপে বেশ বড় ছিল। বাড়ির কাছের এক দরজির কাছে নিয়ে সেটি নিজের মাপে ঠিক করিয়ে নেন। পোশাকের সঙ্গে পরেছিলেন গুচির হিল জুতা। অন্যদিকে হেলগের পরনে ছিল নিজের মাপে তৈরি স্যুট ও ইভ সেন্ট লরাঁর লোফার।

গয়নায় দুই পরিবারের স্মৃতিপিয়ার বিয়ের সাজের সঙ্গে জড়িয়ে আছে দুই পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি। মা নিজের বিয়েতে পরা গয়না উপহার দিয়েছিলেন মেয়েকে। গত বছর মারা যাওয়ার আগে নানি নাতনির বিয়ের জন্য আলাদা করে রেখে গিয়েছিলেন একটি সোনার চুড়ি।

অন্যদিকে হেলগের বোন পিয়াকে উপহার দেন তাঁদের দাদির একটি ব্রোচ। ক্লোভার পাতার আদলে তৈরি সোনালি রঙের সেই ব্রোচ ব্লেজারের কলারে পরেছিলেন পিয়া।

পশ্চিমা ধাঁচের বিয়ের পোশাকের সঙ্গে নজর কেড়েছে পিয়ার দুই হাতের মেহেদির নকশাও।

বাঙালি বিয়েতে পরিবারের নারী সদস্য ও বান্ধবীদের নিয়ে মেহেদি পরার যে রীতি আছে, বার্লিনে তা হয়ে উঠেছিল মা–মেয়ের একান্ত মুহূর্ত। দুজন মিলে নিজেদের হাতে মেহেদি পরেছিলেন।

পিয়ার কাছে মেহেদির নকশা কতটা নিখুঁত হলো, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ঐতিহ্যের তাৎপর্য। তাঁদের পারিবারিক ও সাংস্কৃতিক বিশ্বাসে মেহেদি সুরক্ষা ও সুখী দাম্পত্য জীবনের সূচনার প্রতীক।

পরিচয় থেকে পরিণয়পড়াশোনার সময় ২০১৮ সালে পরিচয় হয় পিয়া ও হেলগের। একসময় হেলগে ছিলেন এশিয়ায়, পিয়া মাদ্রিদে। দূরে থেকেও সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন দুজন। ২০২৫ সালের ডিসেম্বরে থাইল্যান্ডে পিয়াকে বিয়ের প্রস্তাব দেন হেলগে। পুরো আয়োজনের পরিকল্পনা থেকে আংটি বেছে নেওয়া, সবই করেছিলেন হেলগে নিজে। পিয়ার জন্য বিষয়টি ছিল একেবারেই অপ্রত্যাশিত। সুন্দর সেই আবেগঘন মুহূর্তটি ছিল শুধুই তাঁদের দুজনের।

বার্লিনে বিয়ে সেরেছেন পিয়া ও হেলগে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুবান্ধব মিলিয়ে অতিথি ছিলেন মাত্র ২৫ জন। বিয়ের সন্ধ্যায় পিয়ার কাছে অন্যতম সুন্দর মুহূর্ত ছিল বাবার বক্তব্য।

আশির দশকের শেষ দিকে জার্মানিতে পাড়ি জমান পিয়ার বাবা। সেখানে তাঁর জীবন সব সময় সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে পরিবার গড়ে তোলা এবং এমন কিছু বন্ধু খুঁজে পাওয়া, যাঁরা পরিবারের মতোই আপন—এসব কথা উঠে এসেছিল তাঁর বক্তব্যে।

এবার বাঙালি রীতিতে বিয়ের আয়োজনের ইচ্ছাছোটবেলা থেকেই পিয়ার ইচ্ছা, একদিন বাঙালি রীতিতে বিয়ে করবেন। তাঁর কাছে বিয়ে কেবল বর–কনের উৎসব নয়; দুই পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে একত্র করার উপলক্ষও।

২০২৩ সালে বাংলাদেশ সফরের সময় হেলগেকে সঙ্গে আনতে চেয়েছিলেন পিয়া। তবে বিয়ের আগে যুগলের একসঙ্গে ভ্রমণের বিষয়ে নানির সায় ছিল না। নানির প্রতি সম্মান জানিয়ে সেবার একাই বাংলাদেশে এসেছিলেন তিনি।

এবার জীবনসঙ্গীকে নিজের আরেকটি স্বদেশ ঘুরিয়ে দেখাতে চান পিয়া। বাঙালি রীতিতে বড় পরিসরে বিয়ের আয়োজন করারও ইচ্ছা আছে তাঁর। কোথায় হবে সেই আয়োজন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য স্থানগুলোর একটি বাংলাদেশ।

বার্লিনের বিয়েতে পরিবারের সবাই উপস্থিত থাকতে পারেননি। বাংলাদেশে আয়োজন হলে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে একসঙ্গে পাওয়ার সুযোগ হবে। জার্মানিতে যাঁদের সঙ্গে বেড়ে উঠেছেন পিয়া, সেই বন্ধুদেরও নিজের বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান তিনি।

সেই আয়োজনে মেহেদি, চুড়ি ও শাড়ির মতো বাঙালি বিয়ের পরিচিত অনুষঙ্গ রাখতে চান পিয়া। দুই সংস্কৃতির প্রিয় মানুষগুলোকে একসঙ্গে দেখতে চান বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে। তবে অতিরিক্ত জাঁকজমক নয়, সবাইকে নিয়ে ঘরোয়া আবহে বিয়ের আয়োজনই তাঁর পছন্দ।

সূত্র: প্রথম আলো