রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ এএম
৩৯৩ Shares
সাধারণত বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির পর কাঁকড়াদের যাত্রা শুরু হয়। বেশির ভাগ সময় অক্টোবর বা নভেম্বর মাসে বৃষ্টি নামে। তবে কখনো কখনো ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়

ভারত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপের নাম ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার এই দ্বীপে বছরের একটি নির্দিষ্ট সময়ে লাল রঙের কাঁকড়ারা দ্বীপ ছেড়ে চলে যায়। এত এত কাঁকড়া একসঙ্গে দেখলে মনে হতে বিশাল কোনো নদী বয়ে যাচ্ছে! দ্বীপের বনজঙ্গল ছেড়ে এই কাঁকড়ারা যায় সমুদ্রের দিকে। এই যাত্রায় দ্বীপের পথঘাট, সড়ক, এমনকি সেতুও ঢেকে যায় কাঁকড়ার দখলে।

কেন সমুদ্রের দিকে ছুটে যায় কাঁকড়ারা

ক্রিসমাস আইল্যান্ডের লাল কাঁকড়ারা সাধারণত দ্বীপের বনাঞ্চলে থাকে। কিন্তু প্রজননের সময় হলে তাদের যেতে হয় সমুদ্রের কাছে। সেখানে পৌঁছে পুরুষ ও স্ত্রী কাঁকড়ারা মিলিত হয় এবং স্ত্রী কাঁকড়া ডিম ছাড়ে। এই কাজের জন্যই প্রতিবছর এরা এই দীর্ঘ যাত্রা শুরু করে।

সাধারণত বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির পর কাঁকড়াদের যাত্রা শুরু হয়। বেশির ভাগ সময় অক্টোবর বা নভেম্বর মাসে বৃষ্টি নামে। তবে কখনো কখনো ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে দ্বীপের নানা জায়গা থেকে লাল কাঁকড়ারা নিজেদের গর্ত ছেড়ে বেরিয়ে আসে। এরপর শুরু হয় সমুদ্রের পথে তাদের অভিযান।

এই অভিযানে প্রথমে রওনা হয় পুরুষ কাঁকড়ারা। স্ত্রী কাঁকড়ারা পরে পথে তাদের সঙ্গে যোগ দেয়। কোটি কোটি কাঁকড়া যখন একই দিকে চলতে থাকে, তখন দ্বীপের বিস্তীর্ণ এলাকা লাল রঙে ঢেকে যায়। প্রতিটি কাঁকড়ার আকার প্রায় একটি কোমল পানীয়র ক্যানের সমান। এতগুলো কাঁকড়া একসঙ্গে চলার দৃশ্য যে কতটা বিস্ময়কর, তা সরাসরি না দেখলে বুঝবে না।

চাঁদের হিসাব মেনে চলে কাঁকড়ারা!

কাঁকড়াদের এই যাত্রার সময় শুধু বৃষ্টির ওপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িয়ে আছে চাঁদের হিসাবও। ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের তথ্য অনুযায়ী, চাঁদের বিভিন্ন দশার ওপর নির্ভর করে কাঁকড়াদের যাত্রার গতি ও সময় ঠিক হয়।

পার্কের কর্মীদের ভাষ্য অনুযায়ী, লাল কাঁকড়ারা চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে, ভোর হওয়ার আগেই ডিম ছাড়ে। আশ্চর্যের বিষয় হলো, এই নির্দিষ্ট সময়ের সঙ্গে মিলিয়ে তারা কখন নিজেদের গর্ত থেকে বের হবে, সেটিও যেন ঠিকঠাক জানে!

তবে শুধু চাঁদের হিসাব মিললেই হবে না, দরকার প্রথম বৃষ্টি। বৃষ্টি আর ডিম ছাড়ার উপযুক্ত সময়ের মধ্যে মিল না হলে কাঁকড়াদের পরিকল্পনায় পরিবর্তন আসে। বৃষ্টি যদি ঠিক উপযুক্ত সময়ের কাছাকাছি শুরু হয়, তাহলে কাঁকড়ারা খুব দ্রুত সমুদ্রের দিকে ছুটতে থাকে। আর বৃষ্টি যদি কিছুটা আগেই নামে, তাহলে তাদের তেমন তাড়া থাকে না। পথে থেমে খাবার খায়, পানি পান করে, তারপর আবার যাত্রা শুরু করে।

কিন্তু বৃষ্টি যদি এত দেরিতে নামে যে নির্দিষ্ট সময়ে ডিম ছাড়ার সুযোগ আর থাকে না, তাহলে কিছু কাঁকড়া নিজেদের গর্তেই থেকে যায়। পরের মাসে আবার যাত্রা শুরু করে তারা।

৯ দিনে পৌঁছায় সমুদ্রে

ক্রিসমাস আইল্যান্ডের প্রস্থ প্রায় ১২ মাইল। এই ছোট্ট দ্বীপজুড়ে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা চলে। বনাঞ্চল থেকে শুরু করে সমুদ্রের দিকে তাদের এই অভিযান শেষ হতে প্রায় নয় দিন সময় লাগে। এতগুলো কাঁকড়া যখন একসঙ্গে চলতে থাকে, তখন রাস্তা পার হওয়া থেকে শুরু করে মানুষের স্বাভাবিক চলাচল পর্যন্ত সবকিছুতেই প্রভাব পড়ে।

২০০৮ সালে বিখ্যাত প্রকৃতিবিদ ও তথ্যচিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবরো এই বার্ষিক কাঁকড়া অভিযানের কথা বলতে গিয়ে একে তাঁর টেলিভিশন জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করেছিলেন। প্রকৃতির এমন দৃশ্য যে কতটা অসাধারণ, তাঁর এই মন্তব্য থেকেই তা বোঝা যায়।

ঘরে বসেই দেখতে পারবে কাঁকড়াদের এই যাত্রা

এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এত দূরের দ্বীপে না গিয়েও কি এই দৃশ্য দেখা সম্ভব? সম্ভব। পার্কস অস্ট্রেলিয়া আগামী কয়েক দিন কাঁকড়াদের এই যাত্রা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে। প্রতিটি লাইভ সম্প্রচার হবে প্রায় ৬০ মিনিটের।

তবে কখন সম্প্রচার শুরু হবে, তা আগে থেকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, কাঁকড়ারা কখন সেতু পার হবে, সেটি পুরোপুরি নির্ভর করছে তাদের চলাচলের ওপর। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সকালে সরাসরি সম্প্রচারের চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত কাঁকড়ারাই ঠিক করবে, কোন দিন ও কখন তারা সেতু পেরোবে।

যে সেতু থেকে এই দৃশ্য ধারণ করা হবে, সেটির নাম রেড ক্র্যাব ব্রিজ। ব্যস্ত সড়ক পার হওয়ার সময় কাঁকড়াদের নিরাপদে চলাচলের সুযোগ করে দিতে এটি তৈরি করা হয়েছে। সেতুটি প্রায় ১৬ ফুট উঁচু। কাঁকড়াদের দল এই সেতু দিয়ে তিন থেকে চার দিন ধরে চলাচল করবে।

সূত্র: আইএফএল সায়েন্স

সূত্র: প্রথম আলো