‘একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে’— পাকিস্তানকে ভয় ভারত কোচের
২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নওশাদ মুসা। এবার তাঁর সামনে আরেকটি বিশেষ অর্জনের হাতছানি—কোচ হিসেবে ভারতকে সাফ চ্যাম্পিয়ন করানো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাতের ফাইনালে তাঁর দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের বেশির ভাগ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২৩ দলের। তবে তরুণদের সামর্থ্যেই পূর্ণ আস্থা নওশাদের। ফাইনালের আগে গতকাল টিম হোটেলে এমন অনেক বিষয় নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নওশাদ মুসা। সাক্ষাৎকার নিয়েছেন জহির উদ্দিন–
ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলার ইচ্ছার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান। এই ফাইনাল কতটা কঠিন হতে যাচ্ছে?
নওশাদ মুসা: আমার মনে হয়, এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছি। কিন্তু ফাইনালের পাকিস্তান আর গ্রুপ পর্বের পাকিস্তান এক নয়। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দলে যোগ দিয়েছে। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে পাকিস্তান নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আমাদের চেষ্টা থাকবে শেষ মিনিট পর্যন্ত লড়াই করার। শেষ পর্যন্ত কে জিতবে, কে হারবে, তা এখনই বলা কঠিন।
২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ জিতেছিলেন। এবার কোচ হিসেবে শিরোপার সামনে। এটাকে কীভাবে দেখছেন?
নওশাদ: হ্যাঁ, ২৯ বছর আগে খেলোয়াড় হিসেবে সাফ জিতেছিলাম। সেটি ছিল সাফে ভারতের দ্বিতীয় শিরোপা। এরপর ভারত অনেক ট্রফি জিতেছে। খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের আনন্দ ছিল অসাধারণ। তবে কোচ হিসেবে জিততে পারলে অনুভূতিটা হয়তো আরও বিশেষ হবে। কারণ, তখন পুরো দলের সাফল্যের সঙ্গে নিজের পরিকল্পনা ও পরিশ্রমেরও একটা যোগসূত্র থাকবে। তবে ঠিক কেমন লাগবে, সেটা এখনই বলতে পারছি না। আগে জিতি (হাসি)।
আপনার দলটিকে অনেকেই ভারতের দ্বিতীয় সারির দল বলছেন। এমন মন্তব্য কি খেলোয়াড়দের বাড়তি প্রেরণা জোগাচ্ছে?
নওশাদ: আমি এই দলকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখি না। এভাবে বললে মনে হতে পারে, অন্যদের তুলনায় আমরা দুর্বল। কিন্তু আমি বলব, এটাই ভারত ফুটবল দল! এই খেলোয়াড়েরাই ভারতের ভবিষ্যৎ। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ভালো ফুটবল খেলেই কিন্তু ফাইনালে উঠেছে। আমি সব সময় খেলোয়াড়দের বলেছি, বাইরে কে কী বলছে, তা নিয়ে চিন্তা না করে মাঠে নিজেদের প্রমাণ করতে। তাদের ওপর আমার শতভাগ বিশ্বাস আছে।
তারুণ্যনির্ভর একটা দল নিয়ে ফাইনালে ওঠা কি আপনার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে?
নওশাদ: অবশ্যই, এই দলটির জন্য ফাইনালে ওঠা অনেক বড় ব্যাপার। সবাই খুব রোমাঞ্চিত। এ পর্যায়ে এসেও তারা খুশি। এখন সামনে আরেকটি বড় সুযোগ। জিতলে এটা হবে আমাদের বিশেষ শিরোপা।
পাকিস্তান দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার আছেন। শক্তির বিচারে এটি কি তাদের বাড়তি সুবিধা দেবে?
নওশাদ: পাকিস্তান ভালো দল। তাদের কয়েকজন প্রবাসী ফুটবলার আছে, এটাও ভালো। হয়তো শারীরিক শক্তির দিক থেকে তারা আমাদের খেলোয়াড়দের চেয়ে এগিয়ে থাকতে পারে। তবে ফুটবল শুধু শারীরিক শক্তির খেলা নয়। এখানে কৌশল, বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও ব্যাপার আছে। আমার খেলোয়াড়েরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আক্রমণেও ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে। আমি বিশ্বাস করি, মাঠেই তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ ৪ মিনিটে ২ গোল হজম করেছিল ভারত। ফাইনালের আগে সেটি নিশ্চয়ই আপনাদের বাড়তি সতর্ক রাখবে...
নওশাদ: ফুটবলে মনোযোগ ধরে রাখা খুব জরুরি। আমরা পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে ৪ মিনিটে ২ গোল হজম করেছি। এ ধরনের ভুলের মূল্য দিতে হয়। প্রতিটি খেলোয়াড়কে ৯০ মিনিট মনোযোগী থাকতে হবে। প্রতিপক্ষ সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। আপনি একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে। ফাইনালে এ ধরনের ভুল করার সুযোগ নেই।
বাংলাদেশ–পাকিস্তান সেমিফাইনাল নিশ্চয়ই দেখেছেন। ম্যাচটি থেকে ভারতের জন্য কোনো বার্তা পেয়েছিলেন?
নওশাদ: ম্যাচটা আমি দেখেছি। বাংলাদেশ ভালোই খেলছিল। কিন্তু একটা সময় তাদের কিছুটা এলোমেলো মনে হয়েছে। ফুটবলে এমনই হয়। আপনি ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও প্রতিপক্ষ সুযোগ খুঁজবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলতে হবে। কখনো ভাবা যাবে না হেরে গেছি। আমাদের খেলোয়াড়দেরও বিষয়টি মাথায় রাখতে বলেছি।
ভারত–পাকিস্তান ম্যাচে মাঠের লড়াইয়ের বাইরেও বাড়তি আবেগ ও উত্তেজনা থাকে। আপনার কাছে এই দ্বৈরথ কতটা আলাদা?
নওশাদ: আমার কাছে সব ম্যাচই এক। দুই দেশের ফুটবলের ইতিহাস ও প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে মাঠে নামার পর আমাদের মনোযোগ থাকবে শুধু ফুটবলে। আবেগ–উত্তেজনা থাকাটা স্বাভাবিক, তবে শেষ পর্যন্ত মাঠের খেলাটাই সব।
সূত্র: প্রথম আলো
-
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
-
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬
-
‘একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে’— পাকিস্তানকে ভয় ভারত কোচের
-
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০
-
ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম
-
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস
-
শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
-
পাকিস্তান থেকে ফিরে বয়কটের মুখে, থামেনি রুনা লায়লার সংগীতযাত্রা
-
‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
-
আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন
-
পত্রিকা: 'নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা'
-
পুলিশে বড় নিয়োগের প্রস্তুতি: ৪০০০ এসআইয়ের বিজ্ঞপ্তি কবে, সুবিধা কী কী
-
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত কয়েকজন
-
রাশিয়া বুঝে ফেলেছে, ইউক্রেনের বিকল্প ফুরিয়ে আসছে